ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শিশুর হাত-পা বিচ্ছিন্ন, নিহত ১


চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে শিশুর হাত-পা বিচ্ছিন্ন, নিহত ১

চট্টগ্রাম নগরের রেললাইনে ট্রেনে কাটা পড়ে রাহাত (১০) নামের এক শিশুর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনার সময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো একজন, আব্দুর রহমান, আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

নিহত দেলোয়ার হোসেন মিন্টু পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন এবং তিনি নগরের পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায় বসবাস করতেন।

তাঁর গ্রামের বাড়ি ফেনীতে বলে জানা গেছে।

আহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শিশু রাহাতের বাবা মো. ফারুক বলেন, ‘জুমার নামাজের পর ২০ টাকা নিয়ে চটপটি খেতে বের হয়েছিল আমার ছেলে।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়েছে। এখন আমার ছেলের হাত নেই, পা নেই।’

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কান্তি দে বলেন, ‘রেললাইনের ওপর থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিশুটিও আহত হয়েছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উপহারে কৃত্রিম পা পেলেন জিপিএ-৫ পাওয়া মাহফুজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


প্রধানমন্ত্রীর উপহারে কৃত্রিম পা পেলেন জিপিএ-৫ পাওয়া মাহফুজ

মাহফুজ, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনার ফলে ডান পা হারান। জীবনের কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দীর্ঘ ১০ বছর তিনি ক্রাচের সাহায্যে চলাফেরা করেছেন। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। এবারের এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৫ অর্জন করে সবাইকে অবাক করেছেন।

অবশেষে, দীর্ঘ ১০ বছরের কষ্টের অবসান ঘটিয়ে বগুড়ার এই শিক্ষার্থী কৃত্রিম পায়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে মাহফুজের ডান পায়ে সফলভাবে কৃত্রিম পা সংযোজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় তার চিকিৎসার সার্বিক ব্যবস্থা করা হয়।

মাহফুজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ঠাকুরপাড়া গ্রামের সাধারণ কৃষক আব্দুল ওহাবের ছেলে। সম্প্রতি শিবগঞ্জে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মাহফুজের অদম্য লড়াইয়ের গল্প শুনে মুগ্ধ হন। সেখানে তিনি তাৎক্ষণিকভাবে মাহফুজের উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার পাশাপাশি কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়া সফরে এসে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানেই প্রথম মাহফুজের বিষয়টি আমার নজরে আসে। দীর্ঘ ১০ বছর একটি পা ছাড়া সে চলাফেরা করেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে তিনি দ্রুত পা লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেন। টিএমএসএস হাসপাতালের সহযোগিতায় কৃত্রিম পা সংযোজন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে ছেলেটি তার দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পেল এবং এখন স্বাভাবিকভাবে নিজের পায়ে হেঁটে চলাফেরা করতে পারবে।

মাহফুজ ও তার পরিবার কৃত্রিম পা পেয়ে আনন্দিত। অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাহফুজ বলেন, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রীর সুন্দর উপহার ও সার্বিক সহযোগিতা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিমন্ত্রী স্যার, শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে দাঁড়িয়ে আমাকে স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার পথ সুগম করে দিয়েছেন।’

মাহফুজের বাবা আব্দুল ওহাবও ছেলের পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়া এবং কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।

নতুন স্বপ্ন ও লক্ষ্য হিসেবে, শিবগঞ্জ উপজেলার কিচক আইডিয়াল একাডেমি থেকে জিপিএ-৫ অর্জন করা মাহফুজের লক্ষ্য এখন বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হওয়া। নতুন কৃত্রিম পায়ে ভর দিয়ে সব বাধা কাটিয়ে স্বপ্নের উচ্চশিক্ষার পথে বহুদূর এগিয়ে যেতে চায় এই অদম্য তরুণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনা ঘটেছে। পুলিশ আকবর ও সোহাগ কাজী নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়।

