মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০৩:০৫ পি.এম
শেরপুরের ঝিনাইগাতীতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, , ২৪ অক্টোবর ২০২৬ তারিখে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জামতলা কলনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন হলদিগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা।
এ সময় ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) এবং একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।
উদ্ধার করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা। এ ঘটনায় আটক দুইজনের পাশাপাশি পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিজিবি জানিয়েছে, মাদক নির্মূলে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা মোঃ জামাল আহমদ ইউনিয়নবাসী ও ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় পর্যায়ে নির্বাচনি কার্যক্রমকে সামনে রেখে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার মানুষের প্রত্যাশা জানার চেষ্টা করছেন। তিনি মনে করেন, একটি ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
চাপরতলা ইউনিয়নের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে মোঃ জামাল আহমদ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর পথচলার অনুপ্রেরণা। তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হতে চান। এলাকার উন্নয়ন, জনসাধারণের সমস্যা চিহ্নিত করা এবং মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের আস্থা অর্জন করতে হলে কথার চেয়ে কাজে নিজেকে প্রমাণ করা জরুরি। তাই তিনি ইউনিয়নবাসীর দোয়া কামনা করছেন এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যেতে চান।
চাপরতলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে জনসেবার সুযোগ পেলে মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান। এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জনবল কমানোর পদক্ষেপ গ্রহণ করছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইরান মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এমন গোয়েন্দা তথ্য সংস্থাগুলোর হাতে এসেছে। মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্য এবং আরও কয়েকটি দেশে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এক পৃষ্ঠার ওই স্মারকলিপিতে সম্ভাব্য লক্ষ্যবস্তু, ব্যক্তি, মধ্যপ্রাচ্যের বাইরে সংশ্লিষ্ট দেশগুলোর নাম কিংবা ষড়যন্ত্রের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অ্যাক্সিওসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও যাতে আরও বিস্তৃত পরিসরে তথ্যটি জানাতে পারেন, সে জন্য প্রয়োজন অনুযায়ী এর গোপনীয়তার মাত্রা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন ক্লেটন।
শুক্রবার রাতে এক মার্কিন কর্মকর্তা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। কর্মকর্তারা জানান, এই পদক্ষেপ থেকে বোঝা যায়, সম্ভাব্য হুমকিকে যুক্তরাষ্ট্র সরকার কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মার্কিন এক কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো থেকে কর্মী কমিয়ে আনার সিদ্ধান্তের পেছনে এসব গোয়েন্দা তথ্যও একটি কারণ। এর আগে সিএনএন এ খবর প্রকাশ করেছিল।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস এবং জেদ্দা ও দাহরানের কনস্যুলেট থেকে পরিবারের সদস্য ও জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ সহায়তার প্রতিশ্রুতি থাকলেও ক্ষতিগ্রস্ত দেশগুলো পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণ করে এই কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন এখনও প্রত্যাশা অনুযায়ী আসছে না। অন্যদিকে যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয়ে একই ধরনের অনীহা দেখা যায় না।’
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আন্তর্জাতিক অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করাই থাকবে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।’
শামা ওবায়েদ আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত। আসন্ন জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা হিসেবে নয়, অনুদান হিসেবে আনাই হবে বাংলাদেশের কাজের মূল অংশ।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের প্রসঙ্গে তিনি বলেন, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকার আশাবাদী। তিনি উল্লেখ করেন, ‘জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তারেক রহমানের সফরে অবকাঠামো, জ্বালানি, টেকনোলজি, গামেন্টস খাতে জাপানের সঙ্গে সহযোগিতা আরও বাড়বে। বাংলাদেশে জাপানি বিনিয়োগও বাড়বে।’
এদিকে, প্রধানমন্ত্রীর জাপান সফরের পূর্বে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ডেকে পাঠানোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো কর্মকর্তাকে ডেকে পাঠানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এতে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে আলাদা কোনো বিষয় নেই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফাহাম আব্দুস সালাম একটি শিশুকে কেন্দ্র করে বিতর্কে নিরুপায় বাবার পাশে দাঁড়ানো ব্যক্তিদের মব করার হুমকি দেওয়ার সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন, যারা এমন হুমকি দিচ্ছেন, তারা শিশুটির বাবার আকুতি বুঝতে পারছেন না; বরং একটি থাপ্পড়ের বিষয়টিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। একইসঙ্গে ইসলাম রক্ষার কথা বলে যারা এমন আচরণ করছেন, তাদের সমালোচনা করে তিনি বলেছেন, তারা ইসলামকে ‘জোকারিতে পরিণত করছেন’।
শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাহাম আব্দুস সালাম এসব কথা লেখেন। পোস্টে তিনি মব করার হুমকিদাতাদের ‘নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ’ হিসেবে উল্লেখ করেন।
ফাহাম লেখেন, ‘যারা একটি শিশুকামীর পক্ষ নিয়ে মব করার হুমকি দিচ্ছেন—তারা নিকৃষ্টতম গোত্রবাদী মানুষ। আপনারা একজন নিরুপায় বাবার ফরিয়াদ বোঝেন না—বোঝেন একটা থাপ্পড়ের মরতবা।’
পোস্টের পরের অংশে তিনি আরও লেখেন, ‘আপনারা করবেন ইসলাম রক্ষা! বেহায়া মানুষজন আপনারা এবং আপনারাই তারা—যারা ইসলামকে জোকারিতে পরিণত করছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