১১:০৪ পি.এম
নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের আশা, ৯ম জাতীয় পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে এই সম্মিলিত উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর শুভেচ্ছা স্মারকলিপিটি প্রদান করা হয়।
এই সংগঠনের সদ্য গঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। এখানে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানানো হয়েছে এবং সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৮ম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়েছে। এই সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা সহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়নি।
আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি
ফলে ২২ লাখ সরকারি চাকুরিজীবীর পরিবারে চরম হতাশা এবং অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দের দাবি, দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এর আগে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ‘কাউন্সিল-২০২৬’ অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের জনাব আবদুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের জনাব আশিকুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন