ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইআরজিসিকে নিরাপত্তা হুমকি ঘোষণায় যুক্তরাজ্যের সিদ্ধান্তের নিন্দা ইরানের


আইআরজিসিকে নিরাপত্তা হুমকি ঘোষণায় যুক্তরাজ্যের সিদ্ধান্তের নিন্দা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কে যুক্তরাজ্যের সরকার জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি বিদেশি রাষ্ট্রীয় হুমকি হিসেবে ঘোষণা করেছে। নতুন জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী, আইআরজিসিকে সমর্থন করা বা এর হয়ে কাজ করা অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘অন্যায়’ ও ‘দায়িত্বহীন’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ। যুক্তরাজ্য একটি রাষ্ট্রীয় সংস্থাকে লক্ষ্যবস্তু বানানোর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছে তারা।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এই নিষেধাজ্ঞা এর আগের সোমবার (১৩ জুলাই) জারি করা হয়, যেখানে আইআরজিসি এবং এর সাথে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকে সমর্থন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মূলত এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে, যাতে কোনো বিদেশি রাষ্ট্র নজরদারি এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মতো কাজে প্রক্সি (অনুমোদিত প্রতিনিধি বা ছদ্ম বাহিনী) ব্যবহার করতে না পারে।

ইরান এর আগেও যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে, সেই সময়েও তারা প্রক্সি ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জব্দ করা জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিপুল সংখ্যক জেলের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


জব্দ করা জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিপুল সংখ্যক জেলের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় পুলিশ তদন্ত কেন্দ্র থেকে জাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১৬৫ জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার (১৪ জুলাই) আদালতের নিকট পাঠিয়েছে।

গত ১৩ জুলাই রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১১০০ জনকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন, মোহনগঞ্জ উপজেলার মাঘান কুড়েরপাড় এলাকার জাকির (২২) এবং মামুন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকালে উপজেলার ডিঙ্গাপোতা হাওরে অভিযান চালিয়ে বিশাল আকৃতির চারটি নিষিদ্ধ (খনা) জাল ও দুটি নৌকা জব্দ করে মোহনগঞ্জ থানার অধীন আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। প্রতিটি খনা জালের দৈর্ঘ্য ২ হাজার ৫০০ ফুট। জব্দ করা জাল এবং নৌকা তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়।

অভিযোগ রয়েছে, পরদিন, ১২ জুলাই দুপুরের দিকে কয়েকশ জেলে সংঘবদ্ধ হয়ে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছে জব্দকৃত জাল ও নৌকা নিয়ে যান। পরে ১৩ জুলাই পুলিশ হাওরে অভিযান চালিয়ে একটি খনা জাল উদ্ধার করে।

এ ঘটনায় আদর্শনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১০০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান জানান, মামলায় দুজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলছে।

তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর হাওরে ৭৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পোনাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত স্থানীয়ভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

তবে স্থানীয় জেলেদের দাবি, সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ গত ২৮ জুন শেষ হয়ে গেছে। ফলে তারা বৈধভাবে মাছ ধরার অধিকার ফিরে পেয়েছে। এই কারণে স্থানীয়ভাবে আরোপিত নিষেধাজ্ঞা মানতে তারা অনীহা প্রকাশ করছেন। এ বিষয় নিয়ে জেলে ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কয়েক দফা উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে, হাওরের মৎস্যসম্পদ রক্ষায় এবং দেশীয় মাছের বিস্তার বাড়াতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষে যুবদল ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে কেন্দ্রীয় যুবদল। সোমবার, যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের নেতৃত্বে এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় যুবদল নেতা মাহফুজুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি তারা সরেজমিনে দুর্গত এলাকার মানুষের খোঁজখবর নেন। তারা মানুষের দুর্ভোগের কথা শোনেন। তিনি এ সময় আরও বলেন, "দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। রাজনীতি মানুষের জন্য, মানুষের কল্যাণে বিএনপির রাজনীতি।" তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদল মানবিক কাজে অংশ নিয়েছে।

তারি ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, "সরকারের পাশাপাশি দুর্যোগ মুহুর্তে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সবার আগে জনগণ, জনগণের পাশে থাকা প্রতিটি সামর্থবান নাগরিকের কর্তব্য।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক নিহত, ইরানি উপ-রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাবিক নিহত, ইরানি উপ-রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি

ওমান উপকূলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার পর ভারতে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, এবং মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে কর্মরত হাজার হাজার ভারতীয় নাবিকের নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ওমানের জলসীমায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ শিপিং লেনে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজ দুটির একটি হলো জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার ‘মম্বাসা’ এবং অন্যটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ‘আল বাহিয়াহ’। দুটি জাহাজেই ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পরপরই জাহাজ দুটিতে আগুন ধরে যায়, তবে পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ওমান সাগরে ঘটে যাওয়া এই নজিরবিহীন হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে সংযুক্ত আরব আমিরাত। এদিকে, একই সাথে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এদিকে, এই ক্ষেপণাস্ত্র হামলায় মম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় ক্রু সদস্য প্রাণ হারান। এ ছাড়া হামলায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি কূটনীতিককে তলব করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি এই অঞ্চলে বাণিজ্যিকভাবে চলাচলকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালীতে ইরানের এমন আগ্রাসী আচরণের ফলে বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দাবি করেছেন যে, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল। তিনি বলেন, ‘পরীক্ষার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি।

সবাই বলেছেন, আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।’

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

এইচএসসি পরীক্ষা চলছে, গত তিন-চার দিন ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা অনুরোধ করেছিলেন পরীক্ষা পেছানোর জন্য। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কারণে আজ (মঙ্গলবার) আন্দোলন হচ্ছে। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি—এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার ওপর নির্ভর করে ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সে রকম একটি পরীক্ষায়, ফিজিকসের মতো বিষয়ে...মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন, কী সমস্যা ছিল পরীক্ষাটি এক দিন বা দুই দিনের জন্য পিছিয়ে দেওয়ার?

জবাবে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘সারা বাংলাদেশে পরীক্ষা আমরা একযোগে নিয়ে থাকি। এইচএসসি পরীক্ষার প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্র রয়েছে এবং ৬৪টি জেলায় একই সময়ে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন, চট্টগ্রামে যখন বন্যা হলো—তখন আমরা পর্যায়ক্রমে প্রথমে রাঙামাটি, তারপর বান্দরবান, পরে খাগড়াছড়ি এবং এরপর পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছি।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা লক্ষ করছিলাম যে, বৃষ্টি হচ্ছিল এবং আমরা পরিস্থিতি নিয়মিত মনিটর করছিলাম। সেই সময় ৬৪ জেলার এসপি (পুলিশ সুপার), আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছি।

পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা জানিয়েছিল যে, আর বৃষ্টি হবে না। বিকেল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সবাই বলেছেন যে, আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি, কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসককে নির্দেশ দিই, পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের ব্যবস্থা করতে। পরে পরীক্ষার্থীদের নৌকায় করে ওই স্কুলের পাঁচতলা ভবনে নিয়ে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছি।’

তিনি আরো জানান, ‘এ ছাড়া সারা বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন, কোথাও পরীক্ষা গ্রহণে কোনো ধরনের দুর্যোগজনিত সমস্যা হয়নি। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটেছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশ দিয়েছিলাম, সেখানে বিলম্বে পরীক্ষা শুরু করা হবে। যে মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, তার বাড়ি থেকে কাপড় এনে দেওয়া হয়েছে। তাকে এক ঘণ্টা পরে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতিকে জানাতে চাই, আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, ইউএনও, পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে, কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব কি না। প্রয়োজনে তারা পরীক্ষা স্থগিতও করতে পারেন।’

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বারবার তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, ‘না স্যার, আমরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছি।’ আপনারাও দেখেছেন কোথায় কোথায় বৃষ্টির পানি ছিল। সেগুলো আমরা সবাই লক্ষ করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে। সে কারণেই আমরা সব সময় পরিস্থিতি মনিটর করি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%