০৬:০৪ পি.এম
বিশ্ববিদ্যালয়ের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং দেশজুড়ে একের পর এক গাড়িতে নাশকতার প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি প্রশ্ন তুলেছেন, "আর কত বোমা হামলা বা কত গাড়ির ওপরে হামলা হলে আমরা বুঝব যে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে?"
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এসব কথা বলেন।
সংসদে বক্তব্য রাখার সময় ড. শফিকুল ইসলাম মাসুদ উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রেক্ষিতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে—"বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ওপর শুধু ককটেল বিস্ফোরণ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না।" কিন্তু বিভিন্ন গণমাধ্যম ও বাস্তব চিত্র অনুযায়ী, কেবল একটি-দুটি নয়, শত শত গাড়ির ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন করেন, "এ ধরনের বাস্তবতায় দেশে আর কত মানুষের ক্ষতি হলে বা কত বোমা বিস্ফোরণ হলে সরকার পরিস্থিতি অবনতি হয়েছে বলে স্বীকার করবে?"
আরও পড়ুন: এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার
এছাড়া, পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতি এবং সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াত দলীয় এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, "পার্শ্ববর্তী রাষ্ট্রের উসকানি ও মদদে সশস্ত্র গ্রুপগুলো দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে, যাতে অনেকে হতাহত হয়েছেন।" তিনি প্রশ্ন তোলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যে ধরনের দৃশ্যমান ও শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা কতটা নেওয়া হয়েছে?"
তিনি আরো উল্লেখ করেন, গণমাধ্যম ও স্থানীয় তথ্যসূত্রে জানা যাচ্ছে, পার্বত্য অঞ্চলে দায়িত্বরত সেনা ও নিরাপত্তা সদস্যদের কাছে যে ধরনের অস্ত্র রয়েছে, তার চেয়েও অত্যাধুনিক অস্ত্র রয়েছে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে।
ড. মাসুদ বলেন, সাজেকসহ পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্প ধ্বংস করার পাঁয়তারার অংশ হিসেবে পুরো পার্বত্য অঞ্চলটিকে হাতছাড়া করার গভীর ষড়যন্ত্র চলছে। তিনি প্রশ্ন করেন, "দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কী ভূমিকা পালন করছেন, তা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন।"
আরও পড়ুন: শুধু ছুটির দিনে অফিস করেন চেয়ারম্যান, কর্মদিবস কাটান ঢাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন