ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়: সংসদে প্রধানমন্ত্রী


প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা সফল আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন যে, প্রায় বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিগত সরকারের আমলে গুম-খুনের শিকার এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ও হতাহতদের পরিবারের সদস্যদের জন্য এক হাজার কোটা বরাদ্দ রাখা হয়েছে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দেওয়া বক্তব্যে বলেন, বিগত পলাতক স্বৈরাচারের সময় তাদের লোকজন ও তৈরি করা সিন্ডিকেট দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নাম করে বিপুল অর্থ আত্মসাৎ করেছিল। এসব কর্মকাণ্ডের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ ও স্থগিত রেখেছিল অথবা প্রক্রিয়া ধীরগতির করে দিয়েছিল।

মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসনের সুখবর দিয়ে প্রধানমন্ত্রী জানান, কয়েকদিন আগেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানিয়েছেন যে সফল আলোচনার মাধ্যমে মালয়েশিয়ার সমস্যাটি সমাধান করা সম্ভব হয়েছে। এর ফলে সামান্য কিছু আনুষঙ্গিক খরচ ছাড়া প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশনা

তিনি আরো বলেন, এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে এবং চব্বিশের আন্দোলনে যে মানুষগুলো শহিদ হয়েছে বা হতাহত হয়েছে, এমন প্রায় ১ হাজার পরিবারের সদস্যদের আমরা সেখানে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে আশাব্যঞ্জক তথ্য তুলে ধরে সংসদ নেতা জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া বিদেশগামী কর্মীদের জন্য কোনো ধরনের প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ইনসেন্টিভের এই অর্থটা কোথা থেকে আসবে, সেটি আমার কাছে ঠিক বোধগম্য হয়নি। মাননীয় সংসদ সদস্য যদি এটি আমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরেন, তাহলে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের চেষ্টা করতে পারি।

আরও পড়ুন: জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ, কাউকে আটক করা সম্ভব হয়নি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইজেরিয়ার প্রেসিডেন্ট কাবার ভেতরে নামাজ আদায়ের বিরল সম্মান লাভ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


নাইজেরিয়ার প্রেসিডেন্ট কাবার ভেতরে নামাজ আদায়ের বিরল সম্মান লাভ করেছেন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে একটি বিরল সম্মান অর্জন করেছেন। গত ১ নভেম্বর, সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে তিনি পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেন। সাধারণত রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য এবং বিশেষ গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে সীমিতসংখ্যক ব্যক্তিকে এই সুযোগ দেওয়া হয়ে থাকে।

এ সময় প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে ছিলেন কয়েকজন রাজ্য গভর্নর, তার ছেলে ইয়িনকা তিনুবু, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। তাদের মধ্যে বিইউএ গ্রুপের চেয়ারম্যান আবদুল সামাদ রাবিউ এবং ওআন্দো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ওয়ালে তিনুবু উপস্থিত ছিলেন। কাবার ভেতরে নামাজ আদায়ের পাশাপাশি হাজরে আসওয়াদেও চুম্বন করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। কাবার গিলাফের চারপাশে নাইজেরিয়ার জাতীয় পতাকার সবুজ ও সাদা রঙের সাজসজ্জা দেখা যায়।

প্রেসিডেন্ট তিনুবু ২৯ অক্টোবর মক্কায় পৌঁছান। শুক্রবার ভোরে মসজিদুল হারামে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ এবং সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি শেষে তিনি নিজের দেশের শান্তি, ঐক্য, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।

নাইজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনুবু বলেন, "পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া তার জীবনের ঐতিহাসিক সম্মান।" তিনি দেশের মানুষের সেবা অব্যাহত রাখতে মহান আল্লাহর কাছে প্রজ্ঞা ও দৃঢ়তা কামনা করেছেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কাবার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া ব্যবসায়ী আবদুল সামাদ রাবিউ এ অভিজ্ঞতাকে জীবনের অন্যতম বিরল সম্মান হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, জীবনে বহুবার হজ ও ওমরাহ পালন করলেও এর আগে কখনো পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাননি।

এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নাইজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও সৌদি আরব সফরকালে পবিত্র কাবার ভেতরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরআন হাতে শপথ নিলে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাস পাবে নতুন মাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


কোরআন হাতে শপথ নিলে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাস পাবে নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। তবে, কোন কোরআনটি তিনি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি কোরআন এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত একটি প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি বিবেচনায় রেখেছেন।

সম্প্রতি এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে সাক্ষাৎকারে, মিশিগান থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর তার পরিকল্পনার কথা জানান। সাক্ষাৎকারে আল-সাইয়েদ উল্লেখ করেন, তিনি সম্ভবত কোরআন হাতে শপথ নেবেন। তবে, কোন কোরআনটি বেছে নেবেন, তা এখনও নিশ্চিত নয়। জেফারসনের সংগ্রহে থাকা কোরআনের পাশাপাশি মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম কোরআনটির কথাও তিনি ভাবছেন।

আল-সাইয়েদের বিবেচনায় থাকা থমাস জেফারসনের কোরআনটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে পরিচিত। ২০০৭ সালে, কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত কিথ এলিসন প্রতিনিধি পরিষদে শপথের আনুষ্ঠানিকতায় এই কোরআন ব্যবহার করেছিলেন।

লাইব্রেরি অব কংগ্রেসের তথ্য অনুযায়ী, বইটি ছিল জর্জ সেলের অনূদিত কোরআনের ১৭৬৪ সালের দুই খণ্ডের ইংরেজি সংস্করণ। জেফারসন ১৮১৫ সালে নিজের ব্যক্তিগত গ্রন্থাগারের সঙ্গে বইটি কংগ্রেসের কাছে বিক্রি করেন। বর্তমানে এটি লাইব্রেরি অব কংগ্রেসের বিরল বই ও বিশেষ সংগ্রহ বিভাগে সংরক্ষিত রয়েছে।

২০০৭ সালের ৪ জানুয়ারি কিথ এলিসনের শপথ অনুষ্ঠানে বইটি ব্যবহৃত হয়। সে সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাকে শপথবাক্য পাঠ করান। এলিসনের ওই উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় বৈচিত্র্য ও মুসলিম প্রতিনিধিত্বের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছিল।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে, মিশিগানের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে আবদুল আল-সাইয়েদ নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন। আগামী জানুয়ারিতে নতুন মেয়াদ শুরু হলে তিনি সিনেটে যোগ দেবেন।

৪২ বছর বয়সী আল-সাইয়েদ একজন চিকিৎসক, মহামারিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। মিশিগানের সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তার বাবা-মা মিসর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন।

এনপিআরের সাক্ষাৎকারে কোরআন হাতে শপথ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যে বইটি হাতে রাখা হবে, সেটি মূলত শপথের প্রতীকী অংশ। তার ভাষায়, আনুগত্যের শপথ বইটির প্রতি নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি।

সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় আর্কাইভে সংরক্ষিত সংবিধানের মূল কপিটি দেখার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। আল-সাইয়েদের মতে, সংবিধানই এমন সুযোগ তৈরি করেছে, যেখানে একজন ব্যক্তি কীভাবে প্রার্থনা করেন, তা বিবেচ্য না হয়ে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠানে বাইবেলের পাশাপাশি অন্যান্য ধর্মীয় গ্রন্থ ব্যবহারের নজির রয়েছে। তবে শপথের মূল বিষয় হলো সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার। আল-সাইয়েদের কোরআন ব্যবহারের সম্ভাব্য সিদ্ধান্তও সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় একটি প্রতীকী ঘটনা হতে যাচ্ছে।

তিনি কোন কোরআনটি ব্যবহার করবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে জেফারসনের ঐতিহাসিক সংগ্রহ কিংবা মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রাচীন কোরআন—যেটিই বেছে নিন, তার শপথ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের সিনেটে মুসলিম প্রতিনিধিত্বের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: এনপিআর, লাইব্রেরি অব কংগ্রেস, সিবিএস নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় যানজট নিরসনে সরকারের পদক্ষেপের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ঢাকায় যানজট নিরসনে সরকারের পদক্ষেপের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার যানজটের সমস্যা সমাধানে বর্তমান সরকারের ট্রাফিক ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলস্বরূপ, ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটার হয়েছে। এই তথ্যগুলো তিনি বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, স্বৈরাচারের শাসনের সময় রাজধানীর সড়কগুলোতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে বাধ্য হতো। সেই সময় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, রাজধানীতে যানজটের কারণে যানবাহনের গতিবেগ ছিল মাত্র ৪ কিলোমিটার।

বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের সুফল তুলে ধরে সংসদ নেতা বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর সরকার রাজধানীতে মানুষের দ্রুত যাতায়াতের জন্য ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করেছে। তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সময় যানবাহনের গতিবেগ ৪ কিলোমিটার ছিল, যা বর্তমানে বেড়ে প্রায় ১১ কিলোমিটার হয়েছে। অর্থাৎ, পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে।

রাজধানীর যানজট স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রায়েরবাজার সুইচগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে, যার সার্বিক অগ্রগতি ৫২ শতাংশ এবং এটি ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। অবশিষ্ট ৭ কিলোমিটার সড়কের নকশা যাচাইয়ের (ভেটিং) জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দায়িত্ব দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের জুনের মধ্যে এর নির্মাণ সম্পন্ন করার সময়সীমা প্রস্তাব করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেনের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিল সুইডেনের পার্লামেন্ট

সুইডেনের পার্লামেন্ট দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিদের নাগরিকত্ব বাতিল করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের পক্ষে ভোট প্রদান করেছে।

এই সংশোধনী অনুযায়ী, যদি কেউ মিথ্যা তথ্যের মাধ্যমে সুইডিশ নাগরিকত্ব অর্জন করে অথবা জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, তবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার অনুমতি থাকবে।

বুধবার (১১ নভেম্বর) দেশটির পার্লামেন্টে সংশ্লিষ্ট একটি সংশোধনী অনুমোদিত হয়েছে।

এই সংশোধনীটি ২৯২টি ভোট পেয়ে এবং ৫১টি বিপক্ষে ভোটের মাধ্যমে পাস হয়েছে। তবে নির্বাচনের ফলাফল অমিমাংসিত থাকায়, এটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিলটি পরবর্তী সরকারের পক্ষ থেকে উত্থাপন করতে হবে। বিদায়ী মধ্য-ডানপন্থী সরকার, যার নেতৃত্বে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন রয়েছেন, পার্লামেন্টে অভিবাসনবিরোধী দল ‘সুইডেন ডেমোক্র্যাটস’-এর সমর্থন নিয়ে কাজ করে আসছিল।

গত বছর, দলটি জানিয়েছিল যে তারা সংগঠিত অপরাধ বা গ্যাং-সম্পর্কিত অপরাধে দোষী সাব্যস্ত দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের উপায় খুঁজছে। এই উদ্দেশ্যে সংবিধান পরিবর্তনের প্রয়োজন ছিল, যা পার্লামেন্টে দুটি পৃথক ভোটে পাস হতে হবে। বুধবারের (১১ নভেম্বর) ভোটটি ছিল সেই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ।

১৩ সেপ্টেম্বরের নির্বাচনের পর নতুন সরকার গঠনে রাজনৈতিক দলগুলো হিমশিম খাচ্ছে, আর এই পরিস্থিতিতে উলফ ক্রিস্টারসন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। বিদায়ী সরকার একটি বিল নিয়ে কাজ করছিল, তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। তাই পরবর্তী সরকারই সিদ্ধান্ত নেবে, নাগরিকত্ব বাতিলের জন্য ঠিক কোন ধরনের অপরাধের ভিত্তিতে তা করা হবে।

নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন গোষ্ঠী এই পদক্ষেপের সমালোচনা করেছে। পার্লামেন্টে ভোটের আগে ‘সিভিল রাইটস ডিফেন্ডারস’-এর জ্যেষ্ঠ আইনি উপদেষ্টা আইদা সামানি এক বিবৃতিতে বলেন, "বাস্তবে এই প্রস্তাবটি সুইডিশ নাগরিকত্বের দুটি ধরন তৈরি করবে, একটি শক্তিশালী, অন্যটি দুর্বল ও শর্তসাপেক্ষ। এটি আইনের চোখে সমতার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।"

সূত্র: এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%