০৩:১৭ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন করেছেন।
আজ সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ ও সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম, চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মুহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং, সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন এবং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিনসহ আরও অনেকে।
আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’ তথা ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’- সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা, মৎস্যসম্পদ উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ‘যে উদ্দেশ্যে এই ডাটা সেন্টার স্থাপিত হয়েছে, সেটা আমরা সফল করব, ইনশাআল্লাহ। যে কোন ধরণের সীমাবদ্ধতাকে সমাধান করে সেটাকে আমরা আমাদের সক্ষমতায় পরিণত করবো।’
ডাটা সেন্টারের উপকারিতা সম্পর্কে তিনি বলেন, এই ডাটা সেন্টারের মাধ্যমে আমরা একটি নতুন টেকনোলজির সঙ্গে পরিচিত হয়েছি। এর মাধ্যমে আমাদের কাছে তথ্য-উপাত্ত সংগ্রহের একটি সুযোগ এসেছে।
তিনি আরও জানান, জলে-স্থলে সব জায়গায়ই এটি কাজে লাগবে। বিশেষ করে যারা আমাদের নাবিক, জেলে, শিপিং-ফিশিংয়ের সঙ্গে জড়িত, তাদের জন্য এই তথ্য-উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
ডাটা সেন্টারের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও হাইস্পিড ইন্টারনেটের আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণের জন্য দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারটিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে আমরা প্রযুক্তিগত উন্নয়নের দিকে আরও একধাপ এগিয়ে যাবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন