০৯:২৭ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়ে দিয়েছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ১১ দলীয় ঐক্য আসলে নির্বাচনি সমঝোতা ছিল। এক্ষণে নির্বাচন শেষ হয়ে যাওয়ার কারণে এ ঐক্যের কার্যকারিতা মূলত শেষ হয়ে যায়। তবে নির্বাচন শেষ হওয়ার পরও ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশগ্রহণ করেছে। এখন থেকে বলছে, ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়।
বৈঠক শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি প্রকাশিত হয়।
আরও পড়ুন: অপপ্রচার ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুদৃঢ় অবস্থান গড়ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের জন্য প্রয়োজন হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস-প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন দলের নাম কিংবা নেতাদের নাম ব্যবহার না করা হয়। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জানা গেছে, জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম আর ব্যবহার করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন