ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের শরণার্থী-অভিবাসীদের জন্য ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ


ট্রাম্পের শরণার্থী-অভিবাসীদের জন্য ৮১০ মিলিয়ন ডলারের তহবিল বাতিলের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের অনুমোদিত ৮১০ মিলিয়ন ডলারের সরকারি তহবিল বাতিলের জন্য উদ্যোগ নিয়েছেন। এই তহবিলের একটি বড় অংশ শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের জন্য বিভিন্ন সেবা ও সহায়তা কর্মসূচিতে বরাদ্দ ছিল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের কাছে ১১টি বরাদ্দ বাতিলের প্রস্তাব পাঠিয়েছে। হোয়াইট হাউসের নথি অনুযায়ী, এই বরাদ্দগুলোর মোট মূল্য ৮১০ মিলিয়ন ডলার। স্বাস্থ্য ও মানবসেবা, শিক্ষা, স্বরাষ্ট্র নিরাপত্তা, আবাসন ও নগর উন্নয়ন, বিচার এবং অন্যান্য খাতের তহবিল এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এই বরাদ্দের মধ্যে সবচেয়ে বড় অংশ, ৫৬৭ মিলিয়ন ডলার, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এমন কর্মসূচি থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে, যেগুলোর মাধ্যমে শরণার্থী, আশ্রয়প্রার্থী, একাকী অপ্রাপ্তবয়স্ক এবং অন্যান্য অমার্কিন নাগরিকদের সেবা দেওয়া হতো। এছাড়া অভিবাসী শিক্ষার্থীদের জন্য প্রায় ২৫ মিলিয়ন ডলার এবং অন্যান্য শিক্ষা ও সামাজিক সেবা কর্মসূচির অর্থও বাতিলের আওতায় রয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ পুলিশ গ্রেপ্তার

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এসব তহবিলের কিছু অংশ আর প্রয়োজনীয় নয় এবং প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশাসনের দাবি, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ কমে যাওয়ায় অভিবাসন-সংশ্লিষ্ট কিছু কর্মসূচিতে আগের মতো অর্থের প্রয়োজন নেই।

কিন্তু কংগ্রেসের সদস্যরা এই উদ্যোগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিনেটের বরাদ্দ কমিটির চেয়ারম্যান সুসান কলিন্স বলেছেন, কংগ্রেস অনুমোদিত অর্থ নির্বাহী শাখা একতরফাভাবে বাতিল করতে পারে না। ডেমোক্র্যাট সিনেটর প্যাটি মুরেও এই পদক্ষেপের সমালোচনা করেছেন।

ট্রাম্প প্রশাসন যে পদ্ধতি ব্যবহার করছে, সেটিকে ‘পকেট রেসিশন’ বলা হচ্ছে। সাধারণত কংগ্রেসকে বরাদ্দ বাতিলের প্রস্তাব পর্যালোচনার সুযোগ দেওয়া হয়। তবে এবারের প্রস্তাবটি ৩০ সেপ্টেম্বর মার্কিন অর্থবছর শেষ হওয়ার মাত্র কয়েক দিন আগে পাঠানো হয়েছে। ফলে প্রস্তাবটি নিয়ে কংগ্রেসের পূর্ণাঙ্গ পর্যালোচনার সময় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

মার্কিন সরকারি নজরদারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস এই ধরনের পদক্ষেপের বৈধতা নিয়ে আপত্তি জানিয়েছে। সংস্থাটির মতে, পর্যাপ্ত সময় না দিয়ে কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে রাখার এই পদ্ধতি কংগ্রেসের অর্থ বরাদ্দের সাংবিধানিক ক্ষমতাকে পাশ কাটানোর প্রশ্ন তৈরি করে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স

আরও পড়ুন: লিবিয়া ও তুরস্কের মধ্যে নতুন সামুদ্রিক চুক্তি অনুমোদন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, দুয়ারে কড়া নাড়ছে শীত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ এম


কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, দুয়ারে কড়া নাড়ছে শীত

দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের আমেজ ইতোমধ্যে অনুভূত হতে শুরু করেছে। মধ্য রাতের পর কিছুটা ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পাচ্ছে এবং ভোরের প্রকৃতি স্পষ্টভাবে জানাচ্ছে যে শীত দরজায় কড়া নাড়ছে। প্রকৃতির আগাম বার্তা যখন শিশির ও কুয়াশায় প্রকাশ পায়, তখন শীতার্ত মানুষের জন্য প্রস্তুতি নেওয়া জরুরি হয়ে পড়ে। কারণ, কারও কাছে শীত মানে প্রকৃতির সৌন্দর্য, আবার কারও কাছে, এক টুকরো উষ্ণতার অপেক্ষা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬ টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষার আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই মধ্যরাত থেকেই ঠান্ডা বাতাসের অনুভূতি বাড়ছে। ভোরে কুয়াশা ও শিশির দেখা যাচ্ছে। ঘাসের ডগায় জমে থাকা স্বচ্ছ শিশিরবিন্দু, চারপাশে কুয়াশার আবরণ এবং উত্তরের হিমেল বাতাস সবকিছুতেই ঋতু বদলের আগাম বার্তা প্রতিফলিত হচ্ছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় পঞ্চগড়ে শীতের অনুভূতি অন্যান্য অঞ্চলের তুলনায় আগেভাগেই আসে।

শুড়ি ভিটা এলাকার আবুল কালাম জানিয়েছেন, সকালে রাস্তাঘাট কুয়াশার আবরণে ঢাকা থাকে। উত্তরের দিক থেকে আসা হিমেল বাতাসে শরীরে শীতের পরশ অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের ভোর যেন আগেভাগেই জানান দিচ্ছে শীত আসছে।

রিয়াজ উদ্দিন জানিয়েছেন, জেলায় শীত এখনই অনুভব হচ্ছে, তবে শীত বাড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষরা। ভোর হলেই পাথর ও চা শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা বেরিয়ে পড়েন। হিমেল হাওয়া ও কুয়াশার মাঝে শ্রমিকরা নদীতে পাথর তুলতে ও শিশির ভেজা চা পাতা কাটার জন্য বের হন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, শীত মৌসুমে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে সর্বোচ্চ শীত অনুভূত হয়। মৌসুমের বেশিরভাগ দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়। তাপমাত্রার পারদ এক অঙ্কের ঘরে পৌঁছে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১০ এম


ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পটি উদ্বোধন করতে ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আসবেন।

প্রধানমন্ত্রীর এই সফর পূর্বে ১৭ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, তবে তা স্থগিত করে বুধবার (১ অক্টোবর) নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত ১৬ জুন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন লাভ করে। প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ করা হবে।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শন করতে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফেনী আসেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি পরশুরাম উপজেলার খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা এবং প্রস্তাবিত জনসভাস্থল পরিদর্শন করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে প্রকল্পটির উদ্বোধন করবেন। এরপর সেখানে একটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরবর্তীতে প্রধানমন্ত্রী ফুলগাজীতে যাবেন এবং খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এছাড়া, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরগুলোতে স্থাপিত মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম ও নামাজ আদায় করবেন। বেলা ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথাও বলেছেন।

নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুষ্ঠানস্থলগুলোকে তিনটি জোন—রেড, ইয়োলো ও হোয়াইটে ভাগ করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

প্রধানমন্ত্রীর ফেনী সফরের পূর্বে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম এসব তথ্য জানান।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এসএসএফের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তাব্যবস্থায় নিয়োজিত থাকবেন। তবে মোট কতজন সদস্য মোতায়েন করা হবে, তা জানাতে পারেননি তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, রেড জোনে প্রবেশের অনুমতি পাওয়া ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তা কার্ড দেওয়া হবে। ইয়েলো জোনের জন্য আলাদা কার্ড দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কার্ডধারীরাই কেবল সেখানে প্রবেশ করতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরের এলাকাকে হোয়াইট জোন হিসেবে নির্ধারণ করা হবে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন। সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সড়কপথে পরশুরাম যাবেন। তবে তার ফেরার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল তৈরির প্রস্তুতি চলছে। এছাড়া পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতিও চলছে। অনুষ্ঠানস্থলে মঞ্চ, উদ্বোধনী ফলকের স্থান এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।

জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপন এবং অন্যান্য স্যানিটেশন ব্যবস্থা করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজও চলছে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কারকাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এছাড়া পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশেও প্রয়োজনীয় মেরামত ও প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা আশা করছেন, সরকার বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান, ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, লালপুলে আন্ডারপাস নির্মাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জেলার যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১১ এম


যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান

ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। তেহরান আশা করছে, আগামীকাল তারা এই জবাব পাবে। এদিকে, ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন যোগাযোগ হয়েছে।

সোমবার স্থানীয় সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা হয়েছে। আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরানের অবস্থান তুলে ধরা। তিনি উল্লেখ করেন, সংকটের সমাধান এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরান একটি ‘ন্যায্য ও যৌক্তিক’ পরিকল্পনা দিয়েছে। তবে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে। আরাগচি বলেন, ইরানের দায়িত্ব ছিল এসব শর্ত যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের কাছে তুলে ধরা। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হয়েছে যে, সংকট সমাধানে ইরানের একটি পরিকল্পনা রয়েছে।

আরাগচি জানান, সাম্প্রতিক বৈঠকে কাতারের মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে মতপার্থক্য কমানোর জন্য কিছু নতুন প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে, ইরানের দেওয়া পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয় এখন যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হচ্ছে। তিনি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং বার্তা আদান-প্রদান হয়েছে। তবে, ইরানের নতুন প্রস্তাবের কারণে এই যোগাযোগ এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, ইরান ইস্যুতে মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে সোমবার আলোচনা করেছেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। তবে, আলোচনায় কী বিষয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

আলজাজিরার প্রতিবেদনের বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিউইয়র্কে আব্বাস আরাগচির মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। সেখানে ইরানের সর্বশেষ প্রস্তাব এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরিস্থিতির অগ্রগতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। পশ্চিম এশিয়ায় সংঘাত চলার মধ্যেই এই আলোচনা হচ্ছে। এর কয়েক দিন আগে, ট্রাম্প হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। গত সপ্তাহে কাতারের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করে। তারা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে দেয়। এর বিনিময়ে ইরান অর্থনৈতিক সুবিধা চেয়েছিল বলে জানা গেছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে আরাগচি সাত দিনের একটি প্রস্তাব দেন। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে ইরান হরমুজ প্রণালি আবার খুলে দেবে।

ইরান জানিয়েছিল, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটিতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ কমানোর মতো পদক্ষেপও ছিল। তবে রবিবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তার দাবি, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগেই ইরান নিষেধাজ্ঞা থেকে ছাড় এবং ‘বিলিয়ন বিলিয়ন ডলারের জব্দ সম্পদে’ প্রবেশাধিকার চেয়েছিল। ওয়াল্টজ বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় পৌঁছাতে হবে। তবে একই সঙ্গে তিনি জানান, ট্রাম্প সব বিকল্প খোলা রাখবেন। তবে ওয়াল্টজের বক্তব্যের বিরোধিতা করেছেন আরাগচি। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত ইরানের দেওয়া প্রস্তাবটি দেখেননি।

আরাগচি আরো বলেন, ইরান কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। একই সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে তা মোকাবিলার জন্যও প্রস্তুত রয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরান তার মোকাবিলার জন্য পুরোপুরি প্রস্তুত। তার ভাষ্য, নতুন কোনো আগ্রাসন হলে ইরান শক্তভাবে প্রতিরোধ করবে, এমনকি পরিস্থিতি বড় ধরনের যুদ্ধে পরিণত হলেও। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ইরান চিন্তিত নয়। তেহরানের মূল লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। একই সঙ্গে কূটনীতির পথও খোলা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন ট্রাম্পের বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধে হরমুজ প্রণালি এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইরান বলছে, একটি চুক্তির অংশ হিসেবে তারা এই নৌপথ আবার খুলে দিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ অবস্থায় সোমবার নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া ইরানের সর্বশেষ প্রস্তাব এবং দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি অংশগ্রহণ ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় ভোরের শিশিরে শীতের আগমনী বার্তা, গাঢ় সুবজে মাতোয়ারা ফসলের মাঠ

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


সাঘাটায় ভোরের শিশিরে শীতের আগমনী বার্তা, গাঢ় সুবজে মাতোয়ারা ফসলের মাঠ

উত্তরের জেলা গাইবান্ধার সাঘাটায় প্রকৃতিতে বইতে শুরু করেছে হেমন্তের হাওয়া, যা জানান দিচ্ছে শীতের আগাম আগমনী বার্তা। ভোরের আলো ফোটার পরপরই দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠে জমা হওয়া শুভ্র শিশিরবিন্দু আর হালকা কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে চারপাশ।
আজ মঙ্গলবার সকালে সাঘাটার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম ঘুরে দেখা যায়, সবুজে ঘেরা আমন ধানের শীষ ও দূর্বাঘাসের ডগায় মুক্তোর মতো জমে আছে ভোরের শিশির। পুব আকাশে উদিত সূর্যের রক্তিম আভা যখন ঘাসের ছোঁয়ায় নেমে আসে, তখন চারপাশের প্রাকৃতিক দৃশ্য এক অপরূপ সৌন্দর্যে রূপ নেয়।
স্থানীয় কৃষকরা জানান, কদিনের তীব্র গরমের পর এখন শেষরাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। ফলে বাসাবাড়িতে রাতে বৈদ্যুতিক পাখার প্রয়োজন কমে এসেছে । একইসঙ্গে শীতকে লক্ষ্য করে সাঘাটার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষকরা আগাম শীতকালীন শাক-সবজি চাষ এবং রোপিত ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
হালকা কুয়াশা ও শিশিরভেজা এ পরিবেশ যেমন পথচারী ও পথচলা মানুষকে মুগ্ধ করছে, তেমনি প্রকৃতিপ্রেমীদের মন জুড়িয়ে দিচ্ছে প্রকৃতির এই স্নিগ্ধ রূপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%