ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

চুরি করা বিমান নিয়ে নিষিদ্ধ আকাশসীমায় মদ্যপ যুবক, অতঃপর...


চুরি করা বিমান নিয়ে নিষিদ্ধ আকাশসীমায় মদ্যপ যুবক, অতঃপর...

হাঙ্গেরিতে ২৪ বছর বয়সী এক যুবক মদ্যপ অবস্থায় একটি ছোট বিমান চুরি করে দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়েন। পরে বিমানটি একটি সূর্যমুখী ক্ষেতে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় ওই যুবক আহত হননি।

ঘটনাটি ঘটে দক্ষিণ হাঙ্গেরির পাক্স পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে। সামরিক রাডারে বিমানটির অবস্থান শনাক্ত হওয়ার পর দ্রুত দুটি গ্রিপেন যুদ্ধবিমান পাঠানো হয়। যুদ্ধবিমান দুটি বিমানটিকে শনাক্ত করে ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেয়। একই সময়ে জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক বিমানগুলো পাক্স পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় দুই মাইলের মধ্যে ২০ হাজার ফুটের নিচে উড়তে পারে না। কিন্তু চুরি করা সেসনা ১৭২ বিমানটি সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই বিমানটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় চার মাইল দূরে একটি সূর্যমুখী ক্ষেতে জরুরি অবতরণ করে। এতে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

অবতরণের পর ওই যুবক ঘটনাস্থল থেকে হেঁটে চলে যান। পরে একটি গাড়িচালক কাছের সড়কে তাকে দেখতে পান। পুলিশ জানিয়েছে, তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। একপর্যায়ে তিনি ওই গাড়িচালকের কাছ থেকে গাড়িটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। তবে গাড়ি নিয়ে পালানোর আগেই তাকে থামানো হয়।

পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রাথমিক পরীক্ষায় তার মদ্যপ থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি অন্য কোনো মাদক বা মাদকজাতীয় পদার্থ গ্রহণ করেছিলেন কি না, তা জানতে আরও পরীক্ষা করা হচ্ছে।

তদন্তকারীদের ধারণা, কাছের কালোচা বিমানবন্দর থেকে অনুমতি ছাড়াই বিমানটি নিয়ে যান ওই যুবক। কীভাবে তিনি বিমানটির কাছে পৌঁছালেন এবং কেন সেটি নিয়ে উড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। হাঙ্গেরির অন্যান্য বিমানবন্দরেও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

তবে ঘটনায় পাক্স পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি হয়নি। দেশটির বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কেন্দ্র থেকে হাঙ্গেরির মোট বিদ্যুতের প্রায় অর্ধেক উৎপাদিত হয়। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: ট্রাম্পের কিউবা পরিকল্পনা, ইরান থেকে ফেরার পথে যুদ্ধজাহাজ পাঠানোর ইঙ্গিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

 

২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ৭ বছর ৫ মাস পর সাধারণ সম্পাদক (জিএস) পদে রাশেদ খানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বে ঘোষিত বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খানকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।’

২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কমিশন ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে জয়ী হন নুরুল হক নুর।

 

তিনি ১১ হাজার ৬২ ভোট পেয়েছিলেন। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের তখনকার কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, যিনি ৯ হাজার ১২৯ ভোট পান।

 

জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে গোলাম রাব্বানী বিজয়ী ঘোষণা হন। দ্বিতীয় অবস্থানে থাকা রাশেদ খান ৬ হাজার ৬৩ ভোট পেয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টে চাঁদপুর লিগ্যাল এইডে ১৩৮ মামলা নিষ্পত্তি, আদায় ৭৭ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


আগস্টে চাঁদপুর লিগ্যাল এইডে ১৩৮ মামলা নিষ্পত্তি, আদায় ৭৭ লাখ টাকা

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আগস্ট মাসের কার্যক্রমে ১৩৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ সময় ১৩৫ জনকে আইনি পরামর্শ দেওয়া হয় এবং জরিমানা হিসেবে আদায় হয়েছে ৭৭ লাখ ৪০ হাজার টাকা।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির ৮ম মাসিক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা আরও জোরদার, মামলা আপস-নিষ্পত্তির হার বৃদ্ধি এবং জেলা লিগ্যাল এইডের নিজস্ব ভবন নির্মাণে সরকারি জায়গা খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহারের সভাপতিত্বে সভায় জানানো হয়, আগস্ট মাসে লিগ্যাল এইডের মাধ্যমে ১২টি মামলা দায়ের এবং ৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে ১০২টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে ৪০টি সফলভাবে নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে এ মাসে ১৩৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সভাপতির বক্তব্যে সামছুন্নাহার বলেন, হতদরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কমিটি সার্বক্ষণিক কাজ করছে। প্রচার-প্রচারণা বাড়ার ফলে মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা ও বিশ্বাস বেড়েছে। ফলে আগের তুলনায় বেশি মানুষ আইনি সহায়তা নিতে আসছেন এবং আপস-নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে।

সভায় জেলা চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীমের সঞ্চালনায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনীম জোহরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২০ পি.এম


মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

 

হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে সংগৃহীত বিপুল পরিমাণ মূলী বাঁশসহ একটি মিনি ট্রাক বন বিভাগের কর্মকর্তাদের দ্বারা জব্দ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নোয়াহাটি বাজারসংলগ্ন সড়কে এই অভিযান পরিচালিত হয়। হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের অধীনে জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি সম্পন্ন হয়।

বন বিভাগের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মূলী বাঁশবোঝাই মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৬-৮০৬৩) আটক করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে জগদীশপুর ফরেস্ট বিট কাম অফিসে হেফাজতে রাখা হয়েছে।

জগদীশপুর বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, "সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চলছে। বনসম্পদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

বন বিভাগ জানায়, জব্দ করা বাঁশ ও মিনি ট্রাকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


চিরিরবন্দরে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

 

এক যুবক গলায় লাইলনের ফিতা রশি পেঁচিয়ে ইউক্যালিপটাস গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনা ঘটে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড নামক ইপিজেড এর উত্তরে পার্শ্ববর্তি কলাবাগানে। গতকাল ৩১ আগস্ট সোমবার সকাল আনুমানিক ৭ টার সময় এটি ঘটে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, সাতনালা ইউনিয়নের সুনীল চন্দ্র রায়ের ছেলে সবুজ চন্দ্র রায় (২২) কৃষ্ণা নামে এক মেয়ের প্রেমে পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সাংসারিক জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকায় ওই যুবক স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেন। এই ঘটনায় মৃত যুবকের পিতা থানায় একটি অপমৃত্যু মামলার আবেদন করেছেন।

থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী নবীন জানান, মৃত যুবকের পিতার আবেদনের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। আত্মহত্যার আলামত পাওয়া যাওয়ায় পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তার পরনের টি-শার্টের পকেটে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%