ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছে: প্রধানমন্ত্রী


সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন যে, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, “যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল এবং দেশের শৌর্য, বীর্য, সাহস ও সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছিল।”

আগামীকাল ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী দিবসটি উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, “৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে ঐতিহাসিক দিনটি ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন।”

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জন্ম ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় একটি প্রবাদবাক্য প্রণিধানযোগ্য—“অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে দু’চোখই অন্ধ।” তাই সারাবেলা ইতিহাসচর্চায় মশগুল থাকা যেমন সমীচীন নয়, তেমনি ভবিষ্যতের পথ রচনায় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাও একটি ঐতিহাসিক ভুল।

তারেক রহমান বলেন, ইতিহাস সাক্ষী, দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে ১৯৭৫ সালের ৭ নভেম্বর পরাজিত সেই অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ ঘটিয়ে সেনাবাহিনীর গৌরব ও মর্যাদা ভূলুণ্ঠিত করেছিল। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। হাজারো শহিদের আত্মত্যাগ এবং বীর ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবশেষে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সাল ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ২০২৪ সালে যেভাবে সর্বস্তরের মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমে এসেছিল, একইভাবে ১৯৭৫ সালেও সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল।

ভবিষ্যতে যাতে কেউ দেশ ও জনগণের অধিকার হরণ করতে কিংবা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

তিনি বলেন, এ অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্য প্রয়োজন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হলে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের চেতনা মনে-প্রাণে ধারণ করতে হবে। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থান—ইতিহাসের বিভিন্ন সময়ে প্রতিটি বিপ্লব ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটাই। তা হলো, স্বাধীন বাংলাদেশে জনগণের সব গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর ও নিরাপদ কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণ।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত নস্যাৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সংঘটিত ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের এই ঐতিহাসিক দিনে দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের দীপ্ত উচ্চারণ হোক—“দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।”

৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনা বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে প্রেরণা ও পাথেয় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে অবরোধের কারণে বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ এম


সাজেকে অবরোধের কারণে বৌদ্ধ বিহারে চীবর দানোৎসব স্থগিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বনানী বন বিহারে বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায়, অবরোধের কারণে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হওয়ায় ভিক্ষু-শ্রমণ, দায়ক-দায়িকা ও দূরদূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের পক্ষে এতে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।

বাঘাইহাট বনানী বন বিহারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বনানী বন বিহারে ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য শুভ কঠিন চীবর দানোৎসব অনিবার্য কারণে বাতিল ঘোষণা করা হয়েছে। ২ নভেম্বর কঠিন চীবর দান উদযাপন কমিটির এক সিদ্ধান্তক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব দায়ক-দায়িকা, ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা, ভক্ত ও শুভানুধ্যায়ীদের বিষয়টি অবগত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

বাঘাইহাট বনানী বন বিহার পরিচালনা কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা জানিয়েছেন, "সাজেকের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কঠিন চীবর দানোৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "একটি ধর্মীয় অনুষ্ঠান করতে কমপক্ষে ১০ হতে ১৫ দিন আগে থেকে প্রস্তুতি লাগে। কিন্তু সাজেকের বর্তমান পরিস্থিতির কারণে মানুষজনের উপস্থিতিও কম, সাজেক সড়কে যান চলাচল বন্ধ, বাজারও মিলছে না।" এসব কারণে এবারে কঠিন চীবর দানোৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সন্তু লারমা গ্রুপের জেএসএস সদস্যদের সাজেক এলাকা থেকে নিতে ও সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে ১৪তম দিন শুক্রবার সাজেক সড়কে অবরোধ পালিত হয়েছে। অবরোধটি শান্তিপূর্ণভাবে পালিত হলেও বড় ধরনের যানবাহন চলাচল করেনি।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানিয়েছেন, "সাজেকে শান্তিপূর্ণ অবরোধ পালিত হয়েছে।" তিনি জানান, মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি মাঝেমধ্যে চলাচল করলেও বড় ধরনের যানবাহন চলাচল করেনি।

উল্লেখ্য, সাজেক পর্যটনকেন্দ্র সড়কে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত ২৬ অক্টোবর সংকট নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে উজোবাজারে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।

বিক্ষুব্ধদের ৫ দফা দাবির মধ্যে চার দফা দাবি প্রশাসন মেনে নিলেও বাকি একটি দাবি নিয়ে একমত না হওয়ায় বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলোচনা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর ক্যানসার জয়ী ব্লেয়ার টিকনারের নতুন জীবনবোধ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ এম


স্ত্রীর ক্যানসার জয়ী ব্লেয়ার টিকনারের নতুন জীবনবোধ

নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার ক্যারিয়ারের শুরুতে পারফরম্যান্সের চাপ এবং প্রত্যাশার বেড়াজালে বন্দি থাকতেন, কিন্তু বর্তমানে তিনি আর সেভাবে ভাবেন না। স্ত্রীর ক্যানসারের সঙ্গে দীর্ঘ ও কঠিন লড়াই তার জীবনবোধকে সম্পূর্ণরূপে পরিবর্তন করেছে। এখন তার কাছে ক্রিকেট শুধুমাত্র উপভোগের একটি মাধ্যম, এবং জীবনের সবচেয়ে বড় চাবিকাঠি হলো পরিবার।

৩৩ বছর বয়সি এই পেসার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে তার জীবনের এই ঘুরে দাঁড়ানোর গল্প শেয়ার করেছেন। ২০২৪ সালের এপ্রিলে টিকনারের স্ত্রী সারাহর লিউকেমিয়া (রক্তের ক্যানসার) ধরা পড়ে। এরপর টানা আট মাস ধরে চলে তার জীবনযুদ্ধ। ওই বছরের বড়দিনের আগের দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সারাহ। বর্তমানে রোগটি প্রশমিত অবস্থায় রয়েছে। স্ত্রীর সেই কঠিন সময়টি টিকনারের জীবনের অন্যতম কঠিন অধ্যায় ছিল।

নিজের অনুভূতি প্রকাশ করে টিকনার বলেন, ‘আমার জীবনটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। পুরোটা সময়ে সারাহ ও আমার পরিবারকে পাশে পাওয়া অসাধারণ ব্যাপার। ক্যারিয়ারের শুরুতে আমি অনেক চাপ অনুভব করতাম। এরপর সারাহর ক্যানসারের চিকিৎসার কঠিন সময় এসেছে। আর এখন মনে হচ্ছে, জীবনের নতুন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি। জীবনে অনেক কিছুই ক্রিকেটের চেয়ে বড়। এই কঠিন সময় আমাকে সেই উপলব্ধিটাই দিয়েছে।’

তিনি আরো যোগ করেন, ‘আমি সব সময় মুখে হাসি নিয়ে খেলতে চেষ্টা করি। কারণ জীবনটা যে শুধু ক্রিকেট নয়, সেটা আমি বুঝেছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু দিন শেষে আমি যখন বাড়ি ফিরি, তখন আমার স্ত্রী ও মেয়েকে পাশে পাই। তাদের নিয়ে আমি ভীষণ সুখী এবং নিজেকে ভাগ্যবান মনে করি। তাই আমার কাছে ক্রিকেটের চেয়েও পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড দল খুব একটা ভালো করতে পারেনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে কিউইরা। তবে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দারুণ এক ইনিংস খেলে সমর্থকদের চমকে দেন টিকনার। মাত্র ২৩ বলে অপরাজিত ৩৪ রানের লড়াকু ইনিংস খেলার সঙ্গে শেষ উইকেটে জ্যাকব ডাফির সঙ্গে গড়েন মূল্যবান ৪১ রানের জুটি।

ব্যাটিংয়ে এমন দারুণ পারফরম্যান্সের পর রসিকতা করতেও ছাড়েননি এই পেসার। মজা করে নিজের ব্যাটিং অর্ডার আরো ওপরে তোলার ইচ্ছার কথা জানিয়ে টিকনার বলেন, ‘মাঠে নামার আগে কয়েকটি কথা হয়েছিল। গতবার এখানে ইংল্যান্ডের বিপক্ষে ভালো ব্যাটিং করেছিলাম। তাই ডাফিকে একটু খোঁচা দিয়েছি। ১০ নম্বরে উঠতে পারলে খুশি হব। তবে ধীরে ধীরে তিন নম্বরেও যেতে চাই।’

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের ম্যাচে বল হাতে ৪ উইকেট নেওয়ার সঙ্গে অপরাজিত ১৮ রান করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

ভারতের বিপক্ষে আসন্ন দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের সহায়ক উইকেট চান টিকনার। তিনি আশা প্রকাশ করেন যে পিচ থেকে বোলাররা বাড়তি সুবিধা পাবে। টিকনারের ভাষায়, ‘বোলার হিসেবে আমি এমন উইকেটই চাই। ৪০০ রান তাড়া করে আরেকটি ৪০০ রানের ম্যাচ দেখতে চাই না। আশা করি, এবার বাড়তি বাউন্স থাকবে এবং পিচ থেকে বল কিছুটা নড়াচড়াও করবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’, তিতাসের স্ত্রীর আহাজারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ এম


‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’, তিতাসের স্ত্রীর আহাজারি

‘মা, আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো।’ রেখা বেগমের ছেলে তিতাস শেখের সঙ্গে এটাই ছিল শেষ কথোপকথন। গত বুধবার রাতে কক্সবাজারের টেকনাফে কর্মরত সেনাসদস্যের সঙ্গে কথা বলার সময় এই কথাগুলো বলেছিলেন তিনি। এখন সেই স্মৃতি রেখা বেগমকে তাড়া করে ফিরছে। সন্তানের শোকে তিনি পাগলপ্রায় হয়ে উঠেছেন। তিতাসের স্ত্রী সুমাইয়া আক্তারও স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ অবস্থায় আছেন। একইভাবে বাবাও আফজাল শেখের চোখে অশ্রু ঝরছে অবিরাম।

শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, তিতাসের স্বজনদের কান্না-আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাঁদের শোক প্রতিবেশী ও সহকর্মীদেরও ছুঁয়ে গেছে। গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন পাহাড়ে অভিযানে অংশগ্রহণ করেন তিতাস। সেখানে মানব পাচারকারীদের গুলিতে তিনি নিহত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। এই অভিযানের সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লস্করদিয়া গ্রামের আফজাল শেখের তিন ছেলেমেয়ের মধ্যে সবার বড় তিতাস। তাঁর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। ছোট ভাই আকাশ শেখও সেনাবাহিনীতে কর্মরত আছেন। স্বজনদের কাছ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিতাস। তিনি ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী সেনা ক্যাম্পে কর্মরত ছিলেন। দুই মাসের ছুটি কাটিয়ে গত ২৮ সেপ্টেম্বর কর্মস্থলে ফেরেন তিনি।

চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারকে বিয়ে করেন তিতাস। তাঁদের কোনো সন্তান নেই। আগামী ডিসেম্বরে স্ত্রীকে কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু একটি গুলিতে থেমে গেল তিতাসের পথচলা।

স্বামীকে হারিয়ে দীর্ঘ সময় কথাই বলতে পারেননি সুমাইয়া। তাঁকে থেমে থেমে বিলাপ করতে শোনা যায়। তিনি বলছিলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’

সন্তানের শোকে পাগলপ্রায় মা রেখা বেগমও। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে শেষ কথোপকথন হয় তাঁর। তিতাস বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো, মা।’ ছেলের এই কথাই যে শেষ কথা হয়ে থাকবে, তা তিনি কখনো ভাবেননি। এ কথা বলতে গিয়ে তিনি বিলাপ শুরু করেন।

শুক্রবার বিকেল ৪টা ৪১ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তিতাসের মরদেহ নগরকান্দা সদরের মাহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে পৌঁছায়। পদ্মা সেনানিবাস ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক মেজর সোহেল আহমেদের নেতৃত্বে একটি দল মরদেহ গ্রহণ করে। পরে অ্যাম্বুলেন্সে করে তা নেওয়া হয় লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে।

মাগরিবের নামাজের পর সেখানে তিতাসের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ বাড়িতে নেওয়া হয়। স্বজনদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। সন্ধ্যা পৌনে সাতটায় লস্করদিয়া পশ্চিমপাড়া কবরস্থানে দাদির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সাতজন সৈনিক তিন দফায় ২১টি গুলি ছুড়ে সেনাসদস্য তিতাসকে শেষ বিদায় জানান।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তিতাসের মামা ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল তালুকদার। ভাগনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘দেশকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে আর কারও সন্তানকে এভাবে প্রাণ দিতে হবে না। কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়।’

এ ছাড়া বক্তব্য দেন রঙ্গীখালী আর্মি ক্যাম্পের ১ বীর ইউনিটের ক্যাপ্টেন সাজিদ, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামদানি রাসুল আযাদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটালেন ক্রিস লিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৫ এম


কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটালেন ক্রিস লিন

অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ক্রিস লিন এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন, যেটি ডোপ টেস্টে নিষিদ্ধ মাদক ‘কোকেন’ সেবনের প্রমাণ মেলার পর কার্যকর হয়েছিল। এই তথ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন তদারকি সংস্থা 'ক্রিকেট রেগুলেটর'-এর প্রকাশ করা নথিতে উঠে এসেছে।

ঘটনাটি ঘটে গত জুলাই মাসে। ১৮ জুলাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডে-তে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলার পর লিনের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ফ্রান্সের বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)-র স্বীকৃত ল্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করা হলে কোকেনের মেটাবোলাইট ‘বেনজোইলেকগোনিন’-এর উপস্থিতি ধরা পড়ে।

ঘটনার পরপরই লিনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার পরে ক্রিকেট রেগুলেটরের কাছে নিজের ভুল স্বীকার করেন। তিনি জানান, ১৫ জুলাই রাত থেকে ১৬ জুলাই ভোরের মধ্যবর্তী সময়ে তিনি কোকেন সেবন করেছিলেন। ডোপিং আইন ভঙ্গের কারণে শাস্তি পাওয়ার পর তিনি প্রয়োজনীয় পুনর্বাসন ও নির্দিষ্ট মেয়াদের নিষেধাজ্ঞা শেষ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%