০১:৫৩ পি.এম
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় লোকালয়ে অবস্থিত চামড়া পোড়ানোর একটি অবৈধ কারখানার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানের অংশ হিসেবে এক্সকাভেটর ব্যবহার করে কারখানাটির সকল স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার, দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ (আমতলা) এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ১২ ধারা লঙ্ঘনের কারণে ১৭ ধারায় কারখানার মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে এক্সকাভেটরের মাধ্যমে অবৈধ কারখানাটির সব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কারখানার মালিককে ভবিষ্যতে পরিবেশদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন: পদত্যাগের গুজব ও এআই ছবি: বিভ্রান্তির নতুন কৌশল
মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানের নিরাপত্তায় সিরাজগঞ্জের এসআরবি-১২-এর একটি দল দায়িত্ব পালন করে। বুধবার সকালে পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চিত করেন।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ এবং পরিবেশদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন