ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান নওয়াজউদ্দীন


আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান নওয়াজউদ্দীন

বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করে আসছেন। এবার তিনি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন।

নওয়াজউদ্দীন জানান, যদি সুযোগ পান, তাহলে তিনি আধ্যাত্মিক গুরু ওশোর চরিত্রে অভিনয় করতে চান। তবে তিনি ছবির পরিচালনার প্রতি আগ্রহী নন বলে জানিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এই ইচ্ছার কথা জানান।

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বাস্তবের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে কাকে বেছে নেবেন? এই প্রশ্নের জবাবে তিনি এক মুহূর্তও অপেক্ষা না করে বলেন, ‘ওশো’।

আরও পড়ুন: নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা

নওয়াজের এই আধ্যাত্মিক গুরুর প্রতি আকর্ষণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ওশোর দর্শন, তার জীবনযাপন, ব্যক্তিত্ব এবং মনোভাব আমাকে খুব আকর্ষণ করে। তাই এমন সুযোগ পেলে আমি অবশ্যই তার চরিত্রে অভিনয় করতে চাই।’

নওয়াজউদ্দীনের এই ইচ্ছার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কি তবে সত্যিই ওশোর জীবন নিয়ে সিনেমা তৈরি হবে? তার দর্শন, জীবনবোধ ও বিতর্ক একসময় সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল। নওয়াজউদ্দীনকে সেই চরিত্রে কেমন দেখাবে, তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন নওয়াজ। তিনি বলেন, ‘পরিচালনা আমার জন্য নয়; সিনেমা পরিচালনার প্রতি আমার সামান্যতম আগ্রহও নেই।’

অভিনেতা আরও জানান, তিনি আজীবন অভিনয় করে যেতে চান। একজন ভালো অভিনেতা হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাওয়াই তার প্রধান লক্ষ্য। পরিচালক হওয়ার বদলে ক্যামেরার সামনে থেকেই কাজ করতে চান বলে জানান নওয়াজ।

আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

উল্লেখ্য, যার চরিত্রে অভিনয় করার বিষয়ে এত আলোচনা, সেই ওশোর জন্ম ১৯৩১ সালের ১১ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের কুচওয়াড়ায়। তার আসল নাম ছিল চন্দ্রমোহন জৈন। তিনি ভগবান শ্রী রজনীশ নামেও পরিচিত ছিলেন। আধ্যাত্মিকতা, ধ্যান, প্রেম, সম্পর্ক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে তার বক্তব্য বহু মানুষকে আকৃষ্ট করেছিল।

১৯৭৪ সালে পুনেতে আশ্রম প্রতিষ্ঠা করেন ওশো। পরে ১৯৮১ সালে আমেরিকায় চলে যান। সেখানে তার অনুগামীরা তার নামে একটি বসতি গড়েন। নানা আইনি বিতর্কের কারণে ১৯৮৫ সালে আমেরিকা ছাড়তে হয় তাকে। ভারতে ফিরে আসার পর ১৯৯০ সালের ১৯ জানুয়ারি পুনেতে ওশোর মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ারায় অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


আনোয়ারায় অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত কয়েকজন

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় চিকিৎসক সফি আলমের চেম্বারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এ সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নটু মিত্র, যিনি (৫৮) বোয়ালগাঁও এলাকার বাসিন্দা। তার পিতার নাম হিমাংশু মিত্র।

প্রত্যক্ষদর্শী জাহেদুল ইসলাম জানান, "আমি তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। এ সময় টানেলের গোলচত্বরের পাশ থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চাতরী চৌমুহনী বাজারের দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সংঘর্ষ ঘটে। এতে কয়েকজন আহত হন। তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে জানতে পারি, তাদের মধ্যে একজন মারা গেছেন।"

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, "দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। এর আগেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি অটোরিকশা জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার অভিযোগ, ভিডিওতে ভাঙচুর-অগ্নিসংযোগের দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার অভিযোগ, ভিডিওতে ভাঙচুর-অগ্নিসংযোগের দৃশ্য

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বহিরাগতদের পরিকল্পিত নাশকতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের নামে একদল বহিরাগত যুবক মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

সম্প্রতি গাজীপুরের নাওজোর ও চৌরাস্তা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ১৫ থেকে ২০ জন যুবককে রাস্তায় নেমে ভাঙচুর করতে দেখা যায়। তাঁদের অধিকাংশের পরনে লুঙ্গি ও গেঞ্জি বলে দাবি করা হয়েছে।

যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

ভিডিওতে দেখা যায়, হাতে ইট-পাটকেল নিয়ে একদল যুবক দৌড়ে এসে চলন্ত যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও পিকআপ ভ্যানে পাথর নিক্ষেপ করছে। আতঙ্কে বাসের ভেতরে যাত্রীদের মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়।

সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়ায় পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত ফুটপাতের দোকানিরা দোকান ফেলে নিরাপদ আশ্রয়ে সরে যান।

ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত পোশাকশ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, পোশাক কারখানার কাজের পরিবেশ ও নিরাপত্তার নিয়মের সঙ্গে লুঙ্গি পরা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

কালিয়াকৈরের এক পোশাকশ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা প্রতিদিন সকাল ৮টায় প্যান্ট-শার্ট বা টি-শার্ট পরে এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে কারখানায় প্রবেশ করি। মেশিনে কাপড় আটকে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকায় কারখানায় লুঙ্গি পরা সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে রাস্তায় তাণ্ডব চালানো এই লুঙ্গি পরা ব্যক্তিরা কোনোভাবেই শ্রমিক নয়, এরা শতভাগ বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী।"

মৌচাক এলাকার এক ব্যবসায়ী জানান, স্থানীয় শ্রমিকদের নিয়মিত চলাফেরা তাঁদের পরিচিত। কিন্তু হামলাকারীরা হঠাৎ এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যাচ্ছে, যা সুপরিকল্পিত নাশকতার অংশ বলে তাঁদের ধারণা।

সহিংসতার পেছনে উদ্দেশ্য নিয়ে অভিযোগ

সংশ্লিষ্ট মহল ও ব্যবসায়ীদের মতে, এই সহিংসতার পেছনে মূলত তিনটি উদ্দেশ্য কাজ করছে। সাধারণ যাত্রী ও যানবাহনে হামলা চালিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করা; মহাসড়কে অগ্নিসংযোগের মাধ্যমে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করে কারখানার উৎপাদন ও পণ্য পরিবহন ব্যাহত করা; এবং সাধারণ শ্রমিকদের দাবির আড়ালে নিজেদের অপরাধ আড়াল করা, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হলে সেটিকে ‘শ্রমিক নির্যাতন’ হিসেবে প্রচার করা যায়।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের আড়ালে কিছু দুষ্কৃতকারী ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে। এর আগে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম এবং গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা নাশকতাকারী।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর শ্রমিক সেজে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নাওজোর-চৌরাস্তার এই চক্রটিও একই সূত্রে গাঁথা।

শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি

এই অস্থিরতার কারণে বহুমুখী সংকট তৈরি হচ্ছে। কারখানা বন্ধ থাকলে সাধারণ শ্রমিকদের বেতন বন্ধ হওয়া ও চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে, মহাসড়ক অবরুদ্ধ থাকায় কাঁচামাল পরিবহন ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এই অরাজকতা দীর্ঘস্থায়ী হলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করতে পারেন, যা দেশের তৈরি পোশাক খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল ও মহাসড়কে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে চারটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো-

১. সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইট নিক্ষেপকারী ও অগ্নিসংযোগকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে।

২. প্রকৃত শ্রমিকদের কোনো ন্যায্য দাবি থাকলে তা মালিকপক্ষ ও প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করতে হবে।

৩. ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪. শ্রমিকদের ছদ্মবেশে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে শিল্পাঞ্চল ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর চেকপোস্ট বসাতে হবে।

শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কর্মকাণ্ড এক নয়। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং কালিয়াকৈরের শিল্পাঞ্চল রক্ষায় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে জুলাই যোদ্ধার কোচিং বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


রংপুরে জুলাই যোদ্ধার কোচিং বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে, জুলাই যোদ্ধা নাহিদ ইকবাল মাসুমের মালিকানাধীন লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের সামনে পার্ক করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

কোচিং সেন্টারটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পান যে, পর্যটন মোটেলের বিপরীতে সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের সামনে পার্কিংয়ে রাখা শিক্ষার্থী পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও জানান, দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের প্রতিদিন এই বাসে আনা-নেওয়া করা হতো। বাসটি পুড়ে যাওয়ার কারণে কোচিং সেন্টারের কার্যক্রমে বাধা সৃষ্টি হবে। প্রতিদিন শিক্ষার্থীদের পরিবহনের পর রাতে ওই স্থানে বাসটি পার্ক করে রাখা হতো। নিরাপত্তার জন্য পার্কিংয়ের পর বাসের ব্যাটারি খুলে কোচিং সেন্টারের কার্যালয়ে রাখা হতো।

নাহিদ ইকবাল মাসুম বলেন, জুলাই আন্দোলনের পুরো দেড় মাস তিনি রাজপথে সক্রিয় ছিলেন। তার কোনো শত্রু নেই। সব দল ও মতের অভিভাবকদের সন্তানেরা তার কোচিং সেন্টারে পড়াশোনা করে। যাদের দ্বারা এ ঘটনা ঘটেছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি বাসটির ক্ষতিপূরণও দাবি করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের শিক্ষার্থী মোহাম্মদ ওয়ালীউল্লাহ জানান, রাত সাড়ে ৩টার পর বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। বাইরে এসে মাদ্রাসার সামনে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে মাদরাসার প্রধান শিক্ষককে বিষয়টি জানান। আশপাশের লোকজনও ছুটে আসেন। টাটা কোম্পানির এক নিরাপত্তাকর্মী ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।

মাদরাসার প্রধান শিক্ষক এনামুল কবির জানান, শিক্ষার্থী অলিউল্লাহ তাকে ঘুম থেকে ডেকে বাসে আগুন লাগার খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নেভান। বেশ কিছুদিন ধরে কোচিং সেন্টার কর্তৃপক্ষ ওই স্থানে বাসটি পার্ক করে রাখছিলেন।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল মাহমুদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে গিয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় আগুনের বাকি অংশ নেভানো হয়। আগুন লাগার কারণ ও কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ নির্বাচন করেছে। এই শব্দটির অর্থ হলো- দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের মধ্যে বিদ্যমান গুণাবলি, ত্রুটি ও অনুভূতির অধিকারী হওয়া।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং এর ফলে মানবজাতির বিলুপ্তির আশঙ্কার প্রেক্ষাপটে শব্দটি ‘২০২৬ সালের সময়ের চেতনা’ ধারণ করেছে।

বার্তা সংস্থা এএফপি লন্ডন থেকে এই তথ্য প্রকাশ করেছে।

ফ্রান্সেসকা উডওয়ার্ড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে—এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে গভীরভাবে ভাবছে।

তিনি আরও বলেন, ‘মানুষ আসলে কী, তা নিজেদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

‘হিউম্যান’ শব্দটি এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। এতে প্রযুক্তি কীভাবে আমাদের জীবনকে পরিবর্তন করছে, সে বিষয়ে বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদরা ‘হিউম্যান-মেইড’ (মানুষের তৈরি) ও ‘হিউম্যান অথর’ (মানব লেখক) এর মতো যৌগিক শব্দে ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে ‘খুবই আকর্ষণীয় একটি নির্বাচন’ হিসেবে অভিহিত করেন। তার মতে, বর্তমান সময়ে মানবতা সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তিত হচ্ছে।

এআই নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

তিনি বলেন, ‘আমরা মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। একইভাবে আমাদের মতো জীবিত সত্তা এবং আমাদের তৈরি কৃত্রিম সত্তার মধ্যেও পার্থক্য খুঁজছি। আমাদের আলাদা করে কী—চেতনা, সৃজনশীলতা, নাকি সহমর্মিতা?’

মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতাদের পাশাপাশি পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মতামত প্রকাশ করেছেন।

বর্ষসেরা শব্দ নির্বাচনের প্রতিযোগিতায় আরও ছিল ‘এজেন্ট’। এর অর্থ, এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা, যা মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই জটিলভাবে কাজ করতে সক্ষম।

এছাড়া প্রতিযোগিতায় ছিল ‘হোলসাম’। শব্দটির অর্থ এমন কিছু, যা শারীরিক ও নৈতিক বা মানসিকভাবে মানুষের জন্য উপকারী এবং জীবনকে উন্নত করতে পারে।

‘ডাসকিং’ শব্দটিও বিবেচনায় ছিল। এটি এক ধরনের অবসরযাপনের পদ্ধতি, যেখানে দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করা হয়।

নেদারল্যান্ডসের একটি ঐতিহ্যবাহী এই চর্চা প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নতুন করে গড়ে তোলার উপায় হিসেবে আবার জনপ্রিয় হয়ে উঠেছে।

২০২৬ সালে ডিকশনারিতে যুক্ত হওয়া অন্যান্য নতুন শব্দের মধ্যে রয়েছে ‘অরা ফার্মিং’। এর অর্থ, এমন কিছু করা, যার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের এমন দিক তুলে ধরা হয়, যা অন্যদের কাছে প্রশংসনীয় মনে হয়।

আরেকটি শব্দ ‘লুকসম্যাক্সিং’। এর অর্থ, নিজেকে শারীরিকভাবে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা।

কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দগুলো বেশি খোঁজা হচ্ছে, তা-সহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে বর্ষসেরা শব্দ ও নতুন শব্দ নির্বাচন করা হয়।

আগামী বছর নজরে রাখার মতো শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’। এর অর্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দিতে পারায় নিজের কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়।

আরেকটি শব্দ ‘ওয়েদার হুইপল্যাশ’। এর অর্থ, আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত আরেক চরম অবস্থায় পরিবর্তিত হওয়া।

গত বছর বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘প্যারাসোশ্যাল’। ব্যক্তিগতভাবে পরিচিত নন, এমন কোনো বিখ্যাত ব্যক্তি কিংবা কাল্পনিক চরিত্রের সঙ্গে নিজের এক ধরনের সম্পর্ক বা ঘনিষ্ঠতা অনুভব করাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%