ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাগোস দ্বীপপুঞ্জ কেনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প


চাগোস দ্বীপপুঞ্জ কেনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পরিকল্পনা অনুযায়ী চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করা হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের নতুন উদ্যোগ হোয়াইট হাউসের মাধ্যমে এই পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে পারে। হোয়াইট হাউস এখন মরিশাস থেকে সরাসরি এই কৌশলগত দ্বীপপুঞ্জটি কেনার বিষয়ে চিন্তা-ভাবনা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তারা ব্রিটেনকে বাদ দিয়ে সরাসরি মরিশাসের সঙ্গে আলোচনা করে কৌশলগত সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়ার নিয়ন্ত্রণ নিশ্চিত করার একটি বিকল্প প্রস্তাব তৈরি করেছেন।

প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসনের মধ্যে দ্বীপপুঞ্জ কেনার ধারণার বিশেষ উল্লেখ রয়েছে। যদিও এটি এখনও ওয়াশিংটনের প্রধান বিকল্প হিসেবে ধরা হচ্ছে না, তবুও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মাধ্যমে বিষয়টি প্রেসিডেন্টের কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: দুর্লভ ডাইনোসর ‘জোডি’ ৪৭.৩ মিলিয়ন ডলারে বিক্রি, বিজ্ঞানীদের অসন্তোষ

সাম্প্রতিক সময়ে ইরান সংকট এবং চীনের ক্রমবর্ধমান নৌ-সামরিক সক্ষমতার প্রেক্ষাপটে, বিশ্বব্যাপী কৌশলগত সামরিক ঘাঁটির গুরুত্ব একটি নতুন মাত্রা পেয়েছে। ডিয়েগো গার্সিয়ার অবস্থান যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে দীর্ঘপাল্লার সামরিক অভিযান পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়ে থাকে। বিশ্লেষকরা মনে করছেন, দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ চীন প্রভাবিত মরিশাসের হাতে চলে গেলে সামুদ্রিক গোয়েন্দাগিরির ঝুঁকি উঁচুতে উঠে যেতে পারে।

ব্রিটেনের পূর্ববর্তী পরিকল্পনা ছিল, চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের কাছে হস্তান্তর করা হবে এবং পরে প্রায় ৯৯ বছরের জন্য ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ইজারা নেওয়া হবে। তবে এ চুক্তি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, শুরুতে স্টারমারের পরিকল্পনাকে সমর্থন করলেও পরে ট্রাম্প এর বিরোধিতা করেন। বিশেষ করে ইরান সম্পর্কিত সামরিক অভিযানে ডিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি না দেওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। এরপর থেকে ট্রাম্প এই চুক্তিকে “দুর্বলতার পরিচয়” এবং “বড় ধরনের বোকামি” বলে অভিহিত করেছেন।

এদিকে, ব্রিটিশ সরকার এখনও মরিশাসের সঙ্গে করা চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিষয়ক ব্রিটিশ মন্ত্রী হামিশ ফ্যালকনার মে মাসে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্রের পক্ষে চাগোস দ্বীপপুঞ্জ কেনার কোনো বাস্তবসম্মত সুযোগ নেই।

আরও পড়ুন: মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

তবে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিয়েগো গার্সিয়ার কার্যকারিতা বজায় রাখার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে নিয়মিত আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক মা-ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:২২ এম


ভাঙ্গায় মাদকদ্রব্যসহ আটক মা-ছেলে

 

ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মা হাজেরা বেগম (৫৮) এবং তার ছেলে সুজন মুন্সি (৩২)।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আফজাল হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সুজন মুন্সি (৩২) এবং তার মা হাজেরা বেগম (৫৮) ঘরে মাদক আছে মর্মে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সুজন মুন্সীর পরিহিত লুঙ্গির ভেতর থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, সুজনের মা হাজেরা বেগমের হেফাজত থেকে কাগজে মোড়ানো ৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় ভাঙ্গা থানায় মামলা হয়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনাল্টি, লাল কার্ড ও নাটকীয়তায় ভরা ম্যাচে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ড্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:২৯ এম


পেনাল্টি, লাল কার্ড ও নাটকীয়তায় ভরা ম্যাচে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ড্র

পেনাল্টি, লাল কার্ড, বিতর্কিত সিদ্ধান্ত এবং খেলোয়াড়দের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠা এক ম্যাচে মালদ্বীপকে হারাতে পারল না বাংলাদেশ। স্বাগতিকদের সাথে ১-১ গোলে ড্র করার ফলে গোল্ডেন জুবিলি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল লাল-সবুজদের।

রবিবার মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জয় অর্জন করলে ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু নিজেদের কিছু ভুল এবং কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব হয়নি মারুফুল হকের দলের।

ম্যাচের ১৩ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নিজেদের রক্ষণভাগের কিছু ভুলের কারণে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করতে কারণে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করে মালদ্বীপের ফুটবলাররা স্বাগতিকদের এগিয়ে দেন।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বাংলাদেশের এক খেলোয়াড়কে বক্সের ভেতরে ফেলে দেওয়ার পরও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশের খেলোয়াড়রা আপত্তি জানান, কিন্তু তাদের এ আপত্তি কোনো কাজে আসেনি।

বিরতির পর আক্রমণের ধার বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মিরাজুল ইসলাম। তার শক্তিশালী শটে বল জালে জড়িয়ে গেলে ম্যাচে নতুন করে উত্তেজনা ফিরে আসে।

শেষ দিকে এসে লড়াই আরও নাটকীয় হয়ে ওঠে। রেফারির সাথে তর্কাতর্কি করার কারণে লাল কার্ড দেখেন বাংলাদেশের আল আমিন। এর ফলে শেষ সময়ে ১০ জনের দলে খেলতে হয় বাংলাদেশকে।

ম্যাচের অন্তিম মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায় এবং একপর্যায়ে উভয় দলের কয়েকজন খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়লে ম্যাচ বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে খেলা শেষ হয়।

শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এর ফলে জয় না পাওয়ায় লাল-সবুজ প্রতিনিধিদের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৩ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:৩৮ এম


৩৩ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা

 

পাকিস্তানি গায়ককে হিনা পারভেজ নারীর পোশাকে নয়, নিজেদের কাজে মনোযোগী হোন। কনসার্টে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার নিয়ে ক্ষুব্ধ ম্যাডোনা। ৩০ পার হলেই রোমান্টিক ছবির জন্য আমরা বুড়ো: তাপসী পান্নু। জনপ্রিয় পাকিস্তানি জুটির বিয়ের ঘোষণার অপেক্ষায় ভক্তরা। ভক্তদের জন্য গায়ক রিংকুর দুঃসংবাদ।

 

রোমান্টিক ড্রামা ও স্বল্পদৈর্ঘ্য সিরিজের মাধ্যমে বিপুল দর্শকপ্রিয়তা পাওয়া চীনা অভিনেতা জিন জে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৩৩ বছর। তার এজেন্সি একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে, তবে মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

অভিনেতা জিন জে-এর এজেন্সি ‘শেংশি গুয়াংনিয়ান কালচার কোং লিমিটেড’ শনিবার (৬ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, জিয়াংজি প্রদেশের হাংঝোতে অবস্থিত নিজ বাসভবনে গত ৪ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার প্রকৃত নাম ছিল ঝাং জিয়াউই।

এজেন্সির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের চুক্তিবদ্ধ অভিনেতা জিন জে (ঝাং জিয়াউই) ২০২৬ সালের ৪ জুন হাংঝোতে তার নিজ বাসভবনে মারা গেছেন।’

এজেন্সি বিবৃতিতে তাকে একজন অত্যন্ত প্রতিভাবান তরুণ অভিনেতা ও মডেল হিসেবে বর্ণনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। এজেন্সির বিবৃতিতে আরও বলা হয়, ‘জিন জে, যিনি পূর্বে ঝাং জিয়াউই নামে পরিচিত ছিলেন, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানডং প্রদেশের ওয়েইহাইতে জন্মগ্রহণ করেন। তিনি একজন অসাধারণ তরুণ অভিনেতা ও মডেল ছিলেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এজেন্সি একই সঙ্গে এই কঠিন সময়ে অভিনেতার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছে।

এদিকে, এজেন্সির আনুষ্ঠানিক বিবৃতি আসার আগেই চীনা সোশ্যাল মিডিয়ায় এই অভিনেতার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যুর খবরটি অনলাইন দুনিয়ায় অন্যতম শীর্ষ আলোচিত বিষয়ে পরিণত হয়, যা ভক্ত এবং বিনোদন জগতের সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তার ভক্ত ও সহকর্মীরা একের পর এক শোকবার্তা শেয়ার করতে থাকেন। সকলেই তাকে একজন নিবেদিতপ্রাণ অভিনয়শিল্পী এবং অত্যন্ত নম্র ও বিনয়ী মানুষ হিসেবে স্মরণ করছেন।

জিন জে এমন একটি সময়ে চলে গেলেন যখন তার বেশ কয়েকটি নতুন প্রজেক্ট মুক্তির অপেক্ষায় ছিল। এর মধ্যে অন্যতম ছিল ‘ওয়েটিং ফর দ্য ফ্লাওয়ার্স টু ব্লুম, ওয়েটিং ফর ইয়োর রিটার্ন’ নামক একটি ড্রামা, যা নিয়ে দর্শকদের মাঝে আগে থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। ইন্ড্রাস্ট্রির তথ্য অনুযায়ী, ‘হংগুও শর্ট ড্রামা’ প্ল্যাটফর্মে মুক্তির আগেই এই সিরিজটির জন্য ১.৪৮ মিলিয়নেরও (১৪.৮ লাখ) বেশি প্রি-রিলিজ রিজার্ভেশন বা অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছিল।

১৯৯৩ সালের ৩০ জানুয়ারি শানডং প্রদেশের ওয়েইহাইতে জন্মগ্রহণ করা জিন জে অভিনয়জগতে আসার আগে বেইজিং ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

শুরুতে তিনি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার গড়েন এবং ব্যাপক পরিচিতি পান। পরবর্তীতে অভিনয়ে পদার্পণ করেন এবং টেলিভিশন ড্রামা ও রোমান্টিক সিরিজে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বেশ কিছু জনপ্রিয় প্রজেক্টে অভিনয় করেছেন, যার মধ্যে হ্যালো জোয়ান, ফরগেট ইউ রিমেম্বার লাভ, বিগিন এগেইন, লিগ্যালি রোমান্স, বিউটি রিবর্ন, ডোন্ট নেগোশিয়েট উইথ ইয়োর বস উল্লেখ্যযোগ্য।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে খাতুনগঞ্জের বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০২:৪৬ এম


বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে খাতুনগঞ্জের বাজারে

 

দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ। ব্যবসাবাণিজ্যের এই প্রধান কেন্দ্রে একসময় দিনরাত একাকার হয়ে যেত ট্রাকের হর্ন, কুলি-মজুরের হাঁকডাক আর ডিও হাতবদলের কোটি টাকার খেলায়। কিন্তু আজ সেই চেনা কোলাহলে কিছুটা ভাটা লক্ষ করা যাচ্ছে।

ইউক্রেনের গমের মাঠে কিংবা লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে পড়া বোমার আওয়াজ হাজার মাইল দূরের এই খাতুনগঞ্জের সরু গলিতেও প্রবল ভূকম্পন তৈরি করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা, দেশের অভ্যন্তরীণ বাজারে ডলারের দর ওঠানামা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট হয়ে আছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। তবে নানান বাধা সত্ত্বেও খাদের কিনারা থেকে খড়কুটো আঁকড়ে ধরে কৌশল বদল করে এখন ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এখানকার লড়াকু ব্যবসায়ীরা।

