১২:৩৬ পি.এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : পুরান ঢাকার নয়াবাজারে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ‘ডাবল এ’ ব্র্যান্ডের নকল কাগজ আটক করেছে। এই কাগজগুলো বাংলাদেশে স্থানীয়ভাবে উৎপাদিত হয়ে ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা ব্যবহার করে বাজারে বিক্রি হচ্ছিল।
সিআইআইডির তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহযোগিতায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানের ফলে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ উদ্ধার করা হয়।
অভিযানে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বিবৃতি অনুযায়ী, এই কাগজগুলো আসলে বাংলাদেশে তৈরি। স্থানীয়ভাবে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।
আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
দুটি অভিযানে মোট ৪৪৪ রিম নকল ‘ডাবল এ’ কাগজ আটক করা হয়েছে। প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ উদ্ধার করা হয়।
সিআইআইডি জানায়, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে ক্রেতাদের প্রতারিত করার পাশাপাশি বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীদেরও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে বলে সিআইআইডি ধারণা করছে। এসব প্রতিষ্ঠান শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন