০২:২২ পি.এম
বড়াইগ্রামে পাঁচ ঘণ্টা ধরে এক ব্যবসায়ীকে আটকে রেখে পৌনে চার লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেনের বিরুদ্ধে। গত ১৪ নভেম্বর যুগান্তরের অনলাইন সংস্করণে এবং পরদিন প্রিন্ট সংস্করণে ‘ব্যবসায়ীকে ৫ ঘণ্টা আটকে রেখে তিন লাখ টাকা আদায় ছাত্রদল নেতার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় জোনাইল পাগলা বাজারে ওই ব্যবসায়ীকে পৌনে চার লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাদের।
আব্দুল কাদের জানান, মঙ্গলবার জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন, বিএনপি নেতা আফসার আলী এবং রফিকুল ইসলামসহ অন্যান্যদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে তাকে তিন লাখ ৭৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়।
তিনি আরও বলেন, গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তিনি টাকা ফেরত পেয়েছেন। এ জন্য তিনি যুগান্তরসহ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন বলেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছিল। বর্তমানে মীমাংসার মাধ্যমে সেটার অবসান হয়েছে।
উল্লেখ্য, উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে সোঁতিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে সোঁতিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে প্রায় তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ঘটনার পর বাবুল হোসেন ভুক্তভোগী জোনাইল বাজারের ব্যবসায়ী আব্দুল কাদেরকে সন্দেহ করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাকে আটকে রাখা হয়। এ সময় ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন আব্দুল কাদের। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত প্রথমে তিন লাখ টাকা এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা আদায় করা হয়।
আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন