ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অনুমতিহীন সিলিন্ডারবাহী ভ্যান-লরিতে গ্যাস না দিতে তিতাস গ্যাসের নিষেধাজ্ঞা


অনুমতিহীন সিলিন্ডারবাহী ভ্যান-লরিতে গ্যাস না দিতে তিতাস গ্যাসের নিষেধাজ্ঞা

আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান ও লরির বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার পর, অনুমোদনহীন পদ্ধতিতে গ্যাস পরিবহনকারী যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সিএনজি স্টেশনগুলো। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি একই সঙ্গে এ ধরনের যানবাহনে গ্যাস না দেওয়ার নির্দেশনা প্রদান করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তানভীর রহমান এ বিষয়টি জানান। তিনি বাংলাদেশ সিএনজি অ্যাসোসিয়েশনের উত্তরা, আশুলিয়া, নবীনগর, বাইপাইল ও চন্দ্রা জোনের জোনাল সভাপতি এবং বাইপাইলে অবস্থিত টিএস সিএনজি রিফুয়েলিং অ্যান্ড কনভার্সন লিমিটেডের স্বত্বাধিকারী।

তানভীর রহমান বলেন, "তিতাস আগে কাগজে-কলমে নিষেধ করলেও মৌখিকভাবে গ্যাস দিতে বলেছিল। কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় শেষ পর্যন্ত আমাদের ওপরই আসে। তাই আমরা আর এ ধরনের ঝুঁকির মধ্যে থাকতে চাই না।"

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

তিনি আরও বলেন, প্রীতি গ্রুপের ঘটনার পর আশুলিয়া অঞ্চলের তিতাস কার্যালয় থেকে সিএনজি স্টেশনগুলোকে পুনরায় চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে, অনুমতিহীন সিলিন্ডারবাহী যানবাহনে গ্যাস সরবরাহ না করা হয়।

তিতাস গ্যাসের আশুলিয়া জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু ছালেহ মুহাম্মদ খাদেমুদ্দীন জানান, "আমরা আগেও তাদের সতর্ক করেছি, এখনো করছি। প্রীতির ঘটনার পর আবারও সিএনজি স্টেশনগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, "সিএনজি স্টেশনগুলো মনিটরিংয়ের দায়িত্ব মূলত তিতাস ও বিস্ফোরক অধিদপ্তরের। এসব দপ্তর প্রশাসনিক সহযোগিতা চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।"

আরও পড়ুন: বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, অন্তঃসত্ত্বাসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এই হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদ চ্যানেল ইএনসিএ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

ঘটনাস্থলে হামলার ফলে ১০ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু ঘটে।

স্থানীয় সময় রাত ১১টার আগে একটি আবাসিক বাড়িতে হামলা চালানো হয়। ওই সময় টাউনশিপের বাড়িটিতে কয়েকজন অবস্থান করছিলেন। অজ্ঞাতপরিচয় হামলাকারীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

হামলার পর পালিয়ে যাওয়ার আগে বন্দুকধারীরা বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। হামলাকারীদের কাউকে শনাক্ত বা গ্রেফতার করার তথ্যও জানায়নি কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, অবিলম্বে সংস্কার চায় জি-৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, অবিলম্বে সংস্কার চায় জি-৪

ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপান, এই চারটি দেশের জোট জি-৪ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্রুত সংস্কারের জন্য আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, বর্তমান নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হচ্ছে না।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জি-৪-এর পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হন। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ডেভিড ওয়াডেফুল এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, বর্তমান বিশ্বের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে পরিষদের কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

এক যৌথ বিবৃতিতে জি-৪ উল্লেখ করেছে, বিশ্বে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের বৃদ্ধি নিরাপত্তা পরিষদের সংস্কারকে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি করে তুলেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো প্রায় ৮০ বছর পুরনো। ফলে এটি বর্তমান বিশ্বের রাজনৈতিক বাস্তবতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে যথাযথভাবে প্রতিফলিত করতে পারছে না।

জি-৪-এর মতে, এই পুরনো কাঠামো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বর্তমান এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাধা সৃষ্টি করছে। এর ফলে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিত্ব, বৈধতা, বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। চারটি দেশ তাই নিরাপত্তা পরিষদে দ্রুত ও কার্যকর সংস্কারের ওপর জোর দিয়েছে।

এই প্রেক্ষাপটে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪। তারা বলেছে, বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে মিল রেখে নিরাপত্তা পরিষদকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করতে হবে।

জি-৪-এর মতে, সংস্কারের অংশ হিসেবে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের সদস্য সংখ্যা বাড়ানো উচিত। একই সঙ্গে যেসব অঞ্চল এবং গোষ্ঠীর প্রতিনিধিত্ব কম বা নেই, তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশগুলোর নিরাপত্তা পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দিয়েছে জি-৪। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় আফ্রিকান দেশগুলোর পক্ষ থেকে নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রস্তাব দেওয়াকে স্বাগত জানিয়েছে তারা। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদসহ আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

তবে নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আইজিএন আলোচনায় অগ্রগতি কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জি-৪। তাদের মতে, গত ১৮ বছর ধরে আলোচনা চললেও এখনো কাঙ্ক্ষিত কোনো বাস্তব ফল পাওয়া যায়নি। লিখিত আলোচনা শুরুর আগে একটি ‘সমঝোতামূলক প্রস্তাব’ উপস্থাপনের বিষয়েও আপত্তি জানিয়েছে জি-৪।

তাদের দাবি, ওই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের সদস্যপদ বাড়ানোর পক্ষে থাকা অধিকাংশ দেশের মতামত প্রতিফলিত হয়নি।

জি-৪ আরো বলেছে, জাতিসংঘ সনদ ও আইজিএনের নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদ সংস্কারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব দেশের ঐকমত্য থাকা বাধ্যতামূলক নয়। ভবিষ্যতে সংস্কারপন্থী অন্যান্য দেশ ও জোটের সঙ্গে কাজ করে মতের মিল রয়েছে এমন বিষয়গুলো চিহ্নিত করতে চায় জি-৪। পাশাপাশি অধিকাংশ সদস্য দেশের মতামতকে গুরুত্ব দিয়ে একটি যৌথ সংস্কার প্রস্তাব তৈরির কথাও জানিয়েছে তারা।

জি-৪ বলেছে, নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে লিখিত আলোচনা দ্রুত শুরু করাই তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। তাদের মতে, এর মাধ্যমে নিরাপত্তা পরিষদে বাস্তব ও কার্যকর সংস্কারের পথ তৈরি হতে পারে।

জি-৪-এর দেশগুলো বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল, বিশ্বাসযোগ্য ও কার্যকর করতে সংস্কার জরুরি। তাদের মতে, এই সংস্কারের মাধ্যমে জাতিসংঘের বহুপক্ষীয় ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিরাপত্তা পরিষদকে বর্তমান বিশ্বের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জয়শঙ্কর বলেন, নিউইয়র্কে জি-৪-এর বৈঠকে বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার এবং আরও প্রতিনিধিত্বশীল ও কার্যকর নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ডেভিড ওয়াডেফুলও নিরাপত্তা পরিষদে বিশ্বের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন ঘটানোর ওপর জোর দেন। তিনি আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান।

ওয়াডেফুল বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পর বিশ্বে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই জাতিসংঘের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থাতেও সেই পরিবর্তনের প্রতিফলন থাকা দরকার। ভারত, ব্রাজিল ও জাপানের সঙ্গে জার্মানি আরও অন্তর্ভুক্তিমূলক নিরাপত্তা পরিষদের জন্য কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, নিরাপত্তা পরিষদে আফ্রিকার দেশগুলোর মতামত ও প্রতিনিধিত্ব আরও যথাযথভাবে তুলে ধরা উচিত।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে জি-৪-এর চার দেশ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ নিজ দেশের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে নয়াদিল্লিতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সংস্কার উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করার বিষয়েও তারা একমত হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ডেভিড ওয়াডেফুলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন জয়শঙ্কর। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, উপসাগরীয় অঞ্চলের সংকট এবং বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পরে এক্সে দেওয়া এক পোস্টে জয়শঙ্কর বলেন, ইউক্রেন ও উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট নিয়ে তারা মতবিনিময় করেছেন। জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে ভারত ও জার্মানির সহযোগিতা শক্তিশালী রয়েছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পে লিভারপুলে যোগ দিতে পারতেন, কিন্তু পিএসজিতে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


এমবাপ্পে লিভারপুলে যোগ দিতে পারতেন, কিন্তু পিএসজিতে গেলেন

কিলিয়ান এমবাপ্পে গায়ের জার্সিটা সাদা নয়, বরং অলরেড হওয়ার কথা ছিল। তবে একটি মুহূর্তের মধ্যে সম্পর্ক বদলে যায়। সেই মুহূর্তটি ছিল এমবাপ্পের চাওয়া। লিভারপুলের সঙ্গে কেন চুক্তি হয়নি, সেই গল্প দ্য অ্যাথলেটিককে জানিয়েছেন ফরাসি তারকা।

ঘটনাটি ২০১৬ সালের। সে সময় মোনাকোর হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন এমবাপ্পে। তাকে পেতে অনেক ক্লাব যোগাযোগ শুরু করে। লিভারপুলও ছিল সেই তালিকায়। তখনকার ইংলিশ ক্লাবটির কোচ ছিলেন ইয়ুর্গেন ক্লপ। এমবাপ্পের মায়ের বড় ভক্ত ছিলেন ক্লপ। তাই মায়ের ইচ্ছা ছিল ছেলে অলরেডদের সঙ্গে চুক্তি করুক।

আলোচনার জন্য এমবাপ্পের মা প্রথমে লিভারপুলে গিয়েছিলেন। শহরটি ঘুরে দেখেন, স্টেডিয়ামে যান এবং সেখানকার লোকজনের সঙ্গে কথাও বলেন। ক্লাবটির আতিথেয়তায় তিনি অ্যানফিল্ডের প্রেমে পড়ে যান। এমবাপ্পে অ্যানফিল্ডে খেললে স্টেডিয়ামের আবহ কেমন হবে, তা বোঝার জন্য একা গ্যালারিতে বসে বেশ কিছু ম্যাচও উপভোগ করেন।

লিভারপুল থেকে ফিরে এসে এমবাপ্পের মাকে ছেলেকে চুক্তি করার জন্য তাগাদা দেন। কিন্তু ছেলের মন গলাতে পারেননি তিনি। তখন ১৮ বছর বয়সী এমবাপ্পে নিজের শহর প্যারিস ছেড়ে অন্য কোথাও যেতে চাননি। তাই পিএসজিতে যোগ দেন তিনি।

স্মৃতি রোমন্থন করতে গিয়ে এমবাপ্পে বলেন, “লিভারপুলের সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে ছিলাম। আমার মায়ের সবচেয়ে পছন্দের জায়গা ছিল লিভারপুল, তিনি চেয়েছিলেন আমি যেন সেখানেই যাই। কিন্তু আমি মায়ের কথা শুনিনি। কারণ আমি প্যারিসে খেলতে চেয়েছিলাম। তারকা হওয়ার আগে নিজের দেশ ছেড়ে যেতে চাইনি। তবে আমার মা সব সময় বলতেন— ‘তুমি লিভারপুলেই যাবে, অ্যানফিল্ডে খেলবে, আর সেটা তোমার জন্য অবিশ্বাস্য এক অভিজ্ঞতা হবে’।”

এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়টি ২০২৬ বিশ্বকাপ চলাকালীন সময়ে ম্যাজেন্টা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্লপ স্বীকার করেছেন। বিষয়টি গোপন রাখতে ব্ল্যাকপুল থেকে ফ্রান্সের নিস শহরে পাঁচ রুমের একটি বিশাল প্রাইভেট জেট পাঠানো হয়েছিল। যাতে আকাশে চক্কর দিতে দিতে চুক্তির আলোচনা করা যায়।

সেই ঘটনা নিয়ে ক্লপ বলেন, ‘এমবাপ্পেকে পাওয়ার জন্য সব চেষ্টাই করেছিলাম। এমবাপ্পের পরিবারকে জেটে তুলে নিয়ে আকাশে চক্কর দিতে দিতে চুক্তি নিয়ে আলোচনা করি। সঙ্গে সবাই মিলে সুস্বাদু খাবারও খাই। মুহূর্তটা দারুণ ছিল। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা আলোর মুখ দেখেনি। সে প্যারিসেই চলে যায়।’

