ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

জগন্নাথ হল থেকে আটক হল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অর্ক সাহা


জগন্নাথ হল থেকে আটক হল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অর্ক সাহা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করা হয়েছে। ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।

রোববার বিকেলে হলের একটি ক্যান্টিনে খাবার খাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, অর্ক সাহা মাঝে মাঝে জগন্নাথ হলে যাতায়াত করতেন। এদিন বিকেলে হলের ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাকে দেখতে পান। পরে তাকে পাকড়াও করা হয়। একপর্যায়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাদের উপস্থিতিতে অর্ক সাহাকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অর্ক সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই বর্তমানে হলে সিট বরাদ্দ নেই। তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে (অর্ক সাহা) মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করেন।’

তিনি আরও বলেন, ‘হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’

ঘটনার বিষয়ে জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, দীর্ঘদিন ধরে অর্ক সাহা রাতে হলে লুকিয়ে অবস্থান করছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। আজ বিকেলে তাকে ক্যান্টিনে দেখতে পেয়ে আটক করেন শিক্ষার্থীরা। সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক সাহা জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে আসলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আনা স্বর্ণের ডিম আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ এম


দেশে আনা স্বর্ণের ডিম আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) আবুধাবি থেকে বাংলাদেশে আনা স্বর্ণের ডিম পুনরায় আবুধাবিতে ফেরত নেওয়ার একটি চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে। এই ঘটনা ঘটেছে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারার কারণে।

দুটি পৃথক অভিযানে মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে অফলোড করা হয়। উক্ত ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যায়।

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় পরবর্তীতে উক্ত যাত্রীর সহযোগিতায় ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

অন্য একটি ঘটনায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও ৩টি স্বর্ণের ডিম আটক করেন, যার ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিআইআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো ইতোপূর্বে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

স্বর্ণ চোরাচালানের এই ব্যতিক্রমী ঘটনায় নতুন প্রশ্নের উদ্ভব হয়েছে। বিদেশ থেকে অবৈধভাবে আনা স্বর্ণ যদি দেশের বাজারে কাঙ্ক্ষিত দামে বিক্রি না হয়, তাহলে তা কি আবার বিদেশে পাচার করা হচ্ছে?

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ এম


মোস্তফা জামাল হায়দারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ অবস্থায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে যান।

রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি মোস্তফা জামাল হায়দারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ, জাতীয় পার্টি (কাজী জাফর)-এর মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জুবায়ের হায়দারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ এম


ঢাকায় কুশ চাষের গোপন ল্যাব, যুক্তরাষ্ট্রে বসে নিয়ন্ত্রণ করতেন তৌসিফ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অবস্থান থেকে দূরনিয়ন্ত্রিত প্রযুক্তির সাহায্যে রাজধানীর ওয়ারীতে গড়ে উঠা অত্যাধুনিক ‘কুশ’ চাষের ল্যাবের নিয়ন্ত্রণ করতেন তৌসিফ হাসান (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিটের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, চলতি বছরের জানুয়ারি মাসে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইয়াবা পাচারের চেষ্টা সংক্রান্ত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তৌসিফের সংশ্লিষ্টতা সামনে আসে। পরে ওয়ারীর ওই বাসায় অভিযান চালিয়ে অপ্রচলিত সিনথেটিক মাদক কুশ চাষের জন্য বিশেষভাবে তৈরি ল্যাবের সন্ধান পান অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে যুক্তরাষ্ট্র থেকে আনা কুশের বীজ, চাষ করা গাছ, সদ্য সংগ্রহ করা কুশ, চাষের বিভিন্ন উপকরণ, সিসা সেবনের সরঞ্জাম ও বিদেশি মদ উদ্ধার করা হয়। বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে তৈরি তাপমাত্রা নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে একাধিক টবে কুশ চাষের প্রমাণ পাওয়া যায়।

ডিএনসির কর্মকর্তারা জানান, তৌসিফ যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কুশ চাষের কৌশল রপ্ত করেন। পরে দেশে ফিরে নিজের বাসায় বিশেষায়িত ল্যাব স্থাপন করেন এবং বিদেশে অবস্থান করেও প্রযুক্তির মাধ্যমে ল্যাবের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন। তদন্তে উঠে এসেছে যে, এ কাজে তার এক বান্ধবীও সহযোগিতা করতেন।

সূত্র জানায়, ওই বান্ধবীর মাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসে ৩২টি ইয়াবা যুক্তরাষ্ট্রে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। ডিএনসির অভিযানে সেই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ওই ঘটনায় তৌসিফের বান্ধবী ও বাসার তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল এবং টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় তৌসিফকে পলাতক আসামি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল ডিএনসি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌসিফ ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা ও কুশ সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তার মাদক সংগ্রহ ও সরবরাহের উৎস এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে। এ ঘটনায় ওয়ারী থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তারা আরও জানান, কুশ হলো বিশ্বে জনপ্রিয় ও তীব্র প্রতিক্রিয়াশীল এক ধরনের বিশেষ গাঁজা বা ক্যানাবিস ইন্ডিকা প্রজাতিভুক্ত মাদক, যা সাধারণ গাঁজার তুলনায় অনেক বেশি শক্তিশালী। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সীমান্ত অঞ্চলে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালা থেকে এই বিশেষ জাতের গাঁজার উৎপত্তি হওয়ায় এর নামকরণ করা হয়েছে ‘কুশ’। কুশ মূলত ফুল শুকিয়ে ধোঁয়া বা ভেপের মাধ্যমে সেবন করা হয়। এটি অত্যন্ত প্রাণঘাতী একটি মাদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ অর্জন ২১ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০২ এম


খুলনার নেভি অ্যাংকরেজ কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ অর্জন ২১ জনের

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় খুলনার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ অসাধারণ কৃতিত্বের মাধ্যমে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। ইংরেজি ভার্সনের এই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী ৬১ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এবং তাদের মধ্যে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছেন।

দক্ষিণ অঞ্চলে মানসম্মত শিক্ষা প্রদানে এবং সুশৃঙ্খল পরিবেশে শিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করে আসা এই প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে, যার মধ্যে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ অন্যতম।

এর আগে, প্রতিষ্ঠানটি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল) হিসেবে তৃতীয় স্থান অধিকার করে এবং এর অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা) বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (কলেজ) হওয়ার গৌরব অর্জন করেন।

পরীক্ষায় এই অভূতপূর্ব সাফল্যের জন্য স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি (কমান্ডার, খুলনা নৌ অঞ্চল), অধ্যক্ষ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি, আগামী দিনগুলোতেও সফলতার এই ধারাবাহিকতা বজায় রাখতে গভর্নিং বডির সভাপতি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%