ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি


নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

নোয়াখালীর কবিরহাটে মৎস্য খামারি ও যুবদলের সক্রিয় কর্মী মিজানুর রহমান রনি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে মো.আব্দুল বাছেত হিরন ও এনামুল হক মাসুদের নাম উল্লেখ করে তাদেরসহ জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি করেছেন তারা।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ের একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিহত যুবদল কর্মী মিজানুর রহমান রনির পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার মা লাইলী বেগম, স্ত্রী সীমা আক্তার, মামা মোশারেফ হোসেন ও বোন শ্রাবণী আক্তার।

নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মিজানুর রহমান রনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকার মৃত মো. শহিদ উল্যার ছেলে। তিনি মাছের প্রজেক্ট ও মুরগির খামারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো, ফসলি জমির মাটি বিক্রি ও জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় কিছু  রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আওয়ামী সরকার পতনের পর তার বিরোধ দেখা দেয়।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং তিনি কারাগারে ছিলেন। ৫ আগস্টের পর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি এলাকায় ফিরে আসেন। ওই সময় কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব মো.আব্দুল বাছেত হিরন ও নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদসহ কয়েকজন বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি, মাটি কাটা ও সালিশ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।

পরিবারের দাবি, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন মিজানুর রহমান রনি। এমনকি স্থানীয় বিএনপি কার্যালয়েও কথিত ‘হাইব্রিড বিএনপি’র বিরুদ্ধে তিনি বক্তব্য দেন। এ কারণে হিরন ও মাসুদসহ একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে রনির শ্বশুর ও শ্যালক আরাফাত হোসেন ওরফে জামালের সঙ্গে একই এলাকার নূর মোহাম্মদ ওরফে বাচ্ছুর বিরোধ সৃষ্টি হয়। পরে বিরোধ মীমাংসার কথা বলে তাদের ডেকে নিয়ে মারধর করা হলে তারা গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদ করায় রনির সঙ্গে অভিযুক্তদের বিরোধ আরও বেড়ে যায়।

তারা আরও জানান, ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মাছের প্রজেক্টের কাজের কথা বলে রনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটের দিকে রনির ভায়রা আবু তাহেরকে ফোন করে মাসুদ হুমকি দেন বলে অভিযোগ করা হয়। রনিকে কোনো ধরনের বাধা দিতে নিষেধ না করলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, রনির মাছের প্রজেক্টের স্ট্যাম্প এনামুল হক মাসুদের কাছে ছিল। ওই স্ট্যাম্প ফেরত চাওয়া এবং তা ফেরত না দিলে বিনিয়োগ করা ১ লাখ ৮৫ হাজার টাকা ফেরত দেওয়ার দাবি করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় ‘আলেম’ নামের এক ব্যক্তি রনিকক মারধর করেন।

পরিবারের দাবি, মারধরের পর প্রাণ বাঁচাতে রনি কালিরহাট বাজারের পেছনের উত্তর পাশের সড়কের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে হিরন ও মাসুদের যোগসাজশে একটি পক্ষ তার মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাটিকে গণপিটুনি হিসেবে প্রচার করা হয়। তাদের আরও দাবি, রনির মাথা ও মুখমণ্ডল ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না। এমনকি তার পরনের শার্টের বোতামও ছেঁড়া ছিল না।

এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি কবিরহাট থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে আব্দুল বাচেত হিরন ও এনামুল হক মাসুদসহ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

অভিযোগ অস্বীকার করে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ বলেন, ‘ভুক্তভোগী পরিবারের আইনি আশ্রয় নেওয়ার অধিকার আছে। তবে আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।’

কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুল বাছেত হিরন বলেন, ‘এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী। একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নিতে এসব মিথ্যা অভিযোগ উত্থাপন করাচ্ছে।’

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্ত শেষে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ : ইইউ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ : ইইউ রাষ্ট্রদূত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার মন্তব্য করেছেন যে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০টি অর্থনীতির একটি হতে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ হল বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতি। দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরিধি, উচ্চাকাঙ্ক্ষা ও গুরুত্ব অনেক বড়।

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ তার উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের বিষয়টিও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে রাজনৈতিক রূপান্তর সামাল দেওয়া, জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত করা, অর্থনৈতিক চাপ, জলবায়ুগত ঝুঁকি এবং একটি জটিল বাহ্যিক পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যেতে হচ্ছে।

তিনি বলেন, ‘এই পটভূমিতে আমরা বাংলাদেশকে ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের একটি অংশীদার হিসেবে দেখছি। দাতা ও সাহায্যগ্রহীতার দৃষ্টিভঙ্গি থেকে নয়—বরং এখন একটি ভিন্ন মাত্রার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আমরা সম্পর্ককে দেখতে চাই।’

মাইকেল মিলার আরও বলেন, এলডিসি মর্যাদা থেকে বাংলাদেশের মসৃণ ও সফল উত্তরণ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ভবিষ্যতে একটি সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা পরীক্ষা করে দেখতে চায়।

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব দেওয়াকে তিনি তাদের ইতিহাসে প্রথম ও অনন্য উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘মূল বার্তাটি হলো—বাংলাদেশ যে গতি ও উচ্চাকাঙ্ক্ষা দেখাবে, আমরা তার সঙ্গে তাল মেলাতে সম্পূর্ণ প্রস্তুত।’

তবে সম্ভাব্য এফটিএর ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে পর্যাপ্ত অভিন্ন ভিত্তি রয়েছে কি না, তা আগে দেখতে হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ভারতের ও ভিয়েতনামের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তির উদাহরণ তুলে ধরেন মাইকেল মিলার।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে এ ধরনের চুক্তির সফলতা নির্ভর করবে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান, আইনের শাসন, শ্রম অধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, পরিবেশ সংরক্ষণ এবং সুশাসনের ওপর।

এই বিষয়গুলোই আসল মূল বিষয়, এগুলো মোটেও গৌণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশকে যদি বাহ্যিক চাপ, ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক চাপ, জলবায়ু, সামাজিক ও প্রযুক্তিগত চাপ সামলে এগিয়ে যেতে হয়, তাহলে দেশটির শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন তদারকি ব্যবস্থা এবং পূর্বাভাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রয়োজন।

সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য রাজনীতিতে আরো বৃহত্তর ঐকমত্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ইইউ রাষ্ট্রদূত।

তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের পাশাপাশি দক্ষ জনশক্তি, সবুজ প্রবৃদ্ধি, আরো বৈচিত্র্যময় রপ্তানি খাত এবং নির্ভরযোগ্য অবকাঠামো প্রয়োজন।

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং তরুণদের জন্য অর্থবহ কর্মসংস্থান সৃষ্টি করতে শক্তিশালী প্রতিষ্ঠান ও তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

মাইকেল মিলার বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ সুরক্ষিত রাখা এবং ডেটা বা তথ্য স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে হবে। এসব বিষয় বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের জন্য ইইউর বিশেষ প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, ইউরোপীয় মূল্যবোধের সঙ্গে ইউরোপীয় বিনিয়োগের সমন্বয় ঘটিয়ে প্রযুক্তি, মানদণ্ড, দীর্ঘমেয়াদি মূলধন ও উদ্ভাবন নিয়ে আসতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

এ ক্ষেত্রে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং ‘গ্রিন বন্ড’ ইস্যুর মতো উদ্যোগের উদাহরণ দেন তিনি।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের বড় একটি মূল্য সংযোজন হলো সরকারি প্রশাসন সংস্কারের অভিজ্ঞতা ও দক্ষতা। ইউরোপের বিভিন্ন দেশের একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ এবং রাজনীতি, অর্থনীতি ও সমাজকে নতুনভাবে সংগঠিত করার অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে চায় ইইউ।

তিনি বলেন, বাংলাদেশ যেন বৈশ্বিক প্রতিযোগিতা সামলে এগিয়ে যেতে পারে, আধুনিক হতে পারে এবং একই সঙ্গে উন্মুক্ত, সার্বভৌম, সহনশীল ও সংযুক্ত থাকতে পারে—সেই লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে।

এর আগে বক্তব্যে বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অবস্থান তুলে ধরে মাইকেল মিলার বলেন, কৌশলগত স্বায়ত্তশাসন মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা নিজেদের মধ্যে গুটিয়ে নেওয়া নয়। বরং উন্মুক্ত থাকা, তবে অসচেতন না হওয়া; যুক্ত থাকা, তবে নির্ভরশীল না হওয়া এবং সহযোগিতামূলক ও বাস্তববাদী হওয়াই ইইউর অবস্থান।

তিনি বলেন, আজকের আরো লেনদেনমুখী বিশ্বে নির্ভরযোগ্যতা, পূর্বাভাসযোগ্যতা এবং নীতির গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সে কারণেই ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদের নীতিমালা, ন্যায্য ও নিয়মভিত্তিক বাণিজ্য, মানবাধিকার, গণতান্ত্রিক জবাবদিহিতা এবং প্রকৃত বহুপাক্ষিকতার পক্ষে দাঁড়িয়েছে।

মাইকেল মিলার বলেন, অনিশ্চয়তার সময়ে দেশ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এমন অংশীদার প্রয়োজন, যারা নির্ভরযোগ্য, প্রতিটি সম্পর্ককে শুধু একটি লেনদেন হিসেবে দেখে না এবং দীর্ঘমেয়াদি সহনশীলতায় বিনিয়োগ করতে প্রস্তুত। পারস্পরিক স্বার্থ, শ্রদ্ধা, ন্যায্যতা ও সবার জন্য সমান সুযোগের ভিত্তিতে এমন অংশীদারিত্ব গড়ে তুলতে চায় ইইউ।

তিনি জানান, জলবায়ু, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর ও মানবসম্পদ উন্নয়নেও সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের মাধ্যমে বুদ্ধিমান, পরিচ্ছন্ন ও নিরাপদ যোগাযোগের সুযোগ তৈরি করা অংশীদারত্বের একটি ব্যবহারিক মডেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম মারা গেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম মারা গেছেন। তিনি রোববার (৪ অক্টোবর) ভোর পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ তথ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

অধ্যাপক সাইফুল ইসলামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রুটিন দায়িত্বে থাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন উপাচার্যের নির্দেশক্রমে স্বাক্ষরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাটভিয়ার নির্বাচনে ইউরোপপন্থী অবস্থান অব্যাহত থাকার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


লাটভিয়ার নির্বাচনে ইউরোপপন্থী অবস্থান অব্যাহত থাকার ইঙ্গিত

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : লাটভিয়ার পার্লামেন্ট নির্বাচনের রোববার প্রকাশিত আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবার্গসের মধ্য-ডানপন্থী দল এগিয়ে রয়েছে। এই ফলাফল দেশটির ইউরোপপন্থী ও ইউক্রেনপন্থী নীতির অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।

তবে, প্রতিবেশী রাশিয়ার হুমকি এবং দেশে জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগের কারণে জনতুষ্টিবাদী দলগুলোও নির্বাচনী প্রচারে ভালো ফল করেছে।

রিগা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভোট গণনার অর্ধেকের বেশি সম্পন্ন হওয়ার পর কুলবার্গসের মধ্য-ডানপন্থী দল ইউনাইটেড লিস্ট ৩৫ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে।

কুলবার্গস সাংবাদিকদের বলেন, “এখনো শেষ হয়নি। তবে ফলাফল প্রত্যাশার চেয়ে ভালো।”

তিনি আরও বলেন, “এর অর্থ হলো মানুষ সত্যিই পরিবর্তন চায়।” তার মতে, এর অর্থ হলো “অর্থনৈতিক প্রবৃদ্ধি” এবং “লাটভিয়ার শিশুদের জন্য একটি ভবিষ্যৎ।”

কুলবার্গস গত মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তবে নির্বাচনের আগে জনমত জরিপে দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত পাওয়া তার জোটের বর্তমান কাঠামোয় টিকে থাকার সম্ভাবনা কম।

জোটের অন্যতম শরিক ইউনিয়ন অব গ্রিনস অ্যান্ড ফার্মার্স পার্লামেন্টে প্রবেশের জন্য প্রয়োজনীয় ৫ শতাংশ ভোটের সীমার কাছাকাছি রয়েছে। স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টার দিকে প্রকাশিত আংশিক ফলে দলটি ৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে।

জোটের অন্য শরিক দলগুলোর সম্ভাব্য ফলাফল থেকে ধারণা করা হচ্ছে, কুলবার্গসকে নতুন করে সরকার গঠন করতে হবে।

কুলবার্গসের দল এগিয়ে রয়েছে—এমন ইঙ্গিত দেওয়া বুথফেরত জরিপ সাধারণত নির্ভরযোগ্য। তবে আরও কট্টরপন্থী দলকে সমর্থনের কথা ভোটাররা প্রকাশ্যে বলতে অনাগ্রহী হওয়ায় জনতুষ্টিবাদী দলগুলো প্রত্যাশার চেয়ে ভালো করতে পারে।

লাটভিয়ার গবেষণাপ্রতিষ্ঠান লাসের-এর বিশ্লেষক রবার্টস কিটস এএফপিকে বলেন, “বুথফেরত জরিপের তুলনায় প্রকৃত ফলাফলে সবচেয়ে বড় ব্যবধান হবে রুশভাষী ভোটারদের সমর্থন পাওয়া দলগুলোর ক্ষেত্রে। এগুলো হলো সার্বভৌম শক্তি ও লাটভিয়া ফার্স্ট।”

লাটভিয়ার ট্রান্সআটলান্টিক অ্যাসোসিয়েশন লাটো-এর মহাসচিব সিগিতা স্ট্রুবার্গা বলেন, ভবিষ্যৎ জোটের কাঠামো এখনই নির্ভুলভাবে অনুমান করার সময় হয়নি।

তিনি এএফপিকে বলেন, “আমাদের প্রকৃত শতাংশের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে আমরা যে ফল দেখছি, তা থেকে সেটি কিছুটা ভিন্ন হতে পারে।”

জনতুষ্টিবাদী দলগুলোর উত্থান-

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য এবং উভয় জোটের পূর্ব সীমান্তে অবস্থিত লাটভিয়ায় নির্বাচনী প্রচারে নিরাপত্তা ইস্যুই ছিল প্রধান বিষয়।

তবে জীবনযাত্রার ব্যয়ের মতো অভ্যন্তরীণ বিষয় সামনে এনে জনতুষ্টিবাদী দলগুলোও জনসমর্থন বাড়িয়েছে।

আংশিক ফলাফলে দেখা গেছে, বিরোধীদের রুশপন্থী বলে সমালোচিত সার্বভৌম শক্তি ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

দলটি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া এবং প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানোর বিরোধিতা করেছে। এর পরিবর্তে তারা দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সমস্যার ওপর জোর দিয়েছে।

ভালো ফল করলেও দলটির সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা কম। কারণ প্রধান রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই তাদের সঙ্গে কাজ না করার কথা জানিয়েছে।

আরেক জনতুষ্টিবাদী দল লাটভিয়া ফার্স্ট আংশিক ফলে ১৩ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে। ব্যবসায়ী আইনরস স্লেসেরসের নেতৃত্বাধীন দলটি তুলনামূলকভাবে জোটের সম্ভাব্য অংশীদার হতে পারে।

ইউরোপপন্থী সামাজিক গণতান্ত্রিক দল দ্য প্রগ্রেসিভস সামাজিক সুরক্ষা জোরদার এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পক্ষে। আংশিক ফলাফলে দলটি ৬ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছে।

ভূরাজনীতি ও অর্থনীতি-

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর চার বছর পরও লাটভিয়ার রাজনৈতিক বিতর্কে নিরাপত্তা ইস্যুই প্রধান হয়ে আছে।

২০০৪ সাল থেকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য লাটভিয়া রাশিয়াকে তার প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখে। এ কারণে দেশটি প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

২০২২ সালে মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর থেকে লাটভিয়া প্রতিরক্ষা ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে। বর্তমানে দেশটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করছে।

পার্লামেন্টে প্রবেশের সম্ভাবনা থাকা অধিকাংশ দলই উচ্চ প্রতিরক্ষা ব্যয় বজায় রাখা এবং কিয়েভকে সহায়তা অব্যাহত রাখার পক্ষে।

তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ এবং দীর্ঘদিন ধরে জনসংখ্যা কমে যাওয়ার বিষয়গুলোও নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছে।

লাটভিয়ার বড় রুশভাষী সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটের ধরনও বদলাচ্ছে।

একসময় পার্লামেন্টে ২০২২ সালে প্রতিনিধিত্ব হারানো হারমনি দলের পেছনে এই ভোটারদের বড় অংশের সমর্থন ছিল। এখন তাদের অনেকেই শুধু পরিচয়ভিত্তিক রাজনীতির পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক বিষয়কে গুরুত্ব দিয়ে ভোট দিচ্ছেন।

