১২:০৪ পি.এম
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পঞ্চবটি এলাকার 'আমাদের প্রচেষ্টা' নামের একটি মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি স্থানীয় এক নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে বাড়ির তালা খুলে দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় দুই লাখ টাকা নিয়েছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির কিছু সদস্য পপি বেগমের বাড়িতে তালা লাগিয়ে দেন। এরপর ইউসুফ মিয়া তালা খোলার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে দুই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে পপি বেগম ওই টাকা প্রদান করার পরও তার বাড়ির তালা খোলা হয়নি বলে জানা গেছে।
পপি বেগম মুঠোফোনে বলেছেন, “অপু ও ইউসুফ গং অভিযানের নামে আমার বাড়িতে তালা লাগায়। পরে তালা খোলার জন্য আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু তারা তালা খোলেনি। এরপর আমি থানায় মামলা করি। ওই মামলায় উমর মোহাম্মদ অপুকে গ্রেপ্তার করা হয়েছে।”
আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম
ইউসুফের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার মামা জহির মিয়ার মাধ্যমে বিষয়টি আপসের চেষ্টা চলছে।”
পপি বেগমের মামা জহির মিয়া অভিযোগ করে বলেন, “পপির বাড়ির তালা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ দুই লাখ টাকা নেয়। কিন্তু টাকা সে নিজেই রেখে দেয় ও তালাও খোলেনি। আমি বিষয়টি জানতে চাইলে ইউসুফ বলেছে, টাকা তার এক ভাগ্নের কাছে দিয়েছে এবং টাকা ফেরত দিতে এক মাস সময় চেয়েছে।”
অভিযোগের ব্যাপারে ইউসুফ মিয়ার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি পপি বেগমের কাছ থেকে টাকা নিয়েছি। তবে এটি চাঁদা হিসেবে নয়, আমি সুদে নিয়েছি।”
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “একই ঘটনায় চাঁদাবাজির অভিযোগে অপু কারাগারে রয়েছে, তবে ইউসুফের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।”
আরও পড়ুন: পিসিটির পর সিসিটির দিকে নজর দিচ্ছে সৌদি কোম্পানি
উল্লেখযোগ্য যে, অভিযোগগুলোর সত্যতা নির্ভর করবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং আদালতের সিদ্ধান্তের ওপর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন