১২:৫৭ পি.এম
ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটির কারণে বর্তমানে অনেকটাই নির্জন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। কিন্তু ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের উন্মাদনা যেন নীরব এই ক্যাম্পাসে নতুন প্রাণের সঞ্চার করেছে। হাজার মাইল দূরের নিউজার্সিতে অনুষ্ঠিত ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণে।
রবিবার (১৪ জুন) ভোর ৪টায় অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর মধ্যকার গ্রুপ পর্বের বহুল প্রতীক্ষিত ম্যাচটি ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে মুক্তমঞ্চে বিশাল পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছিল। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার হাজারো ফুটবলপ্রেমী একত্রিত হয়ে উপভোগ করেছেন বিশ্বকাপের রোমাঞ্চ।
খেলা শুরুর অনেক আগ থেকেই মুক্তমঞ্চ এলাকায় জড়ো হতে থাকেন সমর্থকরা। গায়ে প্রিয় দলের জার্সি, হাতে জাতীয় পতাকা এবং মুখে স্লোগান—সব মিলিয়ে যেন তৈরি হয়েছিল এক টুকরো বিশ্বকাপের মঞ্চ। উপস্থিত দর্শকদের এক বড় অংশ ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক, তবে অন্যান্য দলের সমর্থকদের উপস্থিতিও ছিল শুদ্ধ নজরে আসার মতো।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
ম্যাচের শুরু থেকেই ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা ছিল। কিন্তু মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শেষ হওয়া ম্যাচটি তাদের কিছুটা হতাশ করেছে। সমর্থকদের মতে, বিশ্বকাপের যাত্রা আরও জোরালোভাবে শুরু করতে পারলে ভালো হতো। কিন্তু তারা আশাবাদী যে আগামী ম্যাচগুলোতে ব্রাজিল নিজেদের সামর্থ্যের সেরাটা প্রদর্শন করে শক্তিশালীভাবে ফিরে আসবে।
অন্যদিকে মরক্কোর সমর্থকদের জন্য এই ড্রটি ছিল অনেকটা জয়ের সমান। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে মূল্যবান ১ পয়েন্ট অর্জনকে তারা দলের বড় সাফল্য হিসেবে দেখছেন। মজার বিষয় হলো, ম্যাচ চলাকালে মরক্কোর পক্ষে স্লোগান দিতে দেখা গেছে আর্জেন্টিনা সমর্থকদেরও। তারা ওইদিন ব্রাজিলের বিপক্ষে সমর্থন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন