০৮:০৭ পি.এম
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রকাশ্যে নকলের অভিযোগের পর কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রটি বাতিলের পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে ভবিষ্যতে এ পরীক্ষার সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান এসব তথ্য জানান।
বাউবি জানায়, গত ২৮ আগস্ট কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে প্রকাশ্যে নকলের অভিযোগ ওঠে। এ নিয়ে ২৮ ও ২৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে অবহেলার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রতীয়মান হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
এ ঘটনায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে—কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল এবং এর পরিবর্তে গাংনী মহিলা ডিগ্রি কলেজকে নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৮ আগস্ট কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও মো. রফিক-উজ-জামানকে দায়িত্বে অবহেলা এবং নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি তদন্তে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, নকল বা পরীক্ষায় কোনো ধরনের অসদুপায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরীক্ষার স্বচ্ছতা ও মর্যাদা ক্ষুণ্ন করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ ও কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সতর্কতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ ছাড়া কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাউবির উপাচার্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন