বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৭:১৯ পি.এম
সরকারি উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজে ঠিকাদারদের গাফিলতি এবং নিম্নমানের কাজের কারণে ৩০টি প্রকল্পে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্ত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এরই মধ্যে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রফিকুল ইসলাম জামাল জানতে চান, সারাদেশের অবকাঠামো উন্নয়নকাজে কিছু ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে সরকারি অর্থের অপচয় ও সাধারণ মানুষের দুর্ভোগ বন্ধে আইএমইডি পরিদর্শন করে এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নিয়েছে?
জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ করে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১ হাজার ১৬৩টি প্রকল্প চলমান রয়েছে।
তিনি জানান, সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভাগ হিসেবে আইএমইডি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে। ২০২৫-২৬ অর্থবছরে আইএমইডি ৬৭৭টি চলমান প্রকল্প পরিদর্শন করেছে। এর মধ্যে ৬৪০টি প্রকল্প নিয়ে সুপারিশসংবলিত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে ৪৭টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ২৭টি প্রকল্প নিয়ে সুপারিশসংবলিত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হয়েছে। এছাড়া, চলতি বছরের জুলাই পর্যন্ত ১ হাজার ৮৫টি সমাপ্ত প্রকল্প পরিদর্শন করে ১ হাজার ২৪টি সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় পাঠানো হয়েছে।
জুনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইএমইডি পরিদর্শনের সময় অবকাঠামো উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি বা নিম্নমানের কাজ পাওয়া গেলে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সংসদে দেওয়া তথ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও জানান, আইএমইডির পরিদর্শনে ৩০টি প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত হয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে আইএমইডি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীর পাংশায় রেললাইনে ঝাঁপ দিয়ে আফিয়ানা জান্নাত মুমু (১৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে পাংশা উপজেলার কুরাপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফিয়ানা জান্নাত মুমু ঢাকার দৌলতপুর এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামে তার নানাবাড়িতে থাকতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মুমু কুরাপাড়া রেলগেট এলাকায় বেশকিছু সময় ধরে ঘোরাফেরা করছিলেন। বেলা ১১টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা আমেনা বেগম মুঠোফোনে বলেন, আমার মেয়ে বিবাহিত। তবে সে নানাবাড়িতে থাকত। আমরা ঢাকায় থাকি। কেন সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে, তা আমরা জানি না।
মুমুর স্বামী আকাশ আলী বলেন, সকালে মুমু আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি কাজে যাওয়ার সময় ফোনটি সঙ্গে নিয়ে যাই। সে কখন বাড়ি থেকে বের হয়েছে, তা আমার জানা নেই। পরে জানতে পারি, ট্রেনের ধাক্কায় আমার স্ত্রী মুমু মারা গেছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের সিংড়ায় ৬৯টি চায়না দুয়ারি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের উপস্থিতিতে উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় অভিযানে প্রায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়, ২৭ আগস্ট, ২০২৬ : জেলার আটোয়ারী উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে রোহান নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালাপাড়া এলাকায় নাগর নদীতে এ ঘটনা ঘটে।
মৃত রাহান উপজেলার সুখাতি গ্রামের রমজান আলীর ছেলে। তার নানার বাড়ি উপজেলার বালাপাড়া গ্রামে। রোহান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, গত পরশু মায়ের সঙ্গে নানা বাড়ি বালাপাড়া গ্রামে বেড়াতে যায় রোহান। বৃহস্পতিবার সকালে নানা বাড়ির এলাকার কয়েকজন শিশুর সঙ্গে নাগর নদীতে গোসলে নেমে নদীতে ডুবে যায় রোহান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলেও শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাসসকে শিশু রোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে এফবিসিসিআই।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এফবিসিসিআই’র প্রশাসক মো. ফজলুল হক এ গুরুত্বারোপ করেছেন বলে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তিনি চীনা উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম ও খুলনায় শিল্প স্থাপনের আহ্বান জানান। বাংলাদেশে চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় এফবিসিসিআই’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
মো. ফজলুল হক বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এফবিসিসিআই, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার ও সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চীনা দূতাবাস আন্তরিকতার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।
তিনি বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), ফল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, নবায়নযোগ্য জ্বালানি এবং পর্যটন খাতে চীনা বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
বৈঠকে এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ চীনে প্রায় ৬৯৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে চীন থেকে প্রায় ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছে। ফলে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র প্রশাসক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