ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ তানজিন তিশার সদস্যপদ স্থগিত


অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ তানজিন তিশার সদস্যপদ স্থগিত

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের বিষয়টি অভিনেত্রীকে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনটি তাদের ফেসবুক পেজে একটি চিঠি প্রকাশ করে, যেখানে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।

তবে, তিশাকে পাঠানো চিঠির তারিখ ছিল ৪ অক্টোবর। এতে স্বাক্ষর করেছেন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।

আরও পড়ুন: প্রেমের গুঞ্জন নিয়ে দীঘি বললেন, "নিজের মুখে কিছু না বলা পর্যন্ত সবই গুঞ্জন"

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ৭ জুলাই তানজিন তিশাকে সদস্যপদ স্থগিত করার জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু অভিনেত্রী নির্ধারিত সময়ের মধ্যে ওই নোটিশের কোনো লিখিত জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।

সংগঠনের চিঠিতে আরও বলা হয়েছে যে, বিষয়টি নিয়ে সালিশ ও বিরোধ নিষ্পত্তি বৈঠকে আলোচনা করা হয়। সেখানে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর আনুষ্ঠানিকভাবে অভিনেত্রীকে বিষয়টি অবহিত করেছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছাল চুয়েট, ৪১৫তম স্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ এম


কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ পেছাল চুয়েট, ৪১৫তম স্থানে

আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৩০ ধাপ পিছিয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪১৫তম অবস্থানে রয়েছে। গত বছর চুয়েটের অবস্থান ছিল ৩৮৫তম।

এছাড়া, দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েট চার ধাপ পিছিয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১০১তম, যা গত বছর ছিল ৯৭তম।

কিউএস র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন পারফরম্যান্স সূচক বিশ্লেষণ করে দেখা যায়, কিছু সূচকে উন্নতি হলেও চুয়েটের সামগ্রিক অবস্থানের অবনতি ঘটেছে। প্রতি গবেষণাপত্রে উদ্ধৃতি সূচকে বিশ্ববিদ্যালয়ের স্কোর ১০০-এর মধ্যে ৬৬.১, যা গত বছর ছিল ৫৮.৬। শিক্ষকপ্রতি গবেষণাপত্র সূচকেও আগের বছরের তুলনায় স্কোর বেড়ে ৩৬.১ হয়েছে। তবে একাডেমিক সুনাম সূচকে স্কোর কমেছে। গত বছর এই সূচকে ৩৭.৩ থাকলেও এবার তা ৩৩.৯-এ নেমে এসেছে।

তালিকায় অন্যান্য সূচকের মধ্যে নিয়োগকর্তাদের সুনামে ৫৪.৮, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৩৫.৫, একাডেমিক সুনামে ৩৩.৯, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ২৮.৫, পিএইচডিধারী শিক্ষক সূচকে ১৪.৮, আন্তর্জাতিক শিক্ষক সূচকে ২.৩ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১.০ পয়েন্ট অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। সব মিলিয়ে চুয়েটের সামগ্রিক স্কোর ৩৬.৯, যা গত বছর ছিল ৩৫.২।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এ বছর চুয়েটের অবস্থান ১২তম। দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পর চুয়েট তৃতীয় অবস্থানে রয়েছে। এ তালিকায় বুয়েটের অবস্থান ১৭৯তম এবং কুয়েটের ৩৭০তম।

এবারের কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে হংকং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টির বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ এম


নোয়াখালীতে সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. সামির (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় সংলগ্ন পাকা সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু সামির উত্তরপাড়ার বাহাদুরের বাড়ির মো. সোহাগের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের সময় শিশু সামির তার বাড়ির পাশে দিঘিরপাড় এলাকার পাকা সড়ক অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় একটি দ্রুতগতির অটোরিকশার সাথে ধাক্কা লেগে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসি মো. শাহজাহান কামাল জানান, ঘটনার পরপরই অটোরিকশার চালক দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনে মেধাবীদের প্রতিশোধ: বিজ্ঞানের জয়, মাহা নীতির হার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৯ এম


মধ্যবর্তী নির্বাচনে মেধাবীদের প্রতিশোধ: বিজ্ঞানের জয়, মাহা নীতির হার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক ও বিজ্ঞানী, যারা ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। এই বিজয়কে ‘স্টেম সুইং’ ও ‘মেধাবীদের প্রতিশোধ’ হিসেবে একটি রাজনৈতিক সংগঠন উল্লেখ করেছে।

স্টেম সুইং শব্দটি বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত প্রার্থীদের প্রতি ভোটারদের আগ্রহকে নির্দেশ করে। গত কয়েক বছরে দেশটিতে বিজ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক অবকাঠামোতে বরাদ্দ কমে গেছে। এই কারণে, এবারের নির্বাচনী প্রচারে স্বাস্থ্যসেবার জন্য বিপুল অর্থ ব্যয় করেছে ডেমোক্র্যাটিক পার্টি। ফলস্বরূপ, ট্রাম্প প্রশাসনের ‘মেক আমেরিকা হেলদি এগেইন (মাহা)’ কর্মসূচিকে ভোটাররা প্রত্যাখ্যান করেছেন।

‘থ্রি পয়েন্ট ওয়ান ফোর অ্যাকশন’ নামে একটি সংগঠন দেশব্যাপী ডেমোক্র্যাট স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের নির্বাচিত করতে কাজ করে। এর নির্বাহী পরিচালক এরিক পলিয়াক জানিয়েছেন, ২০২৬ সাল ছিল মূলত স্বাস্থ্যসেবার নির্বাচন। ফলাফল থেকে এটি স্পষ্ট হয়ে উঠেছে। জীবনযাত্রার ব্যয়ের মধ্যে স্বাস্থ্যসেবার খরচ বহন করার সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসব ইস্যুতে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের চিকিৎসক ও বিজ্ঞানীরা যথেষ্ট যোগ্য।

আইনপ্রণেতাদের মধ্যে ইতিহাস গড়েছেন মিশিগানের আবদুল এল-সাইয়েদ ও সাউথ ক্যারোলাইনার অ্যানি অ্যান্ড্রুজ, যারা দুজনই চিকিৎসক। ১৯৬৯ সালের পর এই প্রথম সিনেটে কোনো ডেমোক্র্যাট চিকিৎসক আসন পেলেন।

‘রবার্ট উড জনসন ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য সংস্থা আমেরিকার স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করে। এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড বেসার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রজুড়ে মানুষ জীবনযাত্রার উচ্চ ব্যয়ে হতাশ। সংসার চালাতে গিয়ে তারা ক্লান্ত। একই সঙ্গে অত্যন্ত ব্যয়বহুল ও জটিল স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বিরক্ত। তারা এমন নেতা চাইছিলেন যারা জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

কংগ্রেসে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও বিজ্ঞানীরা দায়িত্ব পালন করে আসছেন। এবারের নির্বাচনের আগে তাদের অধিকাংশই ছিলেন রিপাবলিকান। বিষয়টি নিয়ে গবেষণা করা হয়েছে, যেখানে দেখা গেছে, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত কংগ্রেসের চিকিৎসক সদস্যদের ৮৬ শতাংশই রিপাবলিকান পার্টির সদস্য ছিলেন।

এবারও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে চিকিৎসা পেশায় যুক্ত একাধিক প্রার্থী ছিলেন। আইওয়া অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের জন্য মারিয়েনেট মিলার-মিকস ও সিনেটের জন্য লড়েন রজার মার্শাল, দুজনই নির্বাচনে হেরে গেছেন। আরও তিনজন রিপাবলিকান চিকিৎসকের নির্বাচনী লড়াইয়ের ফল এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান চিকিৎসক আইনপ্রণেতাদের সবাই পুনর্নির্বাচিত হয়েছেন। এরিক পলিয়াক বলেন, বিজ্ঞানে বিশ্বাসী আমেরিকানরা জেগে উঠেছেন। আমরা অন্তত ১০টি রিপাবলিকান আসন নিজেদের দখলে নিয়েছি। চূড়ান্ত সংখ্যা ৩০-এর ঘরে পৌঁছাবে বলে মনে হচ্ছে।

সিনেটের দুটি ও প্রতিনিধি পরিষদের ২৫টি আসনের ফলাফল ঘোষণা এখনো বাকি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতীতের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান হামিদুর রহমান আযাদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ এম


অতীতের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান হামিদুর রহমান আযাদের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের ত্যাগ ও কুরবানির শিক্ষা ধারণ করে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, সংগঠনের অগ্রযাত্রা ও লক্ষ্য অর্জনের জন্য বাস্তবতার নিরিখে পরিকল্পিত কর্মপন্থা ঠিক করে এগিয়ে যেতে হবে। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত, নৈতিক, জ্ঞানগত ও সাংগঠনিক যোগ্যতার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শুক্রবার সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ এবং মজলিসে শূরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে। জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘকাল ধরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নানা নির্যাতন ও প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের এই ত্যাগ ও কুরবানি সংগঠনের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, দায়িত্বশীলদের নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দীনি জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে আরও মনোযোগী হতে হবে। একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে নিজেদের যুগোপযোগী করে তোলার বিকল্প নেই।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।

সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ জামায়াত নেতা ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান।

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। এ সময় মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য, মজলিসে শূরার সদস্য ও বিপুলসংখ্যক রুকন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত আমির মুহাম্মদ ফখরুল ইসলাম অর্পিত দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সিলেট মহানগর জামায়াতকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে চান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%