শুরুতে ধারে পিএসজিতে খেলেন এমবাপ্পে। পরে ১৮০ মিলিয়ন ইউরোয় চুক্তি হয়। দীর্ঘ ৭ বছরের ক্যারিয়ারে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন। এরপর ২০২৪ সালে রিয়ালে যোগ দেন তিনি। পিএসজিতে যোগ দেওয়ার বিষয়ে এমবাপ্পে বলেন, ‘দিনশেষে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ প্যারিসে জন্ম ও বেড়ে ওঠা একজন তরুণের নিজ শহরের ক্লাবেই বড় তারকা হয়ে ওঠার চেয়ে সুন্দর অনুভূতি আমার কাছে আর কিছু ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলে গেলেন ‘দ্য স্টিং’ অভিনেতা জেমস স্লোয়েন, বয়স ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


চলে গেলেন ‘দ্য স্টিং’ অভিনেতা জেমস স্লোয়েন, বয়স ৮৫

মার্কিন অভিনেতা জেমস স্লোয়েন মারা গেছেন। তিনি ‘দ্য স্টিং’ এবং ‘জ্যানাডু’ এর মতো বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি ‘স্টার ট্রেক’ সিরিজের একাধিক পর্বে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এই অভিনেতা ৮৫ বছর বয়সে গত ২২ জুলাই মৃত্যুবরণ করেন।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জেমস স্লোয়েনের মৃত্যুর খবর জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার মৃত্যুর বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। সপ্তাহের শেষ দিকে, অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

জেমস স্লোয়েন ‘স্টার ট্রেক’ ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’—এই তিনটি সিরিজে অভিনয় করেছেন।

‘দ্য নেক্সট জেনারেশন’-এ তিনি রোমুলান অ্যাডমিরালের চরিত্রে অভিনয় করেন। পরে একই সিরিজে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও তাকে দেখা যায়। ‘ডিপ স্পেস নাইন’-এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’-এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেল চরিত্রে অভিনয় করেন স্লোয়েন।

১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী সিনেমা ‘দ্য স্টিং’-এ মোটোলা চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। সিনেমাটিতে অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় তাকে দেখা যায়। পরবর্তীতে অলিভিয়া নিউটন-জন অভিনীত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘জ্যানাডু’তেও তিনি অভিনয় করেন।

জেমস স্লোয়েন ১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন। তিনি চার ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার বাবা জেমস ছিলেন নির্মাণ প্রকৌশলী। বিদেশে এবং নিউইয়র্কের অ্যালবানিতে কিছু সময় কাটানোর পর তিনি দ্য আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন।

সেনাবাহিনীর চাকরি শেষে নিউইয়র্কে ফিরে জোসেফ প্যাপের নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে অভিনয় শুরু করেন। পাশাপাশি ফাইটিং দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন। ১৯৬৯ সালে আর্থার কপিটের ‘ইন্ডিয়ান’ নাটকের মাধ্যমে তার ব্রডওয়ে অভিষেক ঘটে। পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউশনার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় প্রবেশ করেন তিনি।

১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়ায় চলে যান জেমস স্লোয়েন। এরপর ‘দ্য গ্যাং দ্যাট কুডন্ট শুট স্ট্রেইট’, ‘দ্য ডক্টরস’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রানসিসকো’, ‘কোজাক’ এবং ‘ডেলভেকিও’-সহ বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে তিনি অভিনয় করেন। ১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’-এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘদিন কাজ করেছেন স্লোয়েন। ১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে ভয়েসওভার শিল্পী হিসেবে কাজ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে, জেমস স্লোয়েন অভিনেত্রী ডিআরড্রে লেনিগানের সঙ্গে সংসার করেছেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ছেলে সংগীতশিল্পী ড্যানিয়েল এবং মেয়ে অভিনেত্রী সামান্থা স্লোয়েনকে রেখে গেছেন। তার ভাই লেখক ও পুলিৎজার পুরস্কারজয়ী সাংবাদিক প্যাট্রিক স্লোয়েন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মারা যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%