১২:৩৫ পি.এম
শীতকালে দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ চার মাসের জন্য বিভিন্ন কড়াকড়ি আরোপ করেছে। নতুন নিয়মের প্রথম দিন রবিবার, কর্তৃপক্ষ মোট ৬৮ লাখ ৪০ হাজার রুপি জরিমানা এবং পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে। রাজধানীতে ঢুকতে চাওয়া অন্তত ১৫ হাজার গাড়ির পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৫৩৯টি গাড়িকে সীমানা পারাপারের পয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট (পিইউসি) না থাকার কারণে ৫৬৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার বিকেল ৫টা পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী, পিইউসি না থাকার জন্য ৫৬ লাখ ৬০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। দিল্লির সীমানায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য ২ লাখ রুপি জরিমানা ধার্য করা হয়েছে এবং নির্মাণ ও ধ্বংস সংক্রান্ত বিধি লঙ্ঘনের জন্য ৯ লাখ ৮০ হাজার রুপি পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, দিল্লির বাইরে নিবন্ধিত যে সব যানবাহন ভারত স্টেজ-৬ (বিএস-৬) নির্গমন মানদণ্ড পূরণ করে না, সেগুলো দিল্লিতে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা কার্যকর করার অংশ হিসেবে, দিল্লি ট্রাফিক পুলিশ এবং পরিবহন বিভাগ ১৪ হাজার ৯৩০টি যানবাহন পরীক্ষা করেছে, যার মধ্যে প্রায় ১০.৩১ শতাংশ গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সময় ১২৭টি চালান ইস্যু করা হয়েছে এবং ৬২টি গাড়ি জব্দ করা হয়েছে। দিল্লি ট্রাফিক পুলিশের এনফোর্সমেন্ট টিম ২ লাখ রুপি জরিমানা করেছে।
আরও পড়ুন: কুয়েতে কাগজে ভিজিয়ে মাদক পাচারের চেষ্টায় ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড
ফিরিয়ে দেওয়া যানবাহনের মধ্যে ১৪০টি হালকা মোটর যান, ৫৪টি হালকা বাণিজ্যিক যান, ৯৫টি ভারী পণ্যবাহী যান এবং ৩৪টি বাস অন্তর্ভুক্ত ছিল। পরীক্ষা করা ১ হাজার ৪২৩টি দুই চাকার যান, তিন চাকার যান এবং অন্যান্য যানবাহনের মধ্যে ৭৮৯টি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ৩৮টি জব্দ করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট গন্তব্যহীন আরও ৭ হাজার ২৭৯টি যানবাহন পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩১৪টি ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কোনো চালান ইস্যু করা হয়নি। সিএনজিচালিত যানবাহন, বৈদ্যুতিক যানবাহন এবং জরুরি পরিষেবার সাথে জড়িত গাড়িগুলোকে এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মোট ৭৪০টি যানবাহন যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বৈধ পিইউসি ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে একটি আলাদা অভিযানে কর্তৃপক্ষ ৫৬৬টি চালান ইস্যু করেছে এবং ৫৬ লাখ ৬০ হাজার রুপি জরিমানা করেছে। দিল্লি ট্রাফিক পুলিশ ৪৯৩টি চালান ইস্যু করে ৪৯ লাখ ৩০ হাজার রুপি এবং পরিবহন বিভাগ ৭৩টি চালান ইস্যু করে ৭ লাখ ৩০ হাজার রুপি জরিমানা করেছে। নির্মাণ এবং ধ্বংসের স্থানগুলোতে ধূলিদূষণ বিরোধী অভিযানের ফলস্বরূপ ৯ লাখ ৮০ হাজার লাখ রুপি পরিবেশগত ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৩০০টি নির্মাণ সাইট পরিদর্শন করা হয়েছে, যার মধ্যে ৩২টি সাইটে ধূলি নিয়ন্ত্রণ নীতি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৫০০ বর্গমিটারের বেশি প্লট আয়তনের ৯১টি বড় সাইট ছিল, যার মধ্যে ১৬টিতে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। বড় সাইটগুলোর মধ্যে দুটি বন্ধের নির্দেশ এবং চারটিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে, পাশাপাশি ৪ লাখ রুপি পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
আরও পড়ুন: নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করার পদ্ধতি জানুন
৫০০ বর্গমিটারের কম প্লট আয়তনের ২০৯টি ছোট সাইটের মধ্যে ১৭টিতে নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। কর্তৃপক্ষ ১৫টি বন্ধের নির্দেশ এবং ১৫টি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, সঙ্গে ৫ লাখ ৮০ হাজার রুপি পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে।
সব মিলিয়ে, পরীক্ষাকৃত ৩০০টি সাইটের মধ্যে ১৭টি বন্ধের নির্দেশ এবং ১৯টি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে এবং ৯ লাখ ৮০ হাজার রুপি পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। অব্যাহতি প্রাপ্ত অবকাঠামো প্রকল্পগুলোতে ধূলি নিয়ন্ত্রণ নীতি লঙ্ঘনের কোনো খবর পাওয়া যায়নি।
দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এক্স-এ এক পোস্টে জানিয়েছেন যে, এনফোর্সমেন্ট টিমগুলো যানবাহনের প্রবেশ নিষেধাজ্ঞা, পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট নীতি এবং নির্মাণক্ষেত্রের ধূলি সংক্রান্ত নিয়মগুলো মেনে চলা হচ্ছে কিনা তা পরীক্ষা করছে। তিনি উল্লেখ করেছেন, ‘আজ (রোববার) ১৪ হাজার ৯৩০টি যানবাহন পরীক্ষা করা হয়েছে, ৫৬৬টি পিইউসি চালান দেওয়া হয়েছে এবং ৩০০টি সাইট পরিদর্শন করা হয়েছে। আপনার পিইউসি বৈধ রাখুন, প্রবেশের নিয়ম এবং ধূলি সংক্রান্ত বিধি মেনে চলুন। পরিচ্ছন্ন বাতাসের এই লড়াইয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’
বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উইন্টার অ্যাকশন প্ল্যানের অধীনে এই বিধিনিষেধগুলো ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিভিন্ন মেয়াদে কার্যকর থাকবে।
আরও পড়ুন: জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজান
দিল্লির বাইরে নিবন্ধিত প্রাক-বিএস-৬ যানবাহনগুলো আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জাতীয় রাজধানীতে প্রবেশ করতে পারবে না। নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় সরকারি অবকাঠামো প্রকল্প ছাড়া ধূলি উৎপাদনকারী সমস্ত ধ্বংসকাজ এবং বাইরের দেওয়ানি নির্মাণ কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট কিছু অব্যাহতি ছাড়া নির্মাণ ও ধ্বংসকাজের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুরো দিল্লিজুড়ে অনুমোদিত পার্কিং লটগুলোতে পার্কিং ফি দ্বিগুণ করা হয়েছে।
১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসগুলোতে সশরীরে উপস্থিতি ৫০ শতাংশে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, বাকি কর্মচারীরা বাসা থেকে কাজ করবেন। তবে জরুরি ও অতীব প্রয়োজনীয় পরিষেবাগুলোকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
সূত্র : এনডিটিভি
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের ইঙ্গিত, রাশিয়ার উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন