০৯:০২ এম
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড ওমান উপসাগরে আগুনে জ্বলতে থাকা একটি কার্গো জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সবাই আরব নাগরিক এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ন্যাশনাল গার্ড এই তথ্য জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কার্গো জাহাজটির নাবিকেরা জাহাজে আগুন লাগার খবর জানালে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। ন্যাশনাল গার্ডের বিশেষায়িত দল জাহাজটির অবস্থান শনাক্ত করে এবং পরে জাহাজে থাকা ২২ জনকে উদ্ধার করে।
আরও পড়ুন: জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২ জন
উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া সবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে, জাহাজটিতে আগুন লাগার কারণ সম্পর্কে ন্যাশনাল গার্ড কিছু জানায়নি।
এ ঘটনার পূর্বে, হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, ওই দুটি তেলবাহী জাহাজ তাদের নৌচলাচল ও অবস্থান শনাক্তকরণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল এবং অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করার চেষ্টা করেছিল।
আরও পড়ুন: ফ্রান্সে পুলিশ কর্মকর্তার বাড়িতে আগুন, পুড়ে ছাই পুরো বাড়ি
ইরানের এই বাহিনী আরো অভিযোগ করে যে, জাহাজ দুটি একাধিক নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে একটি জাহাজ হরমুজ প্রণালির পূর্বদিকে এবং অন্যটি প্রণালির ভেতরে মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
তবে, ওমান উপসাগরে আগুনে আক্রান্ত কার্গো জাহাজটির সঙ্গে আইআরজিসির দাবি করা ওই দুটি তেলবাহী ট্যাংকারের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এএম
আরও পড়ুন: পোল্যান্ডে গুলিতে নিহত ৬, হামলাকারীর বাড়ি থেকে আরও ৩ মৃতদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন