০৮:৩৮ পি.এম
বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর নির্ভরশীল বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, অব্যাহত থাকলে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বায়ুদূষণ, জলবায়ু বিপর্যয় এবং অর্থনৈতিক ঝুঁকি বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এ সতর্কতা তুলে ধরা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) ওয়াশ প্রশিক্ষণ কেন্দ্রে ‘এলএনজি’স লাস্ট ডিচ: দ্য মিডি মাস্টার প্ল্যান ফর বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি তৈরি করেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমড়া (ধরা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরা কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী।
প্রতিবেদন অনুযায়ী, মিডি মহাপরিকল্পনার আওতায় প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয়ে নতুন গ্যাস অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে ব্যয়বহুল এবং অনিশ্চিত আমদানি নির্ভরতার দিকে ঠেলে দিতে পারে। এর ফলে বিদ্যুতের দাম বৃদ্ধি, লোডশেডিং, শিল্প উৎপাদনে ব্যাঘাত এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিডির আওতায় পরিকল্পিত জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ হতে পারে, যা বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানির নিঃসরণের ১০ গুণেরও বেশি। এতে বায়ুদূষণ, জনস্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি বাড়ার পাশাপাশি বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ুজনিত দুর্যোগ আরও তীব্র হতে পারে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এলএনজি আমদানিনির্ভরতা দেশের তৈরি পোশাক শিল্প এবং রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতাকেও ঝুঁকিতে ফেলতে পারে। তাই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। প্রতিবেদনে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশের ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। ২০৩০ সালের মধ্যে ১০ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক অর্থায়নকারীদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক এবং ধরার সদস্যসচিব শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির পরিচালক ইউকি তানাবে, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ এবং কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়াসহ পরিবেশ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন