ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাতে ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস


রাতে ৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে।

এসময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগের অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে।

বুধবার (৩ জুন) বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ করা হয়েছে।

এদিকে, আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: ইশরাক কাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে পুশইন চেষ্টা রুখে দেয়ার পর জয়পুরহাটে কাঁটাতারের বেড়া, সাতক্ষীরায় ২ জন গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


যশোরে পুশইন চেষ্টা রুখে দেয়ার পর জয়পুরহাটে কাঁটাতারের বেড়া, সাতক্ষীরায় ২ জন গুলিবিদ্ধ

বাংলাদেশ-ভারত সীমান্তে হঠাৎ করেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন বা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অন্যদিকে, জয়পুরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন দুই বাংলাদেশি। উদ্ভূত পরিস্থিতিতে পুশইনসহ যেকোনো অপচেষ্টা রুখতে সীমান্তে দিনরাত টহল জোরদারের পাশাপাশি বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার (৩ জুন) ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবির তৎপরতার ফলস্বরূপ পিছিয়ে যেতে বাধ্য হয় পুশইনের চেষ্টায় থাকা বিএসএফ সদস্যরা। শূন্যরেখা থেকে ১৫ জনের একটি দলকেও সরিয়ে নেয় তারা। পরে বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়ে অনুপ্রবেশকারীদের কোনো উপস্থিতি দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাহিনীর অতিরিক্ত সদস্যকে প্রত্যাহার করে টহল স্বাভাবিক রেখেছে বিজিবি।

এর আগে, রোববার (৩১ মে) রাতে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে জড়ো করেছিল বিএসএফ। সে সময় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল তাদের আটকে দেয়।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, 'তারা কিন্তু কখনোই সীমান্তরেখা ক্রস করতে আমরা দেইনি। টহল যেরকম থাকার কথা ছিল সেরকমই আছে।'

এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা জানান, 'কাঁটাতারের বেড়ার এপাশে বিএসএফ কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল।'

সীমান্তের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি সীমান্ত হত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'বিচার ছাড়াই যখন বাংলাদেশিদের সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তখন সার্বভৌমত্ব বলে আছে যে কিছু- এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য।'

এদিকে জয়পুরহাট সীমান্তেও উত্তেজনা চলছে। গত ২৬ মে থেকে সোমবার (১ জুন) পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সদস্যরা পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তে অন্তত ৫০ মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দারা বলেন, গরু-ছাগল নিয়ে জমিতে ঘাস খাওয়ানোর জন্য যখন নিয়ে যাই, তখন বিএসএফ আমাদের ওপর অতর্কিত হামলা করে। রাতে আঁধারে যখন আমরা থাকি, ওরা ওখান থেকে হইচই-চিল্লাপাল্লা করে। আমরা এর একটা স্থায়ী সমাধান চাই।

অন্যদিকে, সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মহিউদ্দিন ও শাহীন। আহতদের স্বজনরা জানান, প্রায় এক বছর আগে তারা ভারতে গিয়ে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ঈদের ছুটিতে বুধবার (৩ জুন) ভোরে সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কোপালেন ছেলে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নতুন মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে পুলিশ সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করা হয়।

গুরুতর আহত তার বাবা কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ডের কাছে স মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল কিনে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে কামাল মিয়া তা কিনে দিতে না পারায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

মঙ্গলবার রাতে এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা একটি বটি দিয়ে বাবার ওপর হামলা চালান। এতে কামাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নগরীর খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে। একই সঙ্গে হামলায় ব্যবহৃত বটিটিও উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম গণমাধ্যমকে জানান, মোবাইল কেনা এবং আর্থিক লেনদেনের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগাম বন্যা থেকে ফসল রক্ষায় চলনবিলে নির্মাণ হচ্ছে রিং বাঁধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


আগাম বন্যা থেকে ফসল রক্ষায় চলনবিলে নির্মাণ হচ্ছে রিং বাঁধ

আগামী বন্যার পানি থেকে চলনবিল অঞ্চলের কৃষকদের ফসল রক্ষার জন্য সিরাজগঞ্জে নির্মাণ করা হচ্ছে স্বল্প উচ্চতার একটি ফসল রক্ষা রিং বাঁধ। এই নির্মাণের ফলে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার বিশাল ফসলের মাঠ বন্যার কবলে পড়া থেকে রক্ষা পাবে।

সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে বর্তমানে সোনালী ধানের সমারোহ দেখা যাচ্ছে। এটি চলনবিল বেষ্টিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর অঞ্চলের কৃষকদের সারা বছরের শ্রমের ফল। প্রতিবছর আগাম বন্যার আতঙ্কে কৃষকরা দুশ্চিন্তায় থাকেন। সেই উদ্বেগ কমাতে, শাহজাদপুর উপজেলার রাউতারায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মাণ করছে এক হাজার ২৫০ মিটার দীর্ঘ এই অস্থায়ী রিং বাঁধ।

বড়াল নদীর ওপর নির্মিত বালি দিয়ে তৈরি এই বাঁধটি মূলত চলনবিলের ৯টি উপজেলার প্রায় ৭২ হাজার হেক্টর জমির ফসল রক্ষায় সহায়ক হিসেবে কাজ করবে। এই বাঁধ নির্মাণে মোট ব্যয় হচ্ছে প্রায় দুই কোটি ৪৭ লাখ টাকা।

স্থানীয় কৃষক আব্দুল মমিন বলেন, ‘এই বাঁধটি না থাকলে আগাম বন্যার পানিতে মাঠের পাকা ধান এক নিমিষেই তলিয়ে যেত।’ তিনি বাঁধের নির্মাণের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে বলেন, ‘আমরা এখন ধান ঘরে তোলার অপেক্ষায় আছি।’

একজন খামারি রহমত আলী জানান, প্রতি বছর এই বাঁধ নির্মাণের কারণে এ অঞ্চলের হাজার হাজার কৃষকের জন্য এটি একটি বড় আশীর্বাদ হিসেবে প্রতিস্থাপন হয়েছে। তিনি আরো বলে, ‘যেভাবে কৃষকেরা এই বাঁধ থেকে উপকার পাচ্ছেন, তেমনি আমরা যারা গবাদি পশু পালন করি তারাও উপকৃত হচ্ছি। দ্রুত বাঁধের নির্মাণকাজ শেষ করার দাবি আমাদের সকলের।’

শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই বাঁধের ফলে কৃষকের ধান আগাম বন্যার জলধারার হাত থেকে রক্ষা পাবে। তবে, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির অন্তত ৮০ ভাগ ধান পাকলে তা দ্রুত কেটে ফেলতে পরামর্শ দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী শাহিন রেজা বলেন, ‘বাঁধটি সময়মতো নির্মাণ শেষ করার জন্য আমরা কাজ করছি, যাতে অঞ্চলের কৃষকরা নিরাপদে তাদের ধান ঘরে তুলতে পারেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমল, কি কারণ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমল, কি কারণ?

গত তিন বছর ধরে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেয়ে আসছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর গাঙ্গুলির নিরাপত্তার স্তর দুই ধাপ কমিয়ে ‘ওয়াই ক্যাটাগরি’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সৌরভের নিরাপত্তার দায়িত্বে ৮ থেকে ১০ জন পুলিশ মোতায়েন ছিল। ২০২৩-র মাঝামাঝি সময় পর্যন্ত সাবেক এই ক্রিকেটার ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন। তখন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তিনজন পুলিশ সদস্য তার নিরাপত্তা নিশ্চিত করতেন। সৌরভের বাসায়ও পুলিশ কর্মীরা নিরাপত্তার জন্য দায়িত্বে ছিলেন। তবে ২০২৩ সালের মে মাসে তার নিরাপত্তা বাড়িয়ে ‘জেড ক্যাটাগরি’ করে দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূল সরকারের পক্ষ থেকে। কিন্তু বর্তমানে বিজেপি সরকার তার নিরাপত্তা দু ধাপ কমিয়ে ফের ‘ওয়াই ক্যাটাগরি’তে ফিরিয়ে এনেছে। সাধারণত ‘ওয়াই ক্যাটাগরি’তে নিরাপত্তার দায়িত্বে ৩ থেকে ৪ জন নিরাপত্তা কর্মী থাকেন, যাদের মধ্যে দুজন সশস্ত্র নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, বিধায়ক, সাংসদ, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শীর্ষ আমলারা বিভিন্ন স্তরের নিরাপত্তা নিয়ে থাকেন। এই নিরাপত্তার ক্যাটাগরি তিনটি স্তরের অর্থাৎ ‘এক্স’, ‘ওয়াই’ এবং ‘জেড’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ‘ওয়াই’ এবং ‘জেড’-এর ক্ষেত্রে ‘প্লাস’ নামে আলাদা একটি ক্যাটাগরি রয়েছে। এ ছাড়াও সরকারী নির্দেশে শিল্পপতি, তারকা, খেলোয়াড় সহ বিশিষ্ট নাগরিকরা নিরাপত্তা পেয়ে থাকেন। একজন নাগরিকের জীবনের ঝুঁকি কতটা তা নির্ধারণ করে তাঁকে কোন পর্যায়ের নিরাপত্তা প্রদান করা হবে। ‘জেড ক্যাটাগরি’তে নিরাপত্তার দায়িত্বে অন্তত ৩৫ জন পুলিশ সদস্য থাকেন, যাদের মধ্যে রাজ্য পুলিশের কমান্ডোও রয়েছেন। এ ছাড়াও রাজ্য সরকারের ‘জেড ক্যাটাগরি’তে এক পাইলট গাড়িও থাকে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে জানান যে, প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা আর কোনো রাজনৈতিক নেতার জন্য দেওয়া হবে না। এমনকি রাজনীতিবিদ নয় যাদের নিরাপত্তা প্রয়োজন, তাদের নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হয়। সরকার পরিবর্তনের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাও কমিয়ে দেয়া হয়। তিনি যেহেতু একজন সাংসদ তাই তার জন্য যে নিরাপত্তা বরাদ্দ পাওয়া উচিত ছিল তা প্রদান করা হয়। পরে অবশ্য সোনারপুরে জনরোষের সম্মুখীন হওয়ার পর তাকে ‘এক্স ক্যাটাগরি’র নিরাপত্তা দেওয়া হয়। এর পাশাপাশি, তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমার সহ তৃণমূলের ১০ নেতার নিরাপত্তা কমিয়ে দেয়া হয়। ফিরহাদ হাকিম, যিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মেয়র হিসেবে ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পেতেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য নির্বাচনিতে হেরে যাওয়ার কারণে তাদের নিরাপত্তা সরানো হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা কমানো হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%