ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের আন্দোলন, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি


মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে অবসরপ্রাপ্তদের আন্দোলন, চিকিৎসা ও উৎসব ভাতার দাবি

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান, গণজমায়েত ও ঘেরাও কর্মসূচি পালন করছেন। তারা অবসর-পরবর্তী সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। তাদের দাবির মধ্যে চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পুনঃপেনশন চালু করার দাবি রয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর-২ এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ফটকের সামনে তাদের অবস্থান করতে দেখা যায়। এই কর্মসূচির আয়োজন করেছে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ, যেখানে সংগঠনটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীরা দাবি করছেন, ২০০৪, ২০১৬ ও ২০১৮ সালে সরকার ঘোষিত প্রজ্ঞাপন বাস্তবায়নের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও পুনঃপেনশন সুবিধা নিশ্চিত করতে হবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, এবং এ সময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিলেটে রাবার বাগান থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার পর আন্দোলনকারীরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের দুটি ফটকের সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি শুরু করেন। এ সময় ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, কর্মসূচিকে কেন্দ্র করে আশপাশের সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, "আমরা ঘটনাস্থলে আছি। এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে খেয়াল রাখছি।"

আরও পড়ুন: পাবনায় অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেপ্তার ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা আইজিপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


আসন্ন দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা আইজিপির

আইজিপি মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় তিনি এ মন্তব্য করেন।

আইজিপি উল্লেখ করেন, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রাক-পূজা, পূজাচলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।

পূজাকে কেন্দ্র করে কোনো মহল বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেই লক্ষ্যে সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ নিশ্চিত করার জন্য সকলকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইজিপি আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপূজা নিরাপদে আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, এসআরইউ'র অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. রেজাউল করিম, এসআরবি মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি জি এম আজিজুর রহমান, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. সায়েদুর রহমান, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মো. জিল্লুর রহমান, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ, এসবি প্রধান (অতিরিক্ত আইজি) মো. কামরুল আহসান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রমেশ দত্ত, ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান কল্যাণ ফ্রন্ট জয়দেব রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, অপপ্রচার, গুজব বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং নিয়মিত পূজামন্ডপ পরিদর্শনের জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য পুলিশ সচেষ্ট রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।

পূজা চলাকালে সিসিটিভি সক্রিয় রাখা, পূজামন্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ড বাই জেনারেটরের ব্যবস্থা রাখা, প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।

দুর্গাপূজা চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিটে সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে। উল্লেখ্য, এ বছর প্রায় ৩৩ হাজার পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শাবিপ্রবি শিক্ষার্থী সাদমান রহমান নাবিলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


মোটরসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না শাবিপ্রবি শিক্ষার্থী সাদমান রহমান নাবিলের

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনার কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে, বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে।

নিহত শিক্ষার্থীর নাম সাদমান রহমান নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সাদমানের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায় অবস্থিত। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে বসবাস করতেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে সাদমান মোটরসাইকেল নিয়ে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন। তপোবন আবাসিক এলাকার সামনে মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা সাদমানের সহপাঠী ও ক্যাম্পাসের অন্যান্য শিক্ষার্থীদের ফোন করে ঘটনাটি জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাদমানকে প্রথমে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমানের বরাতে জানা গেছে, সাদমানের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশবাহী গাড়ির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন।

জালালাবাদ থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের সময় নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে চায় সংসদীয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


আ.লীগের সময় নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে চায় সংসদীয় কমিটি

সংসদীয় কমিটি জনগণের স্বার্থে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে, যা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নেওয়া ‘অপ্রয়োজনীয়’ ও ‘দুর্নীতির উদ্দেশ্যে’ গ্রহণ করা প্রকল্প বাদ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। একই সঙ্গে, উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিতকরণ এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প, ডেঙ্গু পরিস্থিতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়।

রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এ. কে. এম. সেলিম রেজা হাবিব সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

কমিটির সভাপতি বলেন, “জনগণের স্বার্থে যে প্রকল্পগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়ন করা এবং বিগত ফ্যাসিস্ট আমলে অপ্রয়োজনীয় ও দুর্নীতির জন্য যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেগুলো বাদ দিয়ে জনগণের স্বার্থে যেসব প্রকল্প গ্রহণ করা প্রয়োজন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা গুরুত্বারোপ করেছি। যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি এবং পদায়নের জন্য গুরুত্বারোপ করেছি।”

উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সেলিম রেজা হাবিব বলেন, “আমরা বলেছি, যেন সব কাজ টেকসই হয়। রাস্তাঘাট থেকে শুরু করে যা-ই নির্মাণ করা হোক, এগুলোর গুণগত মান যেন ঠিক থাকে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন, যেকোনো উন্নয়নমূলক কাজ সমাপ্তির পরে তিন বছর সেই বাস্তবায়নকারী সংস্থাকে মেরামতের দায়িত্ব নিতে হবে। এটি বাস্তবায়িত হলে গুণগত মান ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন জটিল ও ঝুঁকিপূর্ণ। এ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি প্রয়োজন, সে ক্ষেত্রে বাহিনী এখনো মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত নয় বলে কমিটি মনে করে। এ কারণে কিছুটা সময় নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে বলা হয়েছে। তবে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথাও বলেছে কমিটি। আগামী বছরের প্রথম দিকেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কমিটির সভাপতি বলেন, সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রতি শনিবার দক্ষিণ প্লাজা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সারা দেশে এ কর্মসূচি চলছে। তিনি বলেন, “এবার কিন্তু যেভাবে প্রতিবছর মশার যে পরিমাণ উপদ্রব ছিল, এবার কিন্তু সেটি ওইভাবে নেই। কিন্তু ডেঙ্গু কেন যেন এই মাত্রাটা অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন। কারণটা কী? অতীতে ছিল যে মশার তাড়নায় কেউ ঘুমাতে পারেনি। কিন্তু এখন মশা নিয়ে এ রকম কোনো পত্রিকায় আমরা লেখালেখি দেখি না। কিন্তু ডেঙ্গু যাদের হচ্ছে, তাদের মারাত্মক আকার ধারণ করছে। এটির ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করি, এগুলোর সমাধান হবে।”

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দেশের বিভিন্ন স্থানে আর্সেনিকযুক্ত এলাকা চিহ্নিত করে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, গ্রামীণ সড়ক ও রাস্তাঘাট নির্মাণকাজের গুণগত মান, স্থায়িত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টি হিসেবে জামানত গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি নির্মাণকাজের তদারকি জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটির সভাপতি এ. কে. এম. সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ. টি. এম. আজহারুল ইসলাম এবং রফিকুল ইসলাম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারো কৃষকের ভালোবাসায় বিদায় নিলেন নানা পাটেকর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


হাজারো কৃষকের ভালোবাসায় বিদায় নিলেন নানা পাটেকর

বলিউডের তারকাদের উপস্থিতির তুলনায় কৃষকদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষবিদায়ে বেশি আলোচিত হয়েছে। যদিও তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন না, সেখানে হাজির ছিলেন কয়েক হাজার কৃষক। এই বিষয়টি মারাঠি চলচ্চিত্র নির্মাতা প্রবীণ তার্ডেকে আবেগাপ্লুত করেছে।

৮ অক্টোবর গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। পরে পুনের কাছে তাঁর গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়। জ্যাকি শ্রফ, সুরেশ ওয়াড়কর, আনিস বাজমি ও সাজিদ নাদিয়াদওয়ালার মতো কিছু পরিচিত মুখ শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, তবে বলিউডের অনেক তারকার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

নির্মাতা প্রবীণ তার্ডে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, যারা নানা পাটেকরকে বন্ধু বলে পরিচয় দিতেন, তাঁদের অন্তত শেষবিদায়ের সময়ে পাশে থাকা উচিত ছিল। তবে তিনি উল্লেখ করেন, তারকাদের অনুপস্থিতি দিয়ে এই অভিনেতার জীবনের মূল্যায়ন করা সম্ভব নয়।

প্রবীণ তার্ডে বলেন, "বলিউডের মানুষজন উপস্থিত না থাকলেও নানার মহানুভবতা কমে যায় না।" তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় কৃষকদের উপস্থিতি উল্লেখ করে নির্মাতা বলেন, "মাটির সঙ্গে মিশে থাকা এই মানুষদের ভালোবাসা ছিল অত্যন্ত মূল্যবান।" তিনি আরও বলেন, পর্দার খ্যাতির চেয়ে মানুষের জন্য কাজ করা এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অভিনয়ের পাশাপাশি কৃষকদের কল্যাণে নানা পাটেকরের ভূমিকা তাঁকে বহু মানুষের শ্রদ্ধা অর্জনে সহায়তা করেছে। কৃষকদের দুর্দশা, ঋণের বোঝা ও আত্মহত্যার ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এ কারণে অসহায় কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগেও তিনি যুক্ত ছিলেন।

নানা পাটেকরের শেষবিদায়ে কৃষকদের উপস্থিতি আবারও স্মরণ করিয়ে দিয়েছে, একজন শিল্পীর প্রকৃত পরিচয় কেবল তাঁর অভিনয় কিংবা তারকাখ্যাতিতে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের জীবনে তাঁর অবদান ও ভালোবাসার বন্ধনও তাঁকে স্মরণীয় করে রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%