১০:০৬ পি.এম
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে বাপেক্সের সাত কর্মী দগ্ধ হওয়ার পর কূপটি স্থায়ীভাবে বন্ধ করার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) জানিয়েছে, বাড়তি সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে আবারও কাজ শুরুর প্রস্তুতি চলছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোট খাল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আহত সাতজনের মধ্যে পাঁচজন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাকি দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কবে নাগাদ কূপটি পুরোপুরি সিমেন্টিং করে বন্ধ করা সম্ভব হবে, তা এখনও নিশ্চিত নয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কাজ চলাকালে হঠাৎ বাতাসের দিক পরিবর্তন হওয়ায় দূরে জ্বলতে থাকা গ্যাসের আগুনের ঝাপটা কর্মীদের দিকে চলে আসে। এই ঘটনায় বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন এবং বিকেলে আরও একজন হাসপাতাল ছেড়েছেন। বাকি দুজন এখনও কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২
ঘটনার পরপরই ওই এলাকায় কাজ বন্ধ করে দেয়া হয়। সরেজমিনে দেখা যায়, পুরো এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মাইকিং করে লোকজনকে সতর্ক করা হচ্ছে। সড়কের পাশে অতিরিক্ত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা কাউকে ঘটনাস্থলের আশপাশে যেতে দিচ্ছেন না। বাপেক্সের কর্মীরাও কাজ বন্ধ রেখে ঘটনাস্থল থেকে দূরে অবস্থান করছেন; কেউ কেউ ব্যবহৃত যন্ত্রপাতি গুছিয়ে রাখছেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অন্য দিন স্বাভাবিকভাবে চলাচল করলেও রোববার সতর্কতার সঙ্গে চলাফেরা করছেন তারা। ঘটনাস্থলের কাছেই বাড়ি স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমানের। তিনি বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় ঘটনাস্থলের কাছেই ছিলাম। হঠাৎ পাইপ দিয়ে আগুন বের হতে দেখি। এতে কাজ করা বাপেক্সের কয়েকজন কর্মী দগ্ধ হন। দৃশ্যটি দেখে আমার হাত-পা কাঁপতে শুরু করে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে দূরে চলে যাই।’
অগ্নিদগ্ধ বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান জানান, সকালে তারা কাজ শুরু করেন। এসময় বাতাসের প্রবাহ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। ড্রিলিংয়ের জন্য পাইপ নিচে নামানোর কাজ চলছিল। হঠাৎ সমুদ্রের দিক থেকে দমকা বাতাস আসায় গ্যাসের আগুনের তাপ তাদের দিকে চলে আসে এবং এতে কয়েকজন দগ্ধ হন।
রকিবুল হাসান বলেন, ‘আমরা নিয়ন্ত্রণের মধ্যেই কাজ করছিলাম। হঠাৎ বাতাসের দিক ও গতির পরিবর্তনের কারণে আগুনের তাপ আমাদের দিকে চলে আসে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি।’
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম চৌধুরী গ্রেপ্তার
বাপেক্সের এইচএসই উপবিভাগের উপমহাব্যবস্থাপক ড. মো. আব্দুস ছালাম বলেন, মূল লাইন থেকে ডাইভার্টারের মাধ্যমে গ্যাস অন্যদিকে সরিয়ে দেয়া হয়েছিল, সেখানে আগুন জ্বলছিল। তাদের পরিকল্পনা ছিল ব্লোআউট প্রিভেন্টার (বিওপি) দিয়ে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে নিচে গিয়ে মাড দিয়ে কিল করার মাধ্যমে নিরাপদে কাজ শেষ করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন