শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০১ পি.এম
খুলনা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল : সিজন-১’ অনুষ্ঠিত হয়েছে, যা বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করে। খুলনা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (কেইউআরএস)-এর উদ্যোগে আয়োজিত এই ফেস্টিভ্যালের শেষ দিন আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ফরমাল সেশন অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি উল্লেখ করেন, "বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করতে হবে। আর এ ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই।"
উপাচার্য সম্প্রতি অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, "উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার জন্য যে সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ রয়েছে, তা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদেরও সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে হবে।"
তিনি আরও বলেন, "খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রিসার্চ পেপার পাবলিকেশনে প্রণোদনা দেয়া হচ্ছে। শিক্ষাজীবনেই একটি ভালো গবেষণাপত্র প্রকাশ করতে পারলে তা শুধু একাডেমিক সক্ষমতার পরিচয় বহন করবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক স্কলারশিপ অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বর্তমান সরকারের শিক্ষা ও গবেষণার উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন উপাচার্য, যেমন মডার্ন রিসার্চ ফ্যাসিলিটি, কো-অর্ডিনেটেড রিসার্চ ফান্ডিং, স্মার্ট ক্লাসরুম, স্মার্ট ক্যাম্পাস ও ডিজিটাল রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান সৃষ্টি করা। স্কলারশিপ ফেস্টিভ্যাল হচ্ছে বিশ্ব দরবারে নিজেকে উপস্থাপনের একটি সুযোগ। এজন্য নিজের লক্ষ্য ও ইচ্ছা, ক্রিটিক্যাল থিংকিং, ইংরেজি ভাষায় দক্ষতা, রিসার্চ রাইটিংয়ের সক্ষমতা এবং বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।" তিনি আরও বলেন, "সবারই একটি লক্ষ্য থাকা উচিত যে, বিদেশে উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখা।"
বিশেষ অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, "রিসার্চ হচ্ছে একটি লাইফটাইম জার্নি। এই ট্রেনে উঠতে সবচেয়ে বেশি প্রয়োজন সুযোগ-সুবিধা পাওয়া। আর স্কলারশিপ হচ্ছে সেই সুযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্কলারশিপ জীবনের জন্য সম্মানের বিষয়। তাই এর জন্য শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।"
তিনি বলেন, "একটা সময় স্কলারশিপের বিষয়ে তথ্য জানাও কঠিন ছিল। কিন্তু বর্তমানে তথ্য-প্রযুক্তির উৎকর্ষের কারণে প্রয়োজনীয় তথ্য হাতের মুঠোয় চলে এসেছে। শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগাতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, কেইউআরএস-এর উপদেষ্টা প্রফেসর ড. মো. মতিউল ইসলাম ও সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ইয়াছিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি চয়ন বক্সী।
দ্বিতীয় দিনের ফরমাল সেশন শেষে ‘ডিএএডি স্কলারশিপ’ এর আবেদন নির্দেশিকা ও প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বিষয়ক পরিচালক ও বর্তমানে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এছাড়া ‘এমইএক্সটি স্কলারশিপ’ নিয়ে আবেদন নির্দেশিকা ও প্রস্তুতি কৌশল তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম।
দুই দিনব্যাপী ফেস্টিভ্যালে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান ও ইউরোপের বিভিন্ন স্কলারশিপ সম্পর্কে আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি ও প্রয়োজনীয় কৌশল নিয়ে আলোচনা করা হয়। ফেস্টিভ্যালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
এ নির্বাচনে ৭টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদ অন্তর্ভুক্ত রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক এবং ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান এবং মো. শাহ ওয়াসিম পারভেজ রয়েছেন।
এছাড়া, ৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিনি ভোটারদের দ্রুত তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মন গঠন, শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। দাবা, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার—এ চার প্রধান ইভেন্টে বালক ও বালিকা পৃথক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান,রবিবার উপজেলা পরিষদ হল রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া আসর সম্পন্ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িত না হন এবং তাদের সন্তানদের ‘কামানের খাদ্য’ হিসেবে ব্যবহার না করা হয়।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি পোস্টে উল্লেখ করেন, ইসরায়েল যে যুদ্ধকে আরও বিস্তৃত করতে চায়, সেই যুদ্ধে লড়াই করে প্রাণ হারানোর বিনিময়ে কেন আমেরিকানদের সন্তানদের ঋণমুক্তির প্রস্তাব দেওয়া হবে—এ প্রশ্ন তাদের নিজেদেরই করা উচিত।
বাঘাই দ্য জেরুজালেম পোস্টে সম্প্রতি প্রকাশিত একটি মতামতধর্মী লেখার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি দাবি করেন, ওই লেখায় মার্কিন নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদানে উৎসাহিত করতে ছাত্রঋণ ও ক্রেডিট-কার্ডের ঋণ মওকুফের ধারণা তুলে ধরা হয়েছে।
ইরানি মুখপাত্র আরও বলেন, এমন প্রস্তাব কার্যত আমেরিকানদের ‘কামানের খোরাক’-এ পরিণত করার শামিল। তার বক্তব্যে, যে সংঘাত আমেরিকানরা নিজেরা বেছে নেয়নি, তার মানবিক ও আর্থিক মূল্য কেন তাদের বহন করতে হবে?
বাঘাই বলেন, ‘আপনাদের জীবন, আপনাদের কর—অন্য কারও যুদ্ধ।’ তিনি আমেরিকানদের প্রতি আহ্বান জানান, যেন তারা এমন কোনো যুদ্ধের জন্য তাদের সন্তানদের ভাড়াটে সৈন্যে পরিণত হতে না দেন, যেটিকে তিনি ইসরায়েলের ‘বেছে নেয়া যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। তথ্যসূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
আজ শনিবার সকালে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবির সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বাসসকে জানান, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