০৩:২৬ এম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, সরকার নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা ও অদক্ষতা আড়ালে রেখে বিরোধীদলকে অপপ্রচারের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে শফিকুর রহমান এসব কথা বলেন।
শফিকুর রহমান সরকারের উদ্দেশ্যে বলেন, "বিরোধী দলের চরিত্রহনন বাদ দিয়ে আপনাদের ব্যর্থতা সমাধানের চেষ্টা করুন। যদি দুঃখ-দুর্দশা দূর হয়, মানুষ আপনাদের সমর্থন করবে।"
এক মাস কারাভোগের পর দলের সহযোগী সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তিতে জামায়াত সেখানে একটি সংবর্ধনার আয়োজন করে।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বেতন সমন্বয়ে মজুরি বোর্ডের প্রথম সভা শুরু
বিরোধীদলীয় নেতা সরকারের উদ্দেশ্যে বলেন, "যদি মনে করেন যে অতীতের মতো স্বৈরাচারী কায়দায় প্রতিবাদী কণ্ঠকে দমিয়ে দেবেন, স্তব্ধ করে দেবেন, তাহলে আপনাদের দুঃসংবাদ দিচ্ছি, এটি বাংলাদেশে আর হবে না।"
জামায়াতের ৩৪ জন সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা ওমরাহ শেষে গত ১ অক্টোবর দেশে ফেরার পর লাগেজ পেতে বিলম্ব হওয়ায় বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে উচ্চবাচ্য করেন মেজর আখতারুজ্জামান। শফিকুর রহমান জানান, আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি। কিন্তু তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগে মিথ্যা মামলা করা হয়েছে।
জামায়াতের আমির বলেন, মেজর আখতারের প্রতিবাদের পর বিমানবন্দরের বিভিন্ন সমস্যার সমাধানে কিছু দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ট্রলি সংযোজন, লাগেজ বেল্টে ক্যামেরা স্থাপন এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এসব পরিবর্তন প্রমাণ করে, তিনি যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর বাস্তবতা ছিল।
২ অক্টোবর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে এই মামলায় রিমান্ডে নেওয়া হয়। তিনি জানান, রিমান্ডে চোখ বেঁধে জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে প্রশ্ন করা হয়, যা মামলার সঙ্গে সম্পর্কিত নয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উৎসাহেই ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেয়েছি: উদ্ভাবক ড. জাভেদ হোসেন খান
আখতারুজ্জামান প্রশ্ন তোলেন, "পুলিশ হয়ে, ডিবি হয়ে একটি রাজনৈতিক দলের ভেতরের খবর জানার ন্যাক্কারজনক সাহস কোথায় পেল? একটি রাজনৈতিক দলের নেতৃত্ব কীভাবে চলে, এই প্রশ্ন করার অধিকার পুলিশকে কে দিয়েছে?"
গত সোমবার হাইকোর্ট থেকে জামিন পান আখতারুজ্জামান। গতকাল সকালে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কারাফটকে ফুলের মালা দিয়ে বরণ করেন ঢাকা উত্তর মহানগর জামায়াতের আমির সেলিম উদ্দিন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন প্রমুখ।
এদিকে গতকাল সকালে বিরোধীদলীয় নেতার বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ।
আরও পড়ুন: আমজনতার ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন