০৩:১৭ পি.এম
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম আকর্ষণীয় ম্যাচকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে রয়েছে, তখন মাঠের বাইরেও রাজনৈতিক সমীকরণ আলোচনায় আসছে। বিশ্বকাপ ফাইনালের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়েছেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে মুখোমুখি হবে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন ও গাজা ইস্যুতে স্পেন ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই নেতানিয়াহুর এই অবস্থান নতুন আলোচনা সৃষ্টি করেছে। ফিলিস্তিনসহ আরব বিশ্বের বহু সমর্থক যেখানে স্পেনের পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রকাশ্যে লিওনেল মেসিদের সমর্থন জানান।
ফাইনালের আগে ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠককালে রাষ্ট্রদূত তাকে আর্জেন্টিনা জাতীয় দলের একটি জার্সি উপহার দেন। বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইরের পাঠানো একটি অডিও বার্তাও শোনানো হয়। সেখানে মিলেই জানান, "আপনি আমার বন্ধু, সব সময় আমাদের সমর্থন করেন। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনি আমার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করছেন।"
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
এতে নেতানিয়াহুর জবাব ছিল, "হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি এবং নানা ক্ষেত্রে আর্জেন্টিনাকে সমর্থন করছি, আগামীকালও করব। শুভকামনা।"
পরবর্তী সময়ে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন স্পষ্ট করে নেতানিয়াহু বলেন, "আমি যে আর্জেন্টিনার সমর্থক, বিষয়টি লুকাই না। আমার মনে হয়, ইসরায়েলের বেশিরভাগ নাগরিকও আর্জেন্টিনাকেই সমর্থন করছেন। শুভকামনা! ভামোস আর্জেন্টিনা।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে।
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন