ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান


ক্ষমতা টিকিয়ে রাখতে ইরান যুদ্ধকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু: গোলান

ইসরাইলের ‘ডেমোক্র্যাটস’ দলের নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন হামলার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে পারেন।

রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ইসরাইলের এই বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, ইরানের সাথে আরেকটি যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

তিনি দাবি করেন, এ ধরনের সংঘাতের নেতৃত্ব দেয়ার জন্য নেতানিয়াহুর কাছে জনসমর্থন, নৈতিক বৈধতা ও মৌলিক সক্ষমতা কোনোটিই নেই। একই সঙ্গে তিনি যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত

পোস্টে গোলান নেতানিয়াহুকে ইরানের সঙ্গে সংঘাত নিরসনে ব্যর্থতার জন্য দায়ী করেন। তিনি লেখেন, ‘আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে বারবার ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে হচ্ছে। নেতানিয়াহু কতটা ব্যর্থ হয়েছেন, এটি তারই প্রমাণ।’

গোলান আরও বলেন, গাদি আইজেনকট, আভিগদর লিবারম্যান, নাফতালি বেনেট, ইয়ার লাপিদ এবং তিনি নিজে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে গভীরভাবে জানেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। তারা ইসরাইলকে সুরক্ষিত রাখতে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির যেটুকু অবশিষ্ট রয়েছে, সেগুলোতে ‘মাত্র ১০ মিনিটের মধ্যেই’ আঘাত হানার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের কয়েক ঘণ্টা পর, স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) রাতে ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন ট্রাম্প।

আরও পড়ুন: বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার ‘ট্রেডারট্রেইটর’: এফবিআই

ট্রাম্প বলেন, ‘এখনও এক বা দুটি স্থাপনা বাকি আছে, যেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনও রয়েছে। আমরা ১০ মিনিটেই এটি গুঁড়িয়ে দিতে পারি। এ জন্য আমাদের পরিকল্পনা রয়েছে এবং খুব দ্রুত তা বাস্তবায়ন করতে পারি।’

সূত্র:  ওয়াইনেট নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


নোয়াখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী - ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্সেদ অপু, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


ইরান যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে

ইরান যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ এবং দেশটির নৌবাহিনী রয়্যাল নেভি ও বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে। তেহরান জানায়, লন্ডনের ‘শত্রুতামূলক’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একটি বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাজ্যের ভূমিকা এবং নতুন ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’ আইনের আওতায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত এক বছরে যুক্তরাজ্যের বিভিন্ন পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তেহরান তাদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

পূর্বে, জুলাই মাসে, যুক্তরাজ্য নতুন আইনের আওতায় ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি)-কে তালিকাভুক্ত করে। এই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

আইন অনুসারে, যুক্তরাজ্যে কেউ আইআরজিসিকে সহায়তা বা সমর্থন করলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। ইরানের এই ঘোষণার ফলে তেহরান ও লন্ডনের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে হাজী মাজার বস্তিতে নতুন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে হাজী মাজার বস্তিতে নতুন আলোচনা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত হাজী মাজার বস্তি একটি পরিচিত পাইকারি মাদকের বাজার হিসেবে পরিচিত। এই এলাকায় পুলিশ সদস্য সংখ্যা বড় না হলে দিনের বেলায় মাদক কারবারিদের জন্য ঢুকতে সাহস পায় না।

স্থানীয় বাসিন্দাদের মতে, রাতের বেলায় সম্মিলিত অভিযান ছাড়া পুলিশ বা মাদক সংশ্লিষ্ট নয়—এমন কেউ হাজী মাজার বস্তিতে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে চাইলে মাদক কারবারিদের অনুমতি মোবাইল ফোনে নিতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, রাতের বেলায় বস্তির চারপাশে মাদক কারবারিরা নিজেদের ব্যবস্থাপনায় পুলিশের মতো ওয়াকিটকি ও সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলে।

এমন পরিস্থিতির মধ্যে গত ২৭ অক্টোবর রাতে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) ‘হাজী মাজার বস্তি থেকে তুরাগ নদে ঝাঁপ দেওয়ার’ ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

হাজী মাজার বস্তি গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযুক্ত মূল মহাসড়ক থেকে ৫০০ গজ ব্যবধানে মাজার রোড ও হোন্ডা রোড দিয়ে বস্তিতে প্রবেশ করা যায়।

মাজার বস্তির দুই দিকে এই দুটি সড়ক রয়েছে। বাকি দুই দিকে তুরাগ নদ। দুই সড়কের প্রবেশদ্বারে মাদক কারবারিরা কড়া নিরাপত্তার ব্যবস্থা গড়ে তুলেছে। প্রবেশমুখে পাহারা বসিয়ে ওয়াকিটকির মাধ্যমে মাদকের এই বাজার চলছে অনেকটাই নিরাপদে।

কয়েক বছর আগে পুলিশের গোয়েন্দা শাখার একটি দলের ওপর হামলা করে মাদক কারবারিরা, যার ফলে পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গত ২৬ অক্টোবর স্থানীয় এক সাংবাদিককে দিনের বেলায় অপহরণ করে মাজার বস্তিতে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং দুই ঘণ্টা ধরে নির্যাতনের পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই সাংবাদিক এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ মাজার বস্তি থেকে দুজনকে গ্রেপ্তার করে। সাংবাদিককে নির্যাতনের পরদিন মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও তার ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ মাজার বস্তির পাশে তুরাগ নদের তীরে ২৯ নম্বর সীমানা পিলারের কাছে এসেছিলেন বলে তথ্য বেরিয়েছে।

দীপের তথ্য ও পুলিশের সংগ্রহ করা মাজার বস্তির বিভিন্ন সিসি টিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১২টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে মাজার সড়ক দিয়ে বস্তির ভেতর প্রবেশ করেন সাউরি ও দীপ।

আরেকটি ফুটেজে দেখা যায়, প্রত্যেকটিতে দুজন করে আরোহী থাকা তিনটি মোটরসাইকেল একযোগে মাজার বস্তিতে প্রবেশ করে। এর মধ্যে প্রথম মোটরসাইকেলে সাউরিকে দেখা যায়।

এরপর শুক্রবার ভোররাতে মাজার রোড থেকে কোয়ার্টার কিলোমিটার দূরে হোন্ডা রোডে একটি মোটরসাইকেল পায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

মোটরসাইকেল উদ্ধারকারী টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এখলাছ উদ্দিন ফরাজী কালের কণ্ঠকে জানান, সেনাকল্যাণ এলাকায় দায়িত্ব পালনের সময় শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাত ৩টা ১০ মিনিটে স্থানীয় লোকজন জানায়, দুই দিন ধরে ওই এলাকায় একটি মোটরসাইকেল পড়ে ছিল। ওই তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মোটরসাইকেলটিতে ধুলোবালি ছিল। শুধু স্টার্টিং লক করা নম্বর প্লেটবিহীন গাড়িটি ছিল পরিত্যক্ত অবস্থায়। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পিবিআই মোটরসাইকেলটি জব্দ করে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি (২৮) রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। ওই দিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে তিনি জানিয়েছিলেন, বাসায় ফিরছেন, কিন্তু আর ফেরেননি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তর খানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে সাউরির লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় সাউরির ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গী থেকে দুই বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটি উদ্ধারের পর দীপকে নিয়ে পিবিআই টঙ্গীর হাজী মাজার বস্তির তুরাগ তীর পরিদর্শন করে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনাস্থলে তাদের কয়েকজন ধাওয়া করলে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। আর পালিয়ে আসেন তিনি (দীপ)। তবে কারা তাদের ধাওয়া করেছিল, কেন করেছিল এবং নদীতে ঝাঁপ দেওয়ার পর তাহসিফের কী হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। পরে উত্তরখান থানায় মামলা হলে পিবিআই দীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করে। ওই ঘটনায় মামলা হলে পুলিশ দীপকে রিমান্ডে নেয়।

স্থানীয় সূত্রের অভিযোগ, তুরাগ নদঘেঁষা এবং ঢাকা ও গাজীপুরের সংযোগস্থলে অবস্থিত হাজী মাজার বস্তি ও এর আশপাশে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা, ছিনতাই ও অপরাধী চক্রের ব্যাপক তৎপরতা রয়েছে। নির্জন পথ, নদীতীরবর্তী অবস্থান এবং অপরাধীদের প্রভাবের কারণে সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভোগে।

এলাকাটিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও নজরদারি কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সূত্র জানায়, তাহসিফকে দীপ কেন ওই এলাকায় নিয়ে গিয়েছিলেন, সেখানে তাদের যাওয়ার উদ্দেশ্য কী ছিল, তারা মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়েছিলেন, নাকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো পক্ষের তাড়া খেয়েছিলেন—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

মোটরসাইকেলটি কার—তা শনাক্ত এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে অনেকের অভিমত।

একজন সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে মাজার বস্তির নাম উঠে আসায় এলাকাটির অপরাধ পরিস্থিতি, মাদক কারবারিদের নেটওয়ার্ক এবং নিরাপত্তাব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার দাবি উঠেছে।

শুধু তাহসিফের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন নয়, জননিরাপত্তার স্বার্থে এই এলাকার অপরাধী চক্রের প্রকৃত অবস্থান ও তাদের পৃষ্ঠপোষকদেরও শনাক্ত করা জরুরি বলে মনে করছে এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইস্তাম্বুলে মুসলিম উম্মাহর ঐক্য নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


ইস্তাম্বুলে মুসলিম উম্মাহর ঐক্য নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক মুসলিম স্কলার্স ইউনিয়ন (আইইউএমএস) এবং দ্য ফাউন্ডেশন অব ইসলামিক স্কলার্স-এর যৌথ আয়োজনে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘মধ্যপন্থী উম্মাহর ঐক্য : ঐক্যের সনদ’ শীর্ষক সম্মেলনে বিশ্বের ৩০টিরও বেশি দেশের আলেম, ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনটি ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর সমাপনী ঘোষণায় মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মতপার্থক্য নিরসন এবং নির্যাতিত জনগণের অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। গাজায় গণহত্যা বন্ধ, পশ্চিম তীরে হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা।

সম্মেলনে ‘মধ্যপন্থী উম্মাহর সনদ : মৌলিক বিষয় ও পরিবর্তনশীল বিষয়’ শীর্ষক একটি প্রস্তাব গ্রহণ করা হয়। এতে উল্লেখ করা হয়, ইসলামের অকাট্য মৌলিক বিধান এবং পরিবর্তনশীল ও গবেষণানির্ভর বিষয়গুলোর মধ্যে পার্থক্য বজায় রেখে শরিয়াহসম্মত গবেষণা, সংস্কার এবং আধুনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে।

ঘোষণায় বলা হয়, মুসলিম উম্মাহর ঐক্য শুধুমাত্র ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি একটি সভ্যতাগত প্রয়োজন। মতাদর্শিক ও মাজহাবভিত্তিক বৈচিত্র্যকে সম্মান জানিয়ে অভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। উগ্রতা, সাম্প্রদায়িকতা ও বিভেদ পরিহার করে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়া মুসলিম বিশ্বের আলেম, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ এবং বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়। সম্মেলনে ঐক্যবিষয়ক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য ‘সেন্টার ফর ইউনিটি’ প্রতিষ্ঠার সিদ্ধান্তও ঘোষণা করা হয়। পাশাপাশি বিভিন্ন মুসলিম দেশ ও প্রবাসী মুসলিম জনগণের মধ্যে ঐক্য কমিটি গঠন, যৌথ প্রশিক্ষণ, গবেষণা এবং নিয়মিত সম্মেলন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সমাপনী ঘোষণায় ফিলিস্তিন, ইয়েমেন এবং সুদানের জনগণের প্রতি বিশেষ সংহতি প্রকাশ করা হয়। গাজায় গণহত্যা বন্ধ, পশ্চিম তীরে হত্যাকাণ্ড ও লঙ্ঘন বন্ধ, ফিলিস্তিনি বন্দিদের সুরক্ষা, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং আল-আকসা মসজিদ রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদারিত্ব অবসানের দাবি জানানো হয়।

ইয়েমেনের ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানিয়ে দেশটির বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে সুদানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সমর্থন জানানো হয়। দেশটিতে চলমান সংঘাত বন্ধ, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এছাড়া রোহিঙ্গা, পূর্ব তুর্কিস্তানসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়। কোনো অপরাধে জড়িত নন—এমন বিবেকবন্দিদের মুক্তি, অধিকার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

সম্মেলনে সব ধরনের সন্ত্রাসবাদ এবং সহিংসতার নিন্দা জানানো হয়। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর কিছু অস্থিরতাকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, ইসলামবিদ্বেষ এবং বৈষম্য উসকে দেওয়ার প্রবণতা সম্পর্কে সতর্ক করা হয়।

আইনের শাসন, মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। একটি গির্জায় সংঘটিত হামলারও নিন্দা জানানো হয়েছে।

সম্মেলনের আয়োজক এবং অংশগ্রহণকারীরা মনে করেন, মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু ঘোষণা বা সম্মেলন যথেষ্ট নয়; বরং এসব সিদ্ধান্তকে বাস্তব কর্মসূচি, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে কার্যকর করতে হবে।

সমাপনী ঘোষণায় সম্মেলন সফল করতে সহযোগিতার জন্য বিশ্ব মুসলিম উলামা ইউনিয়ন, ইসলামিক স্কলার্স ওয়াকফ, আয়োজক প্রতিষ্ঠান, অংশগ্রহণকারী প্রতিনিধি এবং তুরস্কের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%