ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ ডমিনিক তারচিনস্কি


মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করতে চান ট্রাম্পের ঘনিষ্ঠ ডমিনিক তারচিনস্কি

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ডমিনিক তারচিনস্কি মন্তব্য করেছেন যে ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি পোল্যান্ডের ক্ষমতায় গেলে সব মুসলিমের প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা প্রকাশ করেছেন। এছাড়া, ইউরোপে নতুন মসজিদ নির্মাণের বিরোধিতা করে কাতারে খ্রিষ্টানদের গির্জা নির্মাণে বিধিনিষেধের প্রসঙ্গও উত্থাপন করেছেন এই রাজনীতিক।

পোলিশ রাজনীতিক ডমিনিক তারচিনস্কি, যিনি ইউরোপে মুসলিম অভিবাসনের বিরোধিতার জন্য পরিচিত, ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, পোল্যান্ডে তিনি সব মুসলিমের প্রবেশ নিষিদ্ধ করবেন। সাক্ষাৎকারে তারচিনস্কি দাবি করেন, ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি যুক্তি তুলে ধরেন যে ইউরোপে নতুন মসজিদ নির্মাণের অনুমতি না দেওয়ার পক্ষে। তিনি বলেন, কাতারে খ্রিষ্টানদের গির্জা ও ক্যাথেড্রাল নির্মাণের সুযোগ না থাকলে ইউরোপেও নতুন মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয়।

তারচিনস্কি বলেন, ‘যত দিন কাতারে খ্রিষ্টানরা গির্জা ও ক্যাথেড্রাল নির্মাণ করতে পারবেন না, তত দিন ইউরোপেও কোনো মসজিদ থাকা উচিত নয়। বিষয়টি এতটাই সরল।’ তারচিনস্কির এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে পিয়ার্স মরগান তাকে ‘সংকীর্ণমনা’ বলে অভিহিত করেন। তারচিনস্কি জবাবে বলেন, ‘কাতারিদের ও জিহাদিদের কাছে নিজেদের বিকিয়ে দেওয়ার চেয়ে সংকীর্ণমনা হওয়া ভালো।’

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

সাক্ষাৎকারে তারচিনস্কিকে প্রশ্ন করা হয়, ফ্রান্সে মুসলিম অভিবাসীদের প্রবেশও কি তিনি বন্ধ করতে চান? তার জবাবে তিনি বলেন, ‘না, অবশ্যই চাই না—তাদের প্রবেশের অনুমতি দেব না। ইসলাম পশ্চিমা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য কোনো দেশ নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি পোল্যান্ডে তাদের চাই না। তারা আমাদের পরিচয় ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

ফ্রান্সে মুসলিমদের প্রবেশের বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেশটির বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তারচিনস্কির ভাষায়, ‘ফ্রান্সের পতন ঘটেছে। সব শেষ, এখন অনেক দেরি হয়ে গেছে।’ ইংল্যান্ডের প্রসঙ্গেও একই ধরনের মনোভাব প্রকাশ করেন তিনি।

অভিবাসন নিয়ে প্রশ্নে যা বললেন

পিয়ার্স মরগান তারচিনস্কিকে মনে করিয়ে দেন যে তিনিও একজন অভিবাসী। এর জবাবে ব্যঙ্গাত্মকভাবে তারচিনস্কি বলেন, ‘আমি কর দিয়েছি এবং কোনো গির্জায় আগুন দিইনি।’

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

ইউরোপে মুসলিম অভিবাসনের বিরোধিতা করে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন তারচিনস্কি। তার এসব মন্তব্য ইউরোপে অভিবাসন, ধর্মীয় স্বাধীনতা এবং মুসলিমদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে চলমান বিতর্কেরই অংশ।

সূত্র: ইকোনমিক টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


খাদ্যমন্ত্রী আফরোজা খানমের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাওয়া

খাদ্যমন্ত্রী আফরোজা খানম যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আমদানিকৃত খাদ্যশস্যের মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে।

রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রীর অফিস রুমে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন খাদ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খাদ্যমন্ত্রী তাকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

খাদ্যমন্ত্রী সাক্ষাৎকালে বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা কামনা করেন। বিশেষ করে আমদানিকৃত চাল ও গমের গুণগত মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে খাদ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা প্রদানের অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, "বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতার কারণে দীর্ঘমেয়াদে খাদ্যশস্য, বিশেষ করে চাল ও গম সংরক্ষণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে।" এ ক্ষেত্রে খাদ্যশস্য সংরক্ষণ প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার কার্যক্রমের প্রশংসা করেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কারিগরি সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সহযোগিতার সম্ভাবনা বিবেচনা করা হবে বলে তিনি জানান।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানির বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন যে, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গম আমদানি সম্পন্ন হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমবাহী জাহাজ পরিদর্শনের অভিজ্ঞতা মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট, খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আমদানিকৃত খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং খাদ্যশস্যের দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে ঢাবি ছাত্র তাসমিম মাহিদকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


হাইকোর্টের নির্দেশে ঢাবি ছাত্র তাসমিম মাহিদকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী তাসমিম মাহিদ চঞ্চলকে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতিতে একাধিকবার ধর্ষণ এবং আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা ঘটেছে।

সম্প্রতি বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. রফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন।

মামলার আসামিপক্ষে শুনানিতে আইনজীবী সজিব চন্দ্র বণিক অংশ নেন। অপরদিকে, ভুক্তভোগীর পক্ষে ছিলেন আইনজীবী শিকদার গুলজার আহমেদ। উল্লেখ্য, ভুক্তভোগীও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আসামি তাসমিম মাহিদ চঞ্চলের সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুযোগ নিয়ে আসামি ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দিয়ে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টের স্মোকিং জোনে প্রথম ধর্ষণ করেন। ওই সময় আসামি গোপনে ভুক্তভোগীর আপত্তিকর ছবি তুলে রাখেন এবং পরবর্তীতে সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে সম্পর্ক বজায় রাখতে বাধ্য করেন।

এর ধারাবাহিকতায়, গত বছরের ৩১ আগস্ট মধ্যরাতে আসামির প্রলোভনে ভুক্তভোগী ধানমন্ডির একটি হোটেলে যান এবং সেখানে বিয়ের প্রতিশ্রুতিতে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরপর থেকেই আসামি ভুক্তভোগীকে এড়িয়ে চলতে শুরু করেন এবং বিয়ের কথা বললে তার পরিবার এই সম্পর্ক মেনে নেবে না বলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন। উপায় না পেয়ে ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত বছরের ১৫ অক্টোবর আপস-মীমাংসার জন্য তারিখ নির্ধারণ করা হলেও আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এর পরিপ্রেক্ষিতে, ভুক্তভোগী একই বছরের ১৮ অক্টোবর ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

একই বছরের ২০ অক্টোবর ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার প্রতিবেদনে শারীরিক সম্পর্কের আলামত বিদ্যমান থাকার কথা বলা হলেও তা সাম্প্রতিক বা জোরপূর্বক নয় বলে উল্লেখ করা হয়। এছাড়া, মেডিকেল বোর্ড ভুক্তভোগীর বয়স আনুমানিক ২০ বছর বলে নির্ধারণ করে।

পুলিশি তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারায় চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করা হয়। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের জন্য ঢাকার ৬ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

মামলার নথিপত্র থেকে জানা যায়, চলতি বছরের ২৩ এপ্রিল আসামি স্বেচ্ছায় ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যুক্তিতে আদালত ১০ মে পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরে ১০ মে তাকে কারাগারে পাঠানো হয়।

২৪ মে ট্রাইব্যুনাল থেকে পুনরায় জামিন নামঞ্জুর হলে আসামি হাইকোর্টে আপিল করেন। সে সময় আসামির চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং আপস-মীমাংসার মৌখিক আবেদনের ভিত্তিতে হাইকোর্ট তাকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন।

তবে নির্ধারিত তারিখে মামলার শুনানি শেষে দেখা যায়, আসামির পরীক্ষা শেষ হলেও উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের আপস-মীমাংসা হয়নি। এরপর জামিন আবেদনের আর কোনো আইনগত ভিত্তি না থাকায় হাইকোর্ট গত ১০ সেপ্টেম্বর আসামির জামিন আবেদন খারিজ করে রায় দেন এবং রায়ের অনুলিপি প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে আইনানুযায়ী আসামিকে গ্রেফতারের বিষয়ে বিচারিক আদালত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও রায়ে বলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটপাত দখলমুক্তের পাশাপাশি হকারদের পুনর্বাসন হবে: প্রশাসক মো. মাহফুজুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


ফুটপাত দখলমুক্তের পাশাপাশি হকারদের পুনর্বাসন হবে: প্রশাসক মো. মাহফুজুর রহমান

রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার এলাকায় সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাসিক প্রশাসক উল্লেখ করেন, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নগরীর ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ভদ্রা, মহিলা কলেজ রোড ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একাংশের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

তবে লক্ষ্মীপুর, জিরোপয়েন্ট, সোনাদিঘী মোড়, রেলগেট ও গণকপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় এখনও ফুটপাত দখল হয়ে আছে। এসব এলাকা দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ফুটপাত দখলমুক্ত করার ফলে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের যে ক্ষতি হচ্ছে, তাঁদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এ জন্য সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেটে উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।

মার্কেট পরিদর্শনকালে প্রশাসক সাহেব বাজার কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পরিত্যক্ত দোকানগুলো ঘুরে দেখেন। এ সময় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।

মাহফুজুর রহমান রিটন জানান, রাজশাহী মহানগরীকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই ক্লিন ও গ্রিন সিটিতে পরিণত করতে চান তারা। নগরীকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসেবে তিনিও কাজের মাধ্যমে রাজশাহীকে নতুনভাবে সাজাতে চান।

ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে বাধা ও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি পাওয়ার কথাও জানান রাসিক প্রশাসক। তিনি বলেন, এসব হুমকিতে তিনি ভীত নন। জীবন থাকা পর্যন্ত রাজশাহীকে গুছিয়ে তোলার কাজ চালিয়ে যাবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, দখলমুক্ত, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ করে গড়ে তুলতে চান তিনি।

মার্কেটের অব্যবহৃত দোকানগুলো প্রসঙ্গে প্রশাসক বলেন, সাহেব বাজার কাঁচাবাজার ও মাছপট্টির দ্বিতীয় তলায় ৮৯টি দোকান অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। সরেজমিনে এসব দোকানের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়েছে। দোকানগুলো ব্যবহার উপযোগী করার পাশাপাশি মার্কেটটি নতুনভাবে নির্মাণ বা আধুনিকায়ন করা যায় কিনা, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এতে ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

পরিদর্শনকালে রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মুঈদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত এবং মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অডি যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানায় ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


অডি যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানায় ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে: ট্রাম্প

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি যুক্তরাষ্ট্রে তাদের প্রথম কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। শনিবার, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ১০ দিন আগে তিনি এই ঘোষণা দেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, অডি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানায়, নতুন কারখানাটিতে প্রায় ৪ হাজার ৫০০ কর্মসংস্থান সৃষ্টি হবে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘জর্জিয়া অঙ্গরাজ্যে একটি অসাধারণ কোম্পানির বিপুল গাড়ি উৎপাদন বিনিয়োগের ঘোষণা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘অডি জর্জিয়ার ম্যাকন শহরের কাছে ৪২০ কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। আগামী মাসে সেখানে একটি বিশাল কারখানা নির্মাণের কাজ শুরু হবে, যেখানে বছরে ২ লাখ গাড়ি উৎপাদন করা হবে।’

তবে ফক্সভাগেন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অডি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, কারখানাটির নির্মাণকাজ আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০৩০-এর দশকের শুরুর দিকে সেখানে উৎপাদন শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই পরিকল্পিত বিনিয়োগের লক্ষ্য যুক্তরাষ্ট্রের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন ঘটানো এবং ইউরোপ ও চীনের পাশাপাশি উত্তর আমেরিকাকে অডির বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কের তৃতীয় প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা।’

জার্মান শিল্প খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ভক্সওয়াগেন যুক্তরাষ্ট্রের শুল্ক, চীনা প্রতিযোগিতা এবং ইউরোপে অনিয়মিত চাহিদার কারণে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে রয়েছে।

গত সেপ্টেম্বরে ১০টি ব্র্যান্ডের সমন্বয়ে গঠিত ভক্সওয়াগেন গ্রুপ ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ ১ লাখ কর্মী ছাঁটাইয়ের বিষয়ে শ্রমিক ইউনিয়নগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়। এর ফলে পুরো গ্রুপে প্রত্যাশিত চাকরি কমানোর সংখ্যা ৫০ হাজার বেড়েছে।

বৈশ্বিক গাড়ি শিল্পে এ ছাঁটাইকে এখন পর্যন্ত সবচেয়ে বড় পুনর্গঠন কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ট্রাম্প তার কঠোর বাণিজ্যনীতির সাফল্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের গাড়ি উৎপাদন খাতে ‘জোরালো প্রত্যাবর্তন’ ঘটেছে বলে দাবি করেছেন।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প নির্বাহী ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন দেশ ও পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে গাড়িও রয়েছে।

এর প্রতিক্রিয়ায় জেনারেল মোটরস, টয়োটা ও ফোর্ডসহ বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের কারখানার উৎপাদন সম্প্রসারণ কিংবা বিদেশ থেকে উৎপাদন কার্যক্রম সরিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।

ট্রাম্পের বাণিজ্যনীতির বিরুদ্ধে অসন্তোষ মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের অনুকূলে কাজ করতে পারে বলে দলটি আশা করছে।

জনমত জরিপে প্রতিকূল পরিস্থিতি এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতেও প্রত্যাশার চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াইয়ের মুখে ট্রাম্প নির্বাচনের আগে প্রচারণায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%