ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

উপকূলের জনজীবনে সুপেয় পানির সংকট, বাড়ছে কিডনি ও মূত্রনালীর রোগ


উপকূলের জনজীবনে সুপেয় পানির সংকট, বাড়ছে কিডনি ও মূত্রনালীর রোগ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট তীব্রতর হচ্ছে। প্রয়োজনের তুলনায় কম পানি পান করায় মূত্রনালীর সংক্রমণ সমস্যায় ভুগছেন অনেকে। কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। চর্মরোগের পাশাপাশি নারীদের প্রজনন স্বাস্থ্যঝুঁকিও দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে উপকূলের বাস্তবতা বিবেচনায় নিয়ে এখনই প্রয়োজন দীর্ঘমেয়াদি ও টেকসই সুপেয় পানির ব্যবস্থা।

পানির অপর নাম জীবন। কিন্তু সেই জীবন বাঁচাতে প্রতিদিন অসহনীয় সংগ্রাম করতে হচ্ছে উপকূলের মানুষের। চারদিকে পানি থাকলেও তা পান করার উপযোগী নয়। জলবায়ু পরিবর্তনের কারণে পানিতে লবণাক্ততার মাত্রা বেড়ে গেছে। এই পানি দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে বিভিন্ন জটিল রোগ দেখা দিচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার মানুষকে সুপেয় পানির জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।

মরিয়ম বিবির অভিজ্ঞতা সুপেয় পানি সংগ্রামের। সুস্থতা কিংবা অসুস্থতা, ঝড়-বৃষ্টি কিছুই থামাতে পারে না পানির খোঁজে তার বের হওয়া। যুগের পর যুগ ধরে পাত্র হাতে পানি সংগ্রহ করতে হচ্ছে তাকে। তবে দিন যত যাচ্ছে, বিশুদ্ধ পানির সংকটও তত বাড়ছে। পানির জন্য প্রতিদিন যেন নতুন করে যুদ্ধ করতে হচ্ছে।

আরও পড়ুন: আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী

সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা গ্রামের মানুষের সকাল শুরু হয় কলসি হাতে পানির সন্ধানে বেরিয়ে। চারদিকে লবণাক্ত পানি থাকায় তাদের যেতে হয় সংরক্ষিত মিঠাপানির পুকুর, পানি শোধনাগার কিংবা সরকারি-বেসরকারি বিভিন্ন পানির উৎসে।

স্থানীয় নারীরা বলেন, "পানির ওপরই মানুষের জীবন নির্ভর করে।" লবণাক্ততার কারণে বর্ষাকালে বৃষ্টির পানি পান করতে হয়। বৃষ্টি শেষ হলে পাশের একটি পুকুরের পানি ব্যবহার করতে হয়। তবে সেখান থেকে পানি আনতে অনেক কষ্ট হয়।

এসআরডিআইয়ের তথ্যমতে, উপকূলীয় অঞ্চলের বাগেরহাটের শরণখোলা, খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার শ্যামনগরের মতো এলাকায় লবণাক্ততার মাত্রা দ্বিগুণ হয়েছে। ফলে দৈনন্দিন কাজে পানি ব্যবহারের কারণে চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।

এক নারী বলেন, "পানির কারণে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়।" ভালো পানি দিয়ে গোসল করতে না পারলে এবং ভালো পানি পান করতে না পারলে নানা অসুবিধায় পড়তে হয়।

আরও পড়ুন: পাঁচবিবির গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ, সরকারি সহযোগিতার দাবি

এ অবস্থায় বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি ও টেকসই সুপেয় পানির ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। অন্যদিকে, উপকূলীয় এলাকার চিকিৎসকরা বলছেন, প্রয়োজনের তুলনায় কম পানি পান করায় অনেকেই মূত্রনালীর সংক্রমণ ও কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। পানিতে অতিরিক্ত লবণাক্ততার কারণে কয়েকবার ফিল্টার করার পরও ডায়ালাইসিসের জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানি পাওয়া কঠিন হয়ে পড়ছে।

সাতক্ষীরার শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের ম্যানেজার ডা. শাহরিয়ার হাসান বলেন, "সাধারণত দেশের অন্যান্য অঞ্চলে পুরুষদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই রোগীর সংখ্যা খুবই কম। কিন্তু এ অঞ্চলে পুরুষ রোগীর সংখ্যাও অনেক।" দীর্ঘদিন ধরে মানুষ এ সমস্যায় ভুগছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের কিডনির সমস্যাও বাড়ছে। ডায়ালাইসিসের জন্য পানিতে লবণাক্ততার মাত্রা বা টিডিএস খুব কম থাকতে হয়, ১০-এর নিচে। কিন্তু কয়েক দফা ফিল্টার ও রি-ফিল্টার করার পরও কাঙ্ক্ষিত টিডিএস মাত্রা নিশ্চিত করা যাচ্ছে না।

পানির সংকট মোকাবিলায় কিছু বেসরকারি সংস্থা কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন এলাকাভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং টেকসই উদ্যোগ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, "এখন থেকে প্রকল্পগুলো বাস্তবায়নের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে।" একই সঙ্গে প্রকল্পগুলো যাতে টেকসই হয়, তা নিশ্চিত করতে হবে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও স্থানীয় মানুষ সেই সুবিধা ব্যবহার করছেন কি না, নাকি প্রকল্প শেষ হলে আবার নতুন প্রকল্পের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন-এসব বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

তবে সুপেয় পানির এই সংকট থেকে কবে মুক্তি মিলবে, সেই অপেক্ষার যেন শেষ নেই স্থানীয় মানুষের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের বাজারে সৌদি জোটের বিমান হামলায় ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


ইয়েমেনের বাজারে সৌদি জোটের বিমান হামলায় ৩০ জন নিহত

ইয়েমেনের বাজারে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। হুতি গোষ্ঠী অভিযোগ করেছে যে, এই প্রাণহানির ঘটনা ঘটেছে তাইজ প্রদেশের একটি বাজারে।

গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকার বাজারে হামলাটি সংঘটিত হয়।

হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের সংখ্যা সম্পর্কে তথ্য প্রদান করেন।

তবে হামলার দায় নিয়ে সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীরা পরস্পরকে দোষারোপ করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

তায়েজ প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা প্রাদেশিক রাজধানী অবরুদ্ধ করে রেখেছে, যেখানে সৌদি-সমর্থিত সরকার ও তাদের বাহিনীর অবস্থান রয়েছে।

হুতি পরিচালিত আল-মাসিরা টেলিভিশনে প্রচারিত ভিডিওতে হামলাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। সেখানে খাবার রাখা একটি ক্ষতিগ্রস্ত ভবন, ধ্বংস হওয়া যানবাহন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফলের বাক্স এবং ধ্বংসস্তূপ দেখা যায়।

তবে তায়েজে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার জন্য হুতিদের দায়ী করেছে। তারা একই সঙ্গে দাবি করেছে যে, ওই এলাকায় কোনো বিমান হামলা চালানো হয়নি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়াহ এলাকার আল-হাদারা বাজারে তিন দফা বিমান হামলা হয়।

তিনি সৌদি আরবকে এই হামলার জন্য দায়ী করেন। তার দাবি, সৌদি যুদ্ধবিমান খামিস মুশাইত বিমানঘাঁটি থেকে উড়ে এসে হামলা চালানোর পর সকাল ৮টার দিকে তায়েজ প্রদেশ ছেড়ে যায়। তবে তিনি নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ এম


আজ বাংলাদেশে প্রথম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী

বাংলাদেশের প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজীর মৃত্যুবার্ষিকী আজ ৭ নভেম্বর। এই সংগ্রামী নারী নিষ্ঠা, একাগ্রতা এবং সেবার মহান ব্রতে দীক্ষিত হয়ে আজীবন আর্তমানবতার সেবায় কাজ করে গেছেন।

জোহরা কাজীর পৈতৃক নিবাস মাদারীপুরের কালকিনি থানার গোপালপুর গ্রামে অবস্থিত। ১৯১২ সালের ১৫ অক্টোবর তার জন্ম হয়। ২০০৭ সালের ৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

ছোটবেলা থেকেই মেধাবী জোহরা ১৯৩৫ সালে দিল্লির হার্ডিং মহিলা মেডিক্যাল কলেজ থেকে প্রথম বিভাগে শীর্ষস্থান অধিকার করে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এবং ব্রিটিশ ভারতের ভাইসরয় পদক অর্জন করেন।

তিনি জনসেবা ও সমাজকল্যাণকে আদর্শ হিসেবে গ্রহণ করে মহাত্মা গান্ধীর ‘সেবাশ্রমে’ চাকরিজীবন শুরু করেন। দেশভাগের পর ভারতের বিভিন্ন হাসপাতালে কাজ করার পর, তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার হাতিরদিয়ার জমিদারপুত্র রাজুউদ্দিন ভূঁইয়ার (এমপি) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৪৮ সালে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করেন। সেই সময় মেডিক্যাল কলেজে পৃথক ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগ ছিল না।

ফলে, পুরুষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিতে হতো। অনেকেই এতে অনাগ্রহী হওয়ায় অকালমৃত্যুর ঘটনাও ঘটত বেশি। জোহরার ঐকান্তিক চেষ্টায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে মিটফোর্ড হাসপাতালে স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগ প্রতিষ্ঠা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটেনে অভিবাসীদের ধরতে জনসমাগমে মুখ শনাক্তকারী ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২১ এম


ব্রিটেনে অভিবাসীদের ধরতে জনসমাগমে মুখ শনাক্তকারী ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন নিয়ন্ত্রণকে আরো কঠোর করার লক্ষ্যে জনসমাগমস্থলে মুখ শনাক্তকারী ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করছে। এই প্রযুক্তির মাধ্যমে রেলস্টেশন, পরিবহনকেন্দ্র এবং বড় জনসমাগমের অনুষ্ঠানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে খোঁজা ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিসার মেয়াদ অতিক্রম করে দেশটিতে অবস্থানকারী এবং বৈধ অনুমতি ছাড়া প্রবেশকারী ব্যক্তিদেরও এই নজরদারির আওতায় আনার সম্ভাবনা রয়েছে।

সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে যে, প্রযুক্তিটির ব্যবহার নির্দিষ্ট আইনগত উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। তথ্য সুরক্ষা এবং কর্মকর্তাদের মাধ্যমে সতর্কবার্তা যাচাই করার বিধানও এতে অন্তর্ভুক্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা প্রথম প্রকাশিত হয় ৫ নভেম্বর ২০২৫। এরপর ২৮ জানুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ১৪ এপ্রিল ও ১৫ জুলাই ২০২৬ তারিখে বিভিন্ন সংশোধন করা হয়। সর্বশেষ ৮ অক্টোবর ২০২৬ তারিখে নীতিমালার হালনাগাদ সংস্করণ প্রকাশিত হয়। ২২ অক্টোবর প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত তথ্য সুরক্ষা মূল্যায়ন নথিও প্রকাশ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্রিটেনে বৈধ ভিসা নিয়ে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য এই পরিকল্পনা স্বয়ংক্রিয়ভাবে নতুন অপরাধ বা গ্রেপ্তারের বিধান তৈরি করছে না। তবে যাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং যাদের আইনগতভাবে খোঁজা হচ্ছে, তাদের শনাক্ত করার ক্ষেত্রে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গত ৪ নভেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও অনুসন্ধানী সংবাদমাধ্যম লিবার্টি ইনভেস্টিগেটসও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে। সরকারের নথিতে এ কর্মসূচিকে সাধারণ অভিবাসন আইন প্রয়োগের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে শুধু অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কিংবা বহিষ্কারাদেশ থাকা ব্যক্তিদের নয়, বরং অভিবাসন আইনের শর্ত অমান্যকারী ব্যক্তিদেরও শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে।

নতুন পরিকল্পনায় যেসব ব্যক্তির বিরুদ্ধে বহিষ্কারাদেশ রয়েছে, অভিবাসনসংক্রান্ত অপরাধে আদালতের পরোয়ানা রয়েছে কিংবা যাদের আইনগতভাবে আটক বা বহিষ্কারের জন্য খোঁজা হচ্ছে, তাদের মুখের ছবি নির্দিষ্ট তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। প্রবেশ বা অবস্থানের শর্ত অমান্যকারী এবং বৈধ অনুমতি ছাড়া যুক্তরাজ্যে পুনরায় প্রবেশের চেষ্টা করছেন—এমন ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্যও রয়েছে। তবে ভিসার মেয়াদ শেষ হলেই প্রত্যেক ব্যক্তির মুখ স্বয়ংক্রিয়ভাবে ওই তালিকায় যুক্ত হবে, এমন সিদ্ধান্তের কথা সরকারি নথিতে বলা হয়নি।

প্রযুক্তিটি কিভাবে কাজ করবে: নির্দিষ্ট এলাকায় স্থাপিত ক্যামেরা মানুষের মুখের ছবি ধারণ করে আগে থেকে তৈরি শনাক্তকরণ তালিকার সঙ্গে তুলনা করবে। যদি কোনো ব্যক্তির মুখের সঙ্গে তালিকাভুক্ত কারো সম্ভাব্য মিল পাওয়া যায়, তবে একটি সতর্কবার্তা তৈরি হবে। এরপর প্রশিক্ষিত কর্মকর্তা সেই মিল যাচাই করবেন। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অভিবাসনসংক্রান্ত তথ্য পরীক্ষা করার পর আইনগত ভিত্তি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ক্যামেরা নিজে কাউকে গ্রেপ্তার বা বহিষ্কারের সিদ্ধান্ত নেবে না।

পরীক্ষামূলক ব্যবহার শুরু

যুক্তরাজ্যের উত্তর ওয়েলসের হলিহেড বন্দরে ইতিমধ্যে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে তিনটি পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব পরীক্ষার উদ্দেশ্য ছিল আয়ারল্যান্ড থেকে যুক্তরাজ্যে প্রবেশকারী এমন ব্যক্তিদের শনাক্ত করা, যাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ রয়েছে অথবা অভিবাসনসংক্রান্ত অপরাধে আদালতের পরোয়ানা আছে। পরবর্তী পর্যায়ে পরিবহনকেন্দ্র ও নির্দিষ্ট জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে প্রযুক্তিটির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। তবে কোন শহর বা কোন স্থানে ক্যামেরা স্থাপন করা হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তালিকা প্রকাশ করা হয়নি।

অভিবাসন নিয়ন্ত্রণের এই উদ্যোগের পাশাপাশি দেশটির সরকার অভিযান, গ্রেপ্তার ও বহিষ্কারের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের অধীনে অভিবাসন আইন প্রয়োগকারী বিভাগের বাজেট দ্বিগুণ এবং কর্মীসংখ্যা ৬০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারের যুক্তি, প্রযুক্তির সাহায্যে খোঁজ করা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা গেলে বাড়ি কিংবা কর্মস্থলে বারবার অভিযান চালানোর প্রয়োজন কমতে পারে। এতে সরকারি সম্পদের ব্যবহার আরো কার্যকর হবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিঘ্ন কমবে। তবে সরকারের এই পরিকল্পনা নিয়ে মানবাধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকারী সংগঠনগুলোর উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, জনসমাগমস্থলে মুখ শনাক্তকারী প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ফলে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বাড়তে পারে। প্রযুক্তিটি সব জাতিগত গোষ্ঠীর মানুষের ক্ষেত্রে সমান নির্ভুল না-ও হতে পারে। ভুল শনাক্তকরণের কারণে নিরপরাধ ব্যক্তিরাও অপ্রয়োজনীয় যাচাই কিংবা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মুখোমুখি হতে পারেন।

সব মিলিয়ে, যুক্তরাজ্যের অভিবাসন নিয়ন্ত্রণব্যবস্থা আরো প্রযুক্তিনির্ভর ও কঠোর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে। তবে প্রযুক্তিটির নির্ভুলতা, ব্যক্তিগত গোপনীয়তা, মানবাধিকার সুরক্ষা এবং স্বাধীন তদারকি কতটা নিশ্চিত করা যায়, তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিদানের দলে নতুন মুখ পাবলো পাজিস, ফিরলেন এমবাপ্পে-কোনাতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২২ এম


জিদানের দলে নতুন মুখ পাবলো পাজিস, ফিরলেন এমবাপ্পে-কোনাতে

ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয়বারের মতো দল ঘোষণা করেছেন জিনেদিন জিদান। ১৯৯৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই কোচ আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।

দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন একজন। ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ইব্রাহিমা কোনাতে ও অরেলিয়েঁ চুয়ামেনি। তবে, চোটের কারণে বেশ কয়েকজন নিয়মিত মুখকে দলে রাখতে পারছেন না জিদান।

জিদানের দলে এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্যারিস এফসির তরুণ মিডফিল্ডার পাবলো পাজিস। তিনি মার্শেই ও রেনের সাবেক স্ট্রাইকার মিকায়েল পাজিসের ছেলে।

অন্যদিকে, কোনাতে ও চুয়ামেনির সঙ্গে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও। প্রথম ম্যাচে চোট পাওয়ার কারণে নেশনস লিগের বাকি তিন ম্যাচ থেকে ছিটকে যান রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এমবাপ্পে। এছাড়া, আগের ক্যাম্পে অভিষেক হওয়া গিয়োম রেস্তে, অ্যান্ডি দিয়ুফ, জেরেমি জাকে, লেনি ইয়োরো ও লুকা দা কুনহা জায়গা ধরে রেখেছেন।

চোটের কারণে দলে নেই উইলিয়াম সালিবা, ম্যাক্সেন্স লাক্রোয়া, মানু কোনে, উসমান দেম্বেলে ও মাগনেস আকলিউশ। এ ছাড়া, বাদ পড়েছেন স্ট্রাইকার এস্তেবান লেপাউলও। তাদের অনুপস্থিতিতে ইন্টার মিলানের ফরোয়ার্ড মার্কাস থুরামের জন্য জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

২৩ সদস্যের দলে আক্রমণভাগে এমবাপ্পে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়েদের মতো তারকাদের রেখেছেন জিদান। এবার তাদের নিয়েই আন্তর্জাতিক বিরতিতে নিজেদের শক্তির পরীক্ষা দেবে ফ্রান্স।

আগামী ১২ নভেম্বর মিলানের সান সিরোতে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ১৫ নভেম্বর বোর্দোর স্তাদ আতলান্তিকে তুরস্কের বিপক্ষে খেলবে ফরাসিরা। উয়েফা নেশনস লিগের এ১ গ্রুপে তিন জয় ও এক ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে দলটি।

ফ্রান্সের স্কোয়াড :

গোলরক্ষক :

মাইক মেইনিয়ান (মিলান), গিয়োম রেস্তে (তুলুজ) ও রবিন রিসের (লাঁস)

ডিফেন্ডার :

অ্যান্ডি দিয়ুফ (ইন্টার মিলান), মালো গুস্তো (চেলসি), জেরেমি জাকে (লিভারপুল), পিয়েরে কালুলু (জুভেন্টাস), ইব্রাহিমা কোনাতে (রিয়াল মাদ্রিদ), আদ্রিয়েন ত্রুফের (বোর্নমাউথ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ) ও লেনি ইয়োরো (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার :

এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), লুকা দা কুনহা (কোমো), আদ্রিয়েন রাবিও (মিলান), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ) ও ওয়ারেন জাইরে-এমেরি (পিএসজি)।

ফরোয়ার্ড :

ব্র্যাডলি বারকোলা (লিভারপুল), দেজিরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ), পাবলো পাজিস (প্যারিস এফসি) ও মার্কাস থুরাম (ইন্টার মিলান)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%