এটি ঘটেছে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে, উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদরাসা এলাকায়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও মামলা চলমান থাকায় ওই রাতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ফলে তিনি সন্তানদের নিয়ে একাই বাড়িতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আকবর ও সোহাগসহ আরও কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাঁর হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন। এ সময় তাঁর সন্তানদেরও দূরে ছুড়ে ফেলে দেওয়া হয়।

ঘটনার একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে ছুটে যান। স্থানীয়দের দাবি, তাঁরা ভুক্তভোগী নারীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নারীর স্বজনদের দাবি, হামলার ফলে ওই নারীর তিনটি দাঁত ভেঙে গেছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আকবর ও সোহাগ কাজী নামের দুজনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

ওসি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকার একটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র থেকে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলম জানিয়েছেন, তিনি লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার কালীবাজার সড়কে ব্যবসা পরিচালনা করছেন। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় দেলোয়ার পেট্রলের বোতল নিয়ে তার দোকানে প্রবেশ করেন। এ সময় দেলোয়ার দোকানের মালামালের ওপর পেট্রল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে তার পাশে বসে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে মারধর করা হয়। দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে তাকেও মারধর করা হয়।

অন্যান্য সূত্রে জানা যায়, আশপাশের লোকজন শাহেদকে উদ্ধার করতে এগিয়ে গেলে দেলোয়ার, তার ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছেন। মামলায় দেলোয়ারকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং শাকিল ও মুন্নাকেও আসামি করা হয়েছে।

এদিকে, চাঁদা দাবি ও ব্যবসায়ীদের মারধরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, "খবর পেয়েই আমি ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এরপর থেকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।"

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানিয়েছেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তরা মাদকাসক্ত। ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরার জন্য অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার ও কৌতিনহো আবার একসাথে সান্তোসে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


নেইমার ও কৌতিনহো আবার একসাথে সান্তোসে

ফেলিপে কৌতিনহো ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগদান করেছেন। দীর্ঘ সময় পর তিনি আবারও বন্ধু নেইমারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পাচ্ছেন।

শৈশবে ভাস্কো দা গামায় বেড়ে উঠেছিলেন কৌতিনহো, অন্যদিকে নেইমার জুনিয়র প্রতিদ্বন্দ্বী ক্লাব সান্তোসকে মাতাতেন। দীর্ঘ সময় পর আবারও সান্তোসের জার্সিতে নতুন সমীকরণ গড়তে চলেছেন তারা।

ব্রাজিলিয়ান লিগ ‘ব্রাসিলেইরাও’-এ সান্তোসের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। নিজেদের পারফর্ম্যান্স পুনরুজ্জীবিত করার জন্য ক্লাবটি লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই প্লে-মেকারকে ফ্রি-এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে।

৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের কাঁধে এখন সান্তোসের বর্তমান দুর্দশা কাটানোর মূল দায়িত্ব রয়েছে। তবে কৌতিনিয়োর এই চমকপ্রদ দলবদলের পেছনে রয়েছে নেইমারের একটি দুর্ভাগ্যজনক খবর।

বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড সান্তোসে ফিরে পুরোনো সাফল্য ফেরাতে চেয়েছিলেন, কিন্তু সম্প্রতি ডান উরুর ‘রেকটাস ফেমোরিস’ পেশিতে ‘গ্রেড ২বি’ মাত্রার মারাত্মক চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

বন্ধুর মাঠে ফেরার বিলম্বের কারণে দ্রুত ব্যবস্থা হিসেবে অভিজ্ঞ কৌতিনিয়োকেই ভিলা বেলমিরোয় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সান্তোস কর্তৃপক্ষ।

ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, চলতি বছরের শেষ পর্যন্ত উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয়েছে। এখন দেখার বিষয়, শৈশবের বন্ধু নেইমার ফিরে আসলে দুই বন্ধুর রসায়ন সান্তোসকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%