রোববার প্রাথমিক সরকারি ফলাফল প্রকাশের কথা রয়েছে। এরপরই সরকার গঠনে জোটের আলোচনা শুরু হবে। এসব আলোচনা দীর্ঘ ও জটিল হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এআই সম্রাট’ হিসেবে জে ক্লেটনকে নিয়োগ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


‘এআই সম্রাট’ হিসেবে জে ক্লেটনকে নিয়োগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের নেতৃত্বের জন্য ট্রাম্প জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটনকে নিয়োগ দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে তাকে প্রশাসনের সর্বশেষ ‘এআই সম্রাট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ নামে পরিচিত এই বিশেষ কার্যদলকে ১২০ দিনের মধ্যে হোয়াইট হাউসে একটি প্রতিবেদন জমা দিতে হবে। প্রতিবেদনে দ্রুত বিকশিত কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা পর্যালোচনা, জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং এসব বিষয়ে সরকারের করণীয় সম্পর্কে সুপারিশ করা হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, জে ক্লেটন গত আগস্টে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন।

ক্লেটন বলেন, "যুক্তরাষ্ট্র যাতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব ধরে রাখতে পারে এবং একই সঙ্গে মার্কিন নাগরিকদের স্বার্থ সুরক্ষিত থাকে, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।"

কার্যদলটি কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত তথ্য ফাঁস, সাইবার হামলা ও অন্যান্য ঘটনার প্রতিবেদন করার ক্ষেত্রে সরকারের বর্তমান ব্যবস্থা পর্যালোচনা করবে। পাশাপাশি বিদ্যমান আইনি ক্ষমতা ব্যবহার করে এসব ঘটনায় সরকারের প্রতিক্রিয়া আরও কার্যকর করার উপায়ও খতিয়ে দেখা হবে।

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা, সাইবার হামলা, কর্মসংস্থানে সম্ভাব্য প্রভাব এবং ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা প্রযুক্তি ব্যবস্থার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং এই প্রেক্ষাপটে উদ্যোগটি নেওয়া হয়েছে।

ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে তুলনামূলক কম সরকারি নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন, অতিরিক্ত সরকারি বিধিনিষেধ চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সক্ষমতা দুর্বল করতে পারে। তাই তার প্রশাসন ব্যাপক বাধ্যতামূলক নিয়ন্ত্রণের বদলে উদ্ভাবন, স্বেচ্ছামূলক নিরাপত্তাব্যবস্থা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নিয়ন্ত্রণকে গুরুত্ব দিচ্ছে।

এই উদ্যোগে চীনের সঙ্গে উন্নত প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা তৈরির ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সহযোগিতা করার পরিকল্পনা তার নেই। বরং এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখার ওপরই তিনি জোর দিচ্ছেন।

জে ক্লেটনের সঙ্গে কার্যদলের সহ-সভাপতি হিসেবে এমিল মাইকেল, স্কট কাপোর ও ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন থাকবেন। সদস্য হিসেবে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস।

বিনিয়োগকারী ডেভিড স্যাকস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কনডোলিজা রাইসকে এই উদ্যোগে বাইরের উপদেষ্টা হিসেবে রাখা হবে বলে জানা গেছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্ব দেওয়ার এটি দ্বিতীয় উদ্যোগ। রয়টার্স জানিয়েছে, এর আগে ডেভিড স্যাকস প্রশাসনের ‘এআই সম্রাট’ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি মোকাবিলা করতে গিয়ে প্রযুক্তির উন্নয়ন যাতে বাধাগ্রস্ত না হয়, সেটি এখন ওয়াশিংটনের বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এআই নিয়ে মানবসভ্যতার অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকির কিছু সতর্কতাকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন। তবে তিনি মনে করেন, এআইয়ের নিরাপত্তার প্রধান দায়িত্ব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোরই নেওয়া উচিত।

আগামী ১২০ দিনের পর্যালোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন, জাতীয় নিরাপত্তা ও জনসুরক্ষার মধ্যে ভারসাম্য রেখে চীনের ওপর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব কীভাবে ধরে রাখা যায়, সেটিই বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়াবে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%