০৪:৩৫ পি.এম
বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ২০২৪ সালে ‘লাভ লাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ২০২৫ সালে জাহিদ প্রীতম পরিচালিত চরকি ওয়েব ফিল্ম 'ঘুমপরী'-তে উষা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। একই পরিচালকের ‘এক গুচ্ছ কদম’ নামের নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও তার উপস্থিতি লক্ষ্যণীয়। ২০২৬ সালের চলচ্চিত্র ‘ডোম’-এর সাউন্ডট্র্যাকে প্লেব্যাক গায়িকা হিসেবেও যুক্ত ছিলেন পূর্ণী।
বহুমুখী প্রতিভার অধিকারী পারশা বিনোদন জগতে এখন পরিচিত মুখ। সংগীতের পাশাপাশি অভিনয়-মডেলিংয়ে তিনি প্রায় সমানতালে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে তার আলাদা ভক্ত-অনুরাগী রয়েছে, যাদের সঙ্গে তিনি নানা মতপ্রকাশ করে থাকেন।
তবে এবার সামাজিক মাধ্যমে নেটিজেন ও ভক্ত-অনুরাগীদের মাঝে একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী, যা দেখে নেটিজেনদের চোখ স্থির হয়ে যায়। ব্যক্তিজীবন নিয়ে কৌতূহল দেখা দিয়েছে পারশার ভক্তদের মাঝে। যদিও পারশা মাহজাবীন পূর্ণী ‘সম্পর্কে আছেন’ বলে আগেই জানিয়ে দিয়েছেন। এবার তার এক পোস্টে অভিনেত্রীকে দেখা গেছে বিয়ের সাজে, সঙ্গে বর!
আরও পড়ুন: রণবীরের সিনেমা দেখে আবেগে কেঁদে ফেললেন মহেশ ভাট
ছবিটি প্রকাশের সঙ্গে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী। সেই বার্তায় রসিকতার ভাষায় পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন— ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ-লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই। অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।’
সামাজিক মাধ্যমে নেটিজেনরা ছবিটি আগেভাগে দেখে কিছুটা চমকে গেলেও অভিনেত্রীর ক্যাপশনে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায়। রসিকতার উদ্দেশ্যেই এমন পোস্ট তার! তবে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরাও মন্তব্যের ঘরে রসিকতা করেন। সেই সঙ্গে ছবিটি আসল কিনা, এআই দিয়ে তৈরি কিনা, এ নিয়ে অনুমান করেন ভক্তরা। যদিও ছবিটি বিভ্রান্তি তৈরি করেনি পূর্ণীর ভক্তদের মাঝে; তার মতো করে নেটিজেনরাও তার এই নকল বিয়ের ছবি ও বর নিয়ে মজা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন