শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩০ পি.এম
বাগেরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৬ : মোংলায় ১৪শ’ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন (ঢাকা)।
শুক্রবার বিকেলে পৌর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে, দুস্থ নারী ও পুরুষদের হাতে মাংস তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি, সুপ্রিম কোর্টের অ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় বাঙ্গালী ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মাংস বিতরণকালে অ্যাড. মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ১৫টি গরু জবাই করে তার মাংস এখানকার অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যদি সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের মুখে একটুখানি হাসি ফোটানোর চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না।’
তিনি ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচির আয়োজকরা জানান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির এই সময়ে দরিদ্র ও দুস্থ পরিবারগুলোর প্রোটিনের অভাব মেটাতে এবং তাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। মাংস হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছোট পর্দার একটি পরিচিত মুখ হলেন সাফা কবির। তাঁর অভিনয়ের দক্ষতার পাশাপাশি সৌন্দর্য ও ফ্যাশন স্টাইল সবসময়ই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত সক্রিয়, যেখানে নিজের কাজ এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও প্রশংসার পাত্র হয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে, সাফা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে পাঁচটি ছবি পোস্ট করেন। এই ছবিগুলোতে কমলা রঙের পোশাকে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা পড়েছেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে সাফাকে দেখা যায় অরেঞ্জ রঙের স্লিভলেস গাউনে। তুলনামূলক খোলামেলা আবহের এই সাজে তাঁর মেকআপ ও স্টাইলিংয়ে ছিল স্নিগ্ধতার ছাপ। দিনের আলোয় ইনডোর পরিবেশে তোলা ছবিগুলোতে সাফার উপস্থিতিতে একদিকে স্বাভাবিকতা, অন্যদিকে আকর্ষণীয় ফ্যাশন সেন্সের প্রকাশ ঘটেছে।
ছবি প্রকাশের পরপরই তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়। কমেন্ট বক্সে অনেকেই অভিনেত্রীর সৌন্দর্য, পোশাক ও স্টাইলের প্রশংসা করেন। নানা ইতিবাচক মন্তব্যের পাশাপাশি তাঁর অনুসারীরা ভালোবাসাও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, নাটক ও টেলিফিল্মের পাশাপাশি সাফা কবির ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের ক্ষেত্রেও তাঁর ব্যস্ততা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান ও বিনোদন অঙ্গনের নানা আয়োজনে তাঁকে দেখা যায়। কাজের ব্যস্ততার ফাঁকে নিয়মিত নতুন ফটোশুট এবং নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি বিশাল ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্স ও দুটি বড় টানেল ইসরাইলি সামরিক বাহিনী হাজার টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করে উড়িয়ে দিয়েছে।
আল-তাহের পর্বতশ্রেণীর নিচে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই টানেল ধ্বংস করার সময় যে শক্তিশালী বিস্ফোরণ ঘটে, তার তীব্রতায় এলাকাটি ভূকম্পনের মতো কেঁপে ওঠে।
মার্কিন ভূগোলোক জরিপ সংস্থা জানায়, এই বিস্ফোরণের ফলে ৪.১ মাত্রার ভূমিকম্পের সমপরিমাণ তীব্রতা অনুভূত হয়েছিল, যার কম্পন প্রায় ৪০ কিলোমিটার উত্তরের উপকূলীয় শহর সাইদাতেও অনুভূত হয়।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, এই টানেলটি দীর্ঘ দুই দশক ধরে ইরানের অর্থায়ন ও পরিকল্পনায় তৈরি করা হয়েছিল। এখানে হিজবুল্লাহর বদর ইউনিটের একটি প্রধান কমান্ড সেন্টার ছিল, যেখানে বিপুল পরিমাণ রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ট্যাঙ্কবিধ্বংসী অস্ত্র উদ্ধার করা হয়।
ইসরাইল দাবি করেছে, কমপ্লেক্সটি পুরোপুরি ধ্বংস করার মাধ্যমে সীমান্তবর্তী একটি নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলার কাজ সম্পন্ন হয়েছে এবং এর ভেতরে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যরা নিহত হয়েছে বা পালিয়ে গেছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহ বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বিগত মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালালে নতুন করে লেবানন ও ইসরাইলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। এতে লেবাননে এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল করে নেয়। যদিও গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমেছে, তবুও সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনীর এমন বড় ধরনের ধ্বংসাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশি চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তারা আন্তর্জাতিক অপরাধী চক্রের সক্রিয় সদস্য। অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে চক্রটি অনলাইনে ডিজিটাল প্রতারণা, মাদক, এটিএম জালিয়াতি, অনলাইন ক্যাসিনো, স্বর্ণ চোরাচালান ও মানবপাচারের মতো কাজ করছিল।
কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ চট্টগ্রামের অভিজাত খুলশী এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১৭০টি ডিভাইস উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ডিভাইসগুলোর মধ্যে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস ও একটি প্রিন্টার রয়েছে। এছাড়া পাঁচটি পেনড্রাইভ, চারটি সিমকার্ড, তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ডও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত খুলশীর জালালাবাদের কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ওই ভবনের অষ্টম তলায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে লাওসের ৩৫ জন, চীনের ৫ জন, পাকিস্তানের ২১ জন, নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকালে দামপাড়া পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। তবে চক্রটির মূলহোতাকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ এখন তাকে খুঁজছে।
পুলিশ জানায়, ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি অপরাধী চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা প্রায় দেড় মাস আগে খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নাম্বার রোডের জনৈক দুবাই প্রবাসীর ১ নাম্বার বাড়িটি ভাড়া নিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করে আসছিল।
চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে অনলাইনভিত্তিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা ও অন্যান্য অনলাইন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানতে পেরেছে, বাংলাদেশে তাদের সংঘবদ্ধ অপরাধমূলক কার্যক্রম নির্বিঘ্নে ও নিরাপদে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা প্রদানকারী দেশীয় ও বিদেশি সহযোগী রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারে মাঠে নেমেছে।
এছাড়া চক্রটি স্ক্যামিংয়ে জড়িত। স্ক্যামিং বলতে সাধারণ ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ, ব্যক্তিগত তথ্য, ব্যাংক বা অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণসহ বিভিন্ন ধরনের সুবিধা হাতিয়ে নেওয়ার কৌশল। প্রতারকরা ভুয়া পরিচয় ও মিথ্যা তথ্য ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেন। কখনো লোভনীয় অফার, চাকরির প্রস্তাব, বিনিয়োগে অতিরিক্ত লাভের আশ্বাস কিংবা জরুরি পরিস্থিতির কথা বলে অর্থ বা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল, মোবাইল ফোন, ভুয়া ওয়েবসাইটসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এসব প্রতারণার অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
খুলশী এলাকার বাসিন্দা আবুল কাশেম জানান, গত এক মাস ধরে আটতলা ওই ভবনে বিদেশি নাগরিকদের আনাগোনা ছিল। অবস্থান করা বিদেশিরা অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিতেন। পরে জানা যাচ্ছিল সেখানে বড় অঙ্কের অর্থের লেনদেনের পাশাপাশি ক্যাসিনোসদৃশ কার্যক্রম করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসব তথ্য ছিল। ডিভাইসগুলোতে আর্থিক লেনদেন, যোগাযোগ কিংবা অনলাইন কার্যক্রমের কোনো তথ্য রয়েছে।
সিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে জানান, বৈধভাবে দেশে প্রবেশ করে অনেক বিদেশি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তারা নানাভাবে ডিজিটাল প্রতারণা করছে। এসব প্রতারণার নেপথ্যে কিছু বিদেশি নাগরিক মূল পরিকল্পনাকারী হলেও ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ উত্তোলনে সহায়তা করছে স্থানীয় কিছু সহযোগী। বিদেশি চক্রগুলো হেরোইন, কোকেনসহ বিভিন্ন অপ্রচলিত মাদকের কারবার, জাল ডলার ব্যবসা, ক্রেডিট কার্ড জালিয়াতি, অনলাইন ক্যাসিনো এবং মানবপাচারের মতো অপরাধেও বিদেশিদের সম্পৃক্ততা রয়েছে। অনেককে গ্রেফতার করা হলেও পরে কেউ কেউ জামিনে মুক্ত হয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে চীন, ভারত, নাইজেরিয়া, কেনিয়াসহ, আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা এসব অপরাধের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রবেশের পর কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নিজেদের পাসপোর্ট নষ্ট করে ফেলে, যাতে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এরপর রাজধানীর অভিজাত এলাকায় বাসা কিংবা হোটেল ভাড়া নিয়ে গড়ে তোলে অপরাধের ঘাঁটি।
সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান, সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা যৌথ অভিযানে অনলাইন প্রতারণার বিভিন্ন ডিভাইসসহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। খুলশী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ডিভাইসগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি। একই সঙ্গে বাঙালির লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচের মতো আনন্দ-উৎসব আয়োজন থেকেও মানুষ বঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে আয়োজিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, “আনিসুর রহমান তালুকদার খোকন সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছেন বলেই আজ এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এবং তিনি চমৎকার এ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন।”
বাঙালির লোকজ ঐতিহ্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নৌকা বাইচ আমাদের শত বছরের প্রাণের ঐতিহ্য। নানা কারণে এই ঐতিহ্য একসময় হারিয়ে যেতে বসেছিল। অতীতে সাধারণ মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দের সঙ্গে নৌকা বাইচ উপভোগ করতেন। খোকন তালুকদার কালকিনিতে সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও ফিরিয়ে এনেছেন।
অনুষ্ঠানে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। এছাড়া বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৌকা বাইচকে ঘিরে আড়িয়াল খাঁ নদীর দুই তীরে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার দর্শনার্থী নদীর দুই পাড়ে ভিড় করে প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকার ছন্দময় বৈঠার তালে তালে দর্শনার্থীদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