দেশের ভোগ্যপণ্যের বৃহৎ বাজার খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহসম্পাদক রেজাউল করিম আজাদ বলেছেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীদের বাঁচাতে হলে এখন সরকারের কার্যকর ‘পলিসি সাপোর্ট’ প্রণয়ন করা জরুরি। জরুরি পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ডলারের একটি স্থিতিশীল রেট নিশ্চিত করার পাশাপাশি এলসি মার্জিন সহজ এবং বার্ষিক চাহিদার বিপরীতে পণ্য আমদানি অনুমতি (আইপি) দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, একের পর এক ধাক্কার কারণে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক। ব্যবসায়ীরা এখন টিকে থাকার সংগ্রাম করছেন। তারা ‘রক্ষণশীল পদ্ধতি’ অবলম্বন করে ডিও এবং বাকিতে বিক্রি কমিয়ে দিয়েছেন। লোকসান এড়াতে অতিক্তি মজুত থেকে বের হয়ে এখন প্রয়োজনভিত্তিক পণ্য আমদানি করছেন।

চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে যে, দেশের বৃহৎ এই বাজারের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বর্তমানে নানামুখী সংকটের মধ্যে আছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথম ধাক্কাটি এসেছে। এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে গম, ভোজ্য তেল (সরিষা ও সূর্যমুখী), ডাল এবং মসলাজাতীয় পণ্যের আন্তর্জাতিক বাজারদরে বড় ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বিকল্প বাজার থেকে পণ্য আনতে গিয়ে আমদানিকারকদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ।

সেই ধাক্কা পুরোপুরি সামলে ওঠার আগেই নতুন করে শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের সংকট। সঙ্গে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার কারণে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বাধ্য হয়ে তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। ফলে পণ্য পৌঁছানোর সময় ১৫ থেকে ২৫ দিন বেড়ে গেছে। পাশাপাশি জাহাজ ভাড়া এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়েছে কয়েক গুণ। আন্তর্জাতিক বাণিজ্যের এই বাড়তি খরচের পুরো দায়ভার এসে পড়ছে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কাঁধে। এই পরিস্থিতিতে পণ্যের দাম বাড়ছে।

আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার সঙ্গে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দামের ওঠানামা। একই সঙ্গে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ১০০ শতাংশ মার্জিন দিয়ে এলসি করতে হচ্ছে ব্যবসায়ীদের। এর কারণে ব্যবসায়ীদের পুঁজি বা ওয়ার্কিং ক্যাপিটাল আটকে যাচ্ছে। বাড়তি মূলধনের জোগান দিতে গিয়ে ব্যাংক ঋণের সুদের চাপ বাড়ছে। ফলে ছোট ও মাঝারি আমদানিকারকরা অনেকেই বাজার থেকে ছিটকে পড়ছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক ও দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি।

তবে এতসব প্রতিকূলতা ও অর্থনৈতিক স্থবিরতার পরও খাতুনগঞ্জ-চাক্তাইয়ের ব্যবসায়ীরা হাল ছাড়তে প্রস্তুত নন। এখানে ব্যবসায়ীরা পরিস্থিতি মোকাবিলার জন্য নিজস্ব কিছু কৌশল অবলম্বন করে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। ঝুঁকি কমাতে তারা এখন আগের মতো বাকিতে পণ্য বিক্রি অনেকাংশেই কমিয়ে এনেছেন। লোকসান এড়াতে অতিরিক্ত মজুত করার প্রবণতা থেকে সরে এসে ‘প্রয়োজনভিত্তিক’ পণ্য আমদানি করতে ঝুঁকছেন। এছাড়া আমদানিনির্ভরতা কমিয়ে অনেকেই দেশীয় উৎপাদিত কৃষিপণ্য ও কনজ্যুমার গুডসে ব্যবসা সম্প্রসারণ করতে উদ্যোগী হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%