ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার


রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ ৯ জন গ্রেপ্তার

রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে পৃথক মাদক কারবারি, মাদকসেবী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এই অভিযানে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ জুন) পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহসভাপতি আবুল কালাম (৬১)। এছাড়া, চুরির অভিযোগে মো. সোহেল (২৭) এবং মাদক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত সজল দাশ (৩৩) গ্রেপ্তার হয়েছেন। মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) এবং মজিদ (২৪) নামের ৪ জনও গ্রেপ্তার হয়ে রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি সজল দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মোট ২২টি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলা বর্তমানে চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অনিক (২০) নামের এক যুবককেও ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি পর্যটকদের আগমনে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে বাস টার্মিনাল স্থানান্তরে জনভোগান্তি বাড়াবে: আইপিডি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ঢাকা থেকে বাস টার্মিনাল স্থানান্তরে জনভোগান্তি বাড়াবে: আইপিডি

ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে এক সরকারি পরিকল্পনায় রাজধানীর চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা হতে পারে। তবে এটি জনভোগান্তি, আর্থিক ব্যয় এবং নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি এরই মধ্যে সরকারের কাছে ৮ দফা দাবি জানিয়ে দিয়েছে।

রবিবার (২১ জুন) এক বিবৃতিতে আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, কার্যকর গণপরিবহন সংযোগ ও সমন্বিত কোনো পরিকল্পনা ছাড়া কেবল সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়া বাস টার্মিনালকে কাঁচপুর, হেমায়েতপুর, টঙ্গী ও কেরানীগঞ্জে স্থানান্তর করলে যানজটের টেকসই সমাধান হবে না, বরং সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পাবে।

সম্প্রতি সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে রাজধানীর যানজট কমানোর লক্ষ্যে ফুলবাড়িয়া-গুলিস্তান টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরে টঙ্গীর কাছে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হচ্ছে।

আইপিডির মতে, ঢাকার যানজটের জন্য বাস টার্মিনালকে দায়ী না করে পরিবহন খাতের সামগ্রিক অব্যবস্থাপনা, অবৈধ পার্কিং, মূল সড়কে যাত্রী ওঠানামা, চাঁদাবাজি এবং দুর্বল ব্যবস্থাপনাকে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। চলতি টার্মিনালগুলোর আশপাশে শৃঙ্খলা ফিরিয়ে আনলে যান চলাচলের পরিস্থিতি উন্নত করা সম্ভব বলে প্রতিষ্ঠানটি মনে করছে।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রস্তাবিত টার্মিনালগুলো মূল ঢাকা শহর থেকে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এসব স্থান থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পৌঁছানোর জন্য পর্যাপ্ত এবং সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। তাই দূরপাল্লার যাত্রীদের অতিরিক্ত ভাড়া ও সময় ব্যয় করে শহরে প্রবেশ করতে হবে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক এবং নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবেন।

আইপিডি জানায়, প্রান্তে টার্মিনাল সরিয়ে নেওয়া হলে যাত্রীরা সিএনজি, রাইড-শেয়ারিং কিংবা ছোট যানবাহনের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন। এর ফলে শহরের প্রবেশমুখে যানবাহনের চাপ বাড়বে এবং নতুন করে যানজটের সৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিদ্যমান বাস সার্ভিস ও মেট্রোরেল নেটওয়ার্কের ওপরও অতিরিক্ত চাপ পড়বে।

নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে আইপিডি বলেছে, রাত বা ভোরে প্রান্তিক টার্মিনাল থেকে শহরে যাতায়াতের ক্ষেত্রে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।

বিশ্বের বিভিন্ন শহরের উদাহরণ তুলে ধরে প্রতিষ্ঠানটি জানাচ্ছে, অনেক উন্নত নগরীতে শহরের কেন্দ্রীয় এলাকায় আন্তঃজেলা বাস টার্মিনাল রয়েছে যা মানুষের যাতায়াত সহজ, দ্রুত ও ব্যয়সাশ্রয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আইপিডি বিদ্যমান টার্মিনাল সরিয়ে না দিয়ে সেগুলোর ব্যবস্থাপনা উন্নয়ন এবং সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।

অবশ্য, সংস্থাটি সরকারের কাছে ৮ দফা সুপারিশও তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে চারটি বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করা, টার্মিনাল এলাকার অব্যবস্থাপনা দূর করা, নতুন বাস ডিপো নির্মাণ, মানসম্মত ফিডার সার্ভিস চালু করা, বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করা, চাঁদাবাজি বন্ধ করা, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং টার্মিনালগুলোকে মাল্টিমোডাল পরিবহন হাবে রূপান্তর করা। আইপিডির মতে, ঢাকার বর্তমান নগর ও পরিবহন বাস্তবতা বিবেচনায় বাস টার্মিনাল স্থানান্তরের পরিবর্তে সমন্বিত ও জনবান্ধব পরিকল্পনার মাধ্যমে বিদ্যমান অবকাঠামোর উন্নয়নই কার্যকর সমাধান হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


কারখানার শ্রমিক থেকে বিশ্বকাপে জার্মানির ‘হিরো’

টানা দুই আসরের গ্রুপ পর্বের ভূত তাড়িয়ে আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি ফিরেছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই পুনরুত্থানের পেছনে রয়েছেন একজন ব্যক্তি, যার জীবনের কাহিনী যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

একসময় জীবন ধারণের তাগিদে দিনে ৮ ঘণ্টা কারখানায় কঠোর পরিশ্রম করতেন এবং যখনই কিছু সময় পেতেন, বুট জোড়া গলিয়ে ফুটবল মাঠে সময় কাটাতেন। আজ সেই ডেনিজ উন্দাভ তার জোড়া গোল দিয়ে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে নতুন জার্মান নায়ক হয়ে উঠেছেন।

কিন্তু কয়েক মাস আগে জার্মানির বিশ্বকাপ দলের শিল্পী হওয়া নিয়ে ছিল প্রবল অনিশ্চয়তা। এমনকি নিজ কোচ জুলিয়ান নাগেলসমানের সঙ্গেও একটি প্রকাশ্য বিতর্কে জড়িয়ে পড়েছিলেন উন্দাভ।

ঘটনার সূত্রপাত হয়েছিল এক ম্যাচে বদলি হয়েই উন্দাভের শেষ মুহূর্তের এক গোলকে কেন্দ্র করে। ম্যাচ শেষে গণমাধ্যমে উন্দাভ দাবি করেন, ‘আমি শুরুর একাদশে খেলার যোগ্যতা রাখি।’ এই মন্তব্যে জার্মান কোচ নাগেলসমান ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমের সামনে পাল্টা বলেন, ‘শুরু থেকে খেললে হয়তো উন্দাভ ওই গোলটিও করতে পারতেন না।’

অবশেষে, বিতর্কের মোক্ষম জবাবটি তিনি মাঠে জমিয়ে রেখেছিলেন। আইভরি কোস্টের বিপক্ষে তার অতিমানবীয় পারফরম্যান্সের পর নাগেলসমানের সুর বদলে গেছে। ম্যাচ শেষে জার্মান কোচ জানান, উন্দাভকে শুরুর একাদশে রাখার ব্যাপারে তিনি গুরুত্ব দিয়ে ভাবছেন।

নাগেলসমান বলেন, ‘কেন আমি ওর ছন্দ নষ্ট করব? দুই ম্যাচে বদলি হয়ে দুই ম্যাচেই গোল করেছে। তবে (পরের ম্যাচে) ওকে শুরু থেকেই খেলানো হতে পারে।’

উন্দাভের এই সাফল্যের পেছনের গল্পটি কিন্তু মোটেও চলচ্চিত্রের মতো মসৃণ নয়। মাত্র ১৪ বছর বয়সে ভের্ডার ব্রেমেন একাডেমি থেকে তাকে ছুড়ে ফেলা হয়েছিল, কারণ তার গড়ন ছিল ছোট এবং ফুটবলে তার ভবিষ্যৎ নেই বলে জানানো হয়েছিল। এই প্রত্যাখ্যাত হওয়া ও অপমান তাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল।

কিন্তু তিনি দমে যাননি। নতুন উদ্যমে নিজেকে গড়ে তুলেছিলেন। ১৭ বছর বয়সে পরিবারের মায়া ত্যাগ করে পাড়ি দেন জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব হাভেলসেতে। সেখানে সপ্তাহে পেতেন মাত্র ১২০ পাউন্ড! ফুটবল থেকে পাওয়া এই সামান্য অর্থ দিয়ে জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছিল, তাই পেটের তাগিদে কারখানার শ্রমিকের কাজ বেছে নিতে হয়েছিল।

বেলজিয়ান গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে উন্দাভ সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠতাম। সরাসরি চলে যেতাম কারখানায়, সেখানে ৮ ঘণ্টা কাজ শেষ করে যেতাম অনুশীলনে। বাসায় ফিরতে ফিরতে রাত ৮টা বেজে যেত। পরদিন আবার একই রুটিন। বেঁচে থাকার জন্যই আমাকে কাজটা করতে হয়েছিল। শুধু ফুটবল থেকে পাওয়া টাকায় তখন চলা সম্ভব ছিল না।’

২০২০ সালে বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেন্ট-জিলোয়াজে যোগ দেওয়ার পর থেকে আসলে উন্দাভের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এরপর থেকে এই ফরোয়ার্ডের আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সস্ত্রীক সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


সস্ত্রীক সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী সেকেন্ড লেডি উশা ভ্যান্স ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মার্কিন স্ট্রেট ডিপাটমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার(২১ জুন) সকাল ৬ টায় ভ্যান্সকে বহনকারী বিমানটি লুসার্নের বাইরে এমেন বিমান ঘাঁটিতে অবতরণ করে।

এর আগে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও সুইজারল্যান্ডে পৌঁছান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এছাড়াও বৈঠকে কাতারের মধ্যস্থতাকারীরাও অন্তর্ভুক্ত থাকবেন।

যদিও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, তিনি সুইজারল্যান্ডে মাত্র এক বা দুই দিনের জন্য থাকার পরিকল্পনা করেছেন এবং বিস্তারিত আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে উইটকফ ও কুশনারের ওপর ছেড়ে দিয়েছেন। সফরের আগে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগে ভ্যান্স বলেন, শীর্ষ পর্যায়ে রাজনৈতিক নেতৃত্বের একটি প্রধান স্তর থাকবে এবং পরে স্বাভাবিকভাবেই কারিগরি দলটি মাঠে থাকবে।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় তার প্রধান অগ্রাধিকার হচ্ছে আলোচনার কাঠামো নির্মাণ করা, পারমাণবিক বিষয়গুলোতে 'অগ্রগতি অর্জন করা' এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা। ভ্যান্স বলেন, একটি অগ্রাধিকার হলো লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি সাধন করা, যা আবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

ভ্যান্স বলেন, এই পরিস্থিতিতে আমাদের ক্রমাগত পরিস্থিতি সামাল দিতে হবে। তিনি বলেন, এই দুটি বড় বিষয়ের ওপরেই আমরা মনোযোগ দেব। আমি নিশ্চিত, ইরানীদেরও কিছু বিষয় থাকবে যা তারা আলোচনা করতে চাইবে।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত কী চুক্তি হয়েছে জানালেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত কী চুক্তি হয়েছে জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে হওয়া প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ফেরত দেওয়া হবে। এই তথ্যটি বিতরণ করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ, যা সংবাদমাধ্যম আলজাজিরার মাধ্যমে প্রকাশিত হয়েছে।

পেজেশকিয়ান জানিয়েছেন, কাতারে থাকা আমাদের ৬ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে। তিনি বলছেন, ‘সমঝোতা স্মারকের (এমওইউ) সব ধারাই আমাদের পক্ষে। এই আলোচনা ও আলোচনার অর্জন খুব শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে।’

তিনি আরো দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর বিভিন্ন বিধিনিষেধের কথা বলেছেন, আলোচনায় সেসব বিষয়কে ইরানি জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তেহরান দীর্ঘদিনের আলোচনায় পরমাণু অস্ত্র তৈরি নিয়ে আলোচনা করছে।

এ বিষয়ে ইরানি প্রেসিডেন্ট জানান, ‘আমেরিকার একমাত্র দাবি ছিল আমরা যেন পারমাণবিক বোমা না রাখি। শহীদ নেতা (সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি) বহুবার বলেছেন, আমরা পারমাণবিক বোমা চাই না।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা বলেছে—এটি লিখে স্বাক্ষর করুন, আর আমরা স্বাক্ষর করেছি।’

ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করে বলেছেন, ‘সুইজারল্যান্ডে চলমান আলোচনায় সবচেয়ে অসন্তুষ্ট ব্যক্তি হবেন নেতানিয়াহুই।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্পদ অবমুক্তকরণ এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো উভয়পক্ষের মধ্যে বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%