০৪:৩৯ এম
দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম বা আশ্রয়ের আবেদন করার সুযোগ শীঘ্রই চালু হতে যাচ্ছে। আগামী ৫ অক্টোবর থেকে নতুন আবেদনকারীরা রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে আবেদন করার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন এসাইলাম আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে রিফিউজি রিসেপশন অফিসগুলোর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে নতুন আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন Refugee Social Services-ও আগামী ৫ অক্টোবর থেকে নতুন এসাইলাম আবেদন গ্রহণ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফলে দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয়ের আবেদন করার সুযোগের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে
দক্ষিণ আফ্রিকার হোম অ্যাফেয়ার্সের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে পাঁচটি Refugee Reception Office বিদ্যমান। এগুলো হলো মুসিনা, ডেসমন্ড টুটু, ডারবান, পোর্ট এলিজাবেথ ও কেপটাউন। এসব অফিসে নতুন আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ, ছবি ও আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ এবং আবেদন প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে।
তবে যারা আগে এসাইলাম আবেদন করে চূড়ান্ত সিদ্ধান্ত পেয়েছেন, তাদের জন্য বিষয়টি ভিন্ন। চলতি বছরের ১২ মে দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত রায়ে জানিয়েছে, কোনো ব্যক্তির প্রথম এসাইলাম আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেলে সাধারণভাবে দ্বিতীয়বার নতুন আবেদন করা যাবে না।
অতএব, ৫ অক্টোবর থেকে যে নতুন আবেদন গ্রহণের কথা বলা হচ্ছে, তা শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য। পূর্বে আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে তাদের নিজ নিজ মামলার অবস্থা ও প্রযোজ্য আইনি প্রক্রিয়া বিবেচনা করতে হবে।
আবেদন করতে আগ্রহীদের সরাসরি সংশ্লিষ্ট রিফিউজি রিসেপশন অফিসে গিয়ে হোম অ্যাফেয়ার্সের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে টাকা দিয়ে আবেদন না করে সরকারি প্রক্রিয়ায় আবেদন করাই নিরাপদ।
আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন