ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

শ্যামনগরে ১০ গুণীজন ও ৫ সাংবাদিককে সম্মাননা


শ্যামনগরে ১০ গুণীজন ও ৫ সাংবাদিককে সম্মাননা

একজন শিক্ষক ১৯৫৫ সাল থেকে শিক্ষকতা করে আসছেন এবং তিনি নিজের এলাকার ইতিহাস লিখেছেন। একজন মুক্তিযোদ্ধা সম্মুখযুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর চাকরি না পেয়ে গ্রামে গ্রামে শাঁখা বিক্রি করা এক ব্যক্তি পরবর্তীতে সবজি চাষে সাফল্য অর্জন করে অন্য কৃষকদের জন্য পথপ্রদর্শক হয়েছেন। এমন কীর্তিমান ব্যক্তিদের সম্মাননা জানাতে সাতক্ষীরার শ্যামনগরে ‘নক্ষত্রের অভিবাদন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী এবং পাঁচ সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত পাঁচ সাংবাদিকের মধ্যে বছরের সেরা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সম্মাননা পেয়েছেন আমার দেশের শ্যামনগর উপজেলা প্রতিনিধি জি এম মনিরুজ্জামান (মিশুক)।

গত শনিবার বিকেলে শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলে ‘গুণীজনের আলোয় আলোকিত হোক সমাজ’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে। সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, জনসেবা, কৃষি, ক্রীড়া, সংগীত ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে মেধা ও মননের স্বাক্ষর রাখা কয়েকজন ব্যক্তি ও শিক্ষার্থীকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন: ফকিরহাটে প্রতিবেশীর বাড়িতে আগুন নেভাতে এসে মুসার প্রাণ গেল

প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি এবং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

অনুষ্ঠানে যাদের সম্মাননা প্রদান করা হয়: সাহিত্যে অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক কেরামত উল্লাহ, শিক্ষায় অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার মুখার্জি, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান, কৃষিতে অবদানের জন্য মনোতোষ মণ্ডল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আলহাজ আরশাদ আলী মোড়ল, সমাজসেবায় আলহাজ আবুল কালাম বাবলা এবং ক্রীড়ায় অবদানের জন্য এস এম ফিরোজ হোসেন।

এছাড়াও মরণোত্তর সম্মাননা পান সাংবাদিকতায় আনোয়ার হোসেন মল্লিক, জনসেবায় বাবু বিশ্বনাথ দাস এবং সংগীতে গীতিকার ও সুরকার অনিমেষ ব্যানার্জি। ঐতিহাসিক শাহী মসজিদ আশরাফিয়া দাওরা হাদিস মাদ্রাসায় অর্ধশতাব্দী ধরে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পান হাফেজ আব্দুল আলী। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক জিহাদ আলীকেও সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে নির্মাণাধীন সড়কে চাঁদাবাজদের ভাঙচুর, ঠিকাদারের স্কেভেটর ক্ষতিগ্রস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিএনপির প্রতিশ্রুতি: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিএনপির প্রতিশ্রুতি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গঠন করবে যেখানে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হবে না।

তিনি রোববার (১ নভেম্বর) ব্লাক কার্বন-জলবায়ু দূষণ বিষয়ক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন।

মাহদী আমিন উল্লেখ করেন, সরকার এমন কিছু প্রকল্প গ্রহণ করতে চায় যা পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে।

আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকার জলবায়ু বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে। পরিবেশ নিয়ে ভালো গবেষণা আইডিয়া বা স্টার্টআপ থাকলে সরকার তাতে অর্থায়ন করতে আগ্রহী।

এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় পোড়া ইটের ব্যবহার কমাতে কংক্রিটের ইটের দাম কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


কাউখালীর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন আর নেই

 

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাসেরকাঠি গ্রামের ইউপি সদস্য জাকির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দাসেরকাঠি গ্রামের মৃত সৈজদিনের ছেলে।
রবিবার (১ নভেম্বর) আনুমানিক সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল। মরহুমের ভাগিনা রাকিব উদ্দিন পাভেল জানান, তাঁর মামা কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।
জনপ্রতিনিধি জাকির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকি আদালতের রায়ে আইএসআইএস-এ যোগদানের দায়ে ৭ ফরাসি নাগরিকের দীর্ঘমেয়াদী কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


ইরাকি আদালতের রায়ে আইএসআইএস-এ যোগদানের দায়ে ৭ ফরাসি নাগরিকের দীর্ঘমেয়াদী কারাদণ্ড

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস/আইএসআইএস)-এর সদস্যপদ গ্রহণের অভিযোগে এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার দায়ে সাতজন ফরাসি নাগরিককে দীর্ঘমেয়াদী কারাদণ্ড প্রদান করেছে ইরাকের একটি আদালত। বাগদাদের কারখ ফৌজদারি আদালত গত ২৭ অক্টোবর এ ঐতিহাসিক রায় ঘোষণা করে। সাজাপ্রাপ্তদের মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড (যা ইরাকি আইন অনুযায়ী ২০ বছর কারাদণ্ডের সমতুল্য) এবং সপ্তম আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ফরাসি নাগরিকদের মধ্যে রয়েছেন লাখদার সেবুয়াই, আদেল বু আউন, আনাস আব্দুল রহমান, জিয়াদ আহমদ, মেহদি সিদা এবং বেঞ্জামিন ভ্যান হ্যান (যাবজ্জীবন) এবং ২৪ বছর বয়সী আমজা বেনাবেদ (১৫ বছর কারাদণ্ড)। আদালত তাদেরকে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে জানায়, তারা ইরাকের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, ইরাক ও সিরিয়াকে অস্থিতিশীল করা এবং অন্যান্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেয়ার সাথে সরাসরি জড়িত ছিল।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে :

ইরাকের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী, জঙ্গি সংগঠনের সদস্য হলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে বিচারক আসামিদের কম বয়সের বিষয়টি বিবেচনা করে মৃত্যুদণ্ডের পরিবর্তে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এই সাজাপ্রাপ্তরা সিরিয়ার কুর্দিশ ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ৪৭ জন ফরাসি নাগরিকের একটি বড় দলের অংশ ছিলেন, যাদের গত বছর বিচারের জন্য মার্কিন ও ইরাকি কর্তৃপক্ষের সমন্বয়ে ইরাকে স্থানান্তর করা হয়েছিল।

রায় ঘোষণার সময় ফরাসি দূতাবাসের প্রতিনিধি এবং আসামিপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। আসামিরা এ রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ৩০ দিন সময় পাবেন।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে আইএসআইএস তাদের খেলাফত ঘোষণা করার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বিদেশি নাগরিক এ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। ২০১৯ সালে তাদের আঞ্চলিক পতনের পর থেকে হাজার হাজার বিদেশি জঙ্গি ইরাক ও সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে, যাদের বিচার প্রক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘ আইনি ও কূটনৈতিক জটিলতা চলছে।

ফ্রান্সের কূটনৈতিক প্রতিক্রিয়া

ইরাকের বাগদাদ আদালতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস)-এর সদস্যপদ গ্রহণের দায়ে সাত ফরাসি নাগরিককে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়ার পর ফরাসি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কূটনৈতিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ইরাকের এ আইনি রায়কে স্বীকৃতি দিচ্ছে এবং ইরাকের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কূটনৈতিক প্রতিনিধি এক লিখিত বিবৃতিতে বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে ফরাসি নাগরিকদের বিরুদ্ধে যেসব সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে, ইরাকের দণ্ডবিধি অনুযায়ী তাদের এ সাজা (যাবজ্জীবন ও ১৫ বছরের কারাদণ্ড) সম্পূর্ণ সংগতিপূর্ণ। ফ্রান্স সাধারণত অন্য কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিচারিক সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করে না এবং চলমান আইনি প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপও করে না’।

কূটনৈতিক সূত্র থেকে ফ্রান্স সরকারের অবস্থান এবং তাদের নেওয়া পদক্ষেপগুলোর বিবরণ নিম্নরূপ : ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, বাগদাদে অনুষ্ঠিত এ বিচার প্রক্রিয়ার পুরো সময় জুড়েই ফরাসি দূতাবাসের প্রতিনিধিরা নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে আদালতে উপস্থিত ছিলেন। ফরাসি সরকারের মূল্যায়ন অনুযায়ী, শুনানিতে আসামিদের তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ এবং নথিপত্র স্পষ্টভাবে জানানো হয়েছিল।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, বন্দিরা তাদের পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগের পূর্ণ অধিকার পেয়েছিলেন, যার মধ্যে ফরাসি আইনজীবীদেরও ইরাকি বার অ্যাসোসিয়েশনের সহায়তায় ডিফেন্স দেয়ার সুযোগ ছিল। পাশাপাশি শুনানির পুরোটা সময় ফরাসি নাগরিকদের জন্য অনুবাদকের (দোভাষী) ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।

ফ্রান্স যেহেতু বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের ঘোর বিরোধী, তাই তাদের নাগরিকদের এ যাত্রায় মৃত্যুদণ্ড না হওয়ায় ফরাসি নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের কূটনৈতিক স্বস্তি দেখা গেছে।

ফ্রান্সে ফেরত এনে তাদের সাজা খাটানো হবে কি না- সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্যারিস। তবে ফরাসি দূতাবাস জানিয়েছে, সিরিয়া থেকে ইরাকে স্থানান্তরিত বাকি ফরাসি নাগরিকদের বিচারও আগামীতে অনুষ্ঠিত হবে এবং দূতাবাস কর্তৃপক্ষ প্রতিটি শুনানিতে নিবিড় নজরদারি বজায় রাখবে।

বিশ্লেষকদের মতে, নিজের দেশের উগ্রপন্থী নাগরিকদের ইউরোপে ফিরিয়ে নিয়ে বিচার করার ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক ঝুঁকি এড়াতে ফ্রান্স এক প্রকার আউটসোর্সিংয়ের মাধ্যমে ইরাকের মাটিতে এ বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে দিচ্ছে। ইরাকের সার্বভৌমত্বকে সম্মান জানানোর আড়ালে ফরাসি সরকার আসলে তাদের নাগরিকদের দায় সরাসরি এড়াতে চাইছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

সূত্র : এপি, ইউরোনিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐশ্বরিয়া রাই বচ্চন ৫৩ বছরে পদার্পণ, মিস ওয়ার্ল্ড থেকে বিশ্বতারকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


ঐশ্বরিয়া রাই বচ্চন ৫৩ বছরে পদার্পণ, মিস ওয়ার্ল্ড থেকে বিশ্বতারকা

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে বলিউডের জগতে প্রবেশ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন। কখনো প্রেমে মগ্ন পারু, কখনো প্রাণবন্ত শার্লি, আবার কখনো রহস্যময় সুনেহরি। অভিনয়, ফ্যাশন এবং ব্যক্তিত্বের বৈচিত্র্যে তিনি নিজেকে আলাদা করে তুলেছেন। আজ ১ নভেম্বর, ৫৩ বছরে পদার্পণ করলেন তিনি।

১৯৭৩ সালের ১ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন ঐশ্বরিয়া। তিনি মডেলিংয়ের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু করেন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের পর তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। এরপর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার নতুন অধ্যায় শুরু হয়। ১৯৯৭ সালে মণি রত্নমের তামিল সিনেমা ‘ইরুভার’-এ তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর ‘অউর পেয়ার হো গয়া’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় প্রবেশ করেন।

১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর ‘তাল’, ‘মোহাব্বতে’, ‘দেবদাস’, ‘ধুম ২’, ‘গুরু’ এবং ‘যোধা আকবর’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে তার ক্যারিয়ারের কিছু চরিত্র বিশেষভাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

পারু—‘দেবদাস’

শাহরুখ খানের বিপরীতে ‘দেবদাস’ সিনেমায় পার্বতী বা পারো চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। প্রেম, অপেক্ষা ও বিরহের আবেগে সাজানো এই চরিত্রে তার উপস্থিতি দর্শকদের প্রশংসা অর্জন করে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমাটি ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

শার্লি—‘জোশ’

‘জোশ’ সিনেমায় শার্লি ডায়াস চরিত্রে তাকে দেখা যায়। গোয়ার প্রাণবন্ত তরুণী শার্লির সাজপোশাক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি নব্বইয়ের দশকে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘মেরে খেয়ালোঁ কি মালিকা’ গানটিও সিনেমাটির একটি পরিচিত অংশ হয়ে ওঠে।

মানসী—‘তাল’

১৯৯৯ সালে মুক্তি পাওয়া সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ সিনেমায় মানসী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। অনিল কাপুর ও অক্ষয় খান্নার বিপরীতে তার অভিনয়, নাচ ও গানের দৃশ্য দর্শকদের প্রশংসা অর্জন করে। সিনেমাটির জনপ্রিয় গানগুলোতেও তিনি নজর কাড়েন।

মেঘা—‘মোহাব্বতে’

২০০০ সালে মুক্তি পাওয়া ‘মোহাব্বতে’ সিনেমায় মেঘা চরিত্রে দেখা যায় ঐশ্বরিয়াকে। শাহরুখ খানের বিপরীতে অভিনীত এই চরিত্রের পর্দায় উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, তবে গল্পের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল মেঘার প্রভাব।

আমিরান—‘উমরাও জান’

২০০৬ সালের ‘উমরাও জান’ সিনেমায় আমিরান চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। এর আগে ১৯৮১ সালের সিনেমায় একই চরিত্রে অভিনয় করেছিলেন রেখা। নতুন সংস্করণে তিনি নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলেন। ছবিটিতে তার অভিনয়ের পাশাপাশি নাচ ও পোশাকও আলোচনায় আসে।

বিনোদিনী—‘চোখের বালি’

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ২০০৩ সালের বাংলা সিনেমা ‘চোখের বালি’তে বিনোদিনী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি এক শিক্ষিত তরুণ বিধবার জীবনের গল্প তুলে ধরে। তৎকালীন সমাজের নানা বিধি-নিষেধের মধ্যে নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও আত্মপরিচয়ের জায়গা খুঁজে ফেরে বিনোদিনী। সংযত অভিনয়ে চরিত্রটির বুদ্ধিমত্তা, আবেগের দ্বন্দ্ব ও প্রচলিত সামাজিক রীতির প্রতি প্রতিবাদ ফুটিয়ে তোলেন ঐশ্বরিয়া। এই চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী ও জটিল চরিত্র হিসেবে বিবেচিত হয়।

সুনেহরি—‘ধুম ২’

‘ধুম ২’ সিনেমায় সুনেহরি চরিত্রে একেবারেই ভিন্ন রূপে হাজির হন ঐশ্বরিয়া। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটিতে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেন তিনি। নাচ, স্টাইল ও চতুর চরিত্রের মিশেলে সুনেহরি হয়ে ওঠে তার ক্যারিয়ারের আলোচিত চরিত্রগুলোর একটি।

নীরজা—‘রেইনকোট’

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘রেইনকোট’ সিনেমায় নীরজা চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। অজয় দেবগনের অভিনীত মনুর সঙ্গে একসময় তার প্রেমের সম্পর্ক ছিল। বহু বছর পর সাবেক প্রেমিকের সঙ্গে দেখা হলে দুজনের কথোপকথনে উঠে আসে অতীতের স্মৃতি, বর্তমান জীবনের সংকট ও নানা অপূর্ণতার গল্প। প্রচলিত বাণিজ্যিক ছবির বাইরে সংযত অভিনয়ের মাধ্যমে এ সিনেমায় নিজের ভিন্ন দিক তুলে ধরেন ঐশ্বরিয়া।

সাবা—‘অ্যায় দিল হ্যায় মুশকিল’

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় সাবা তালিয়ার খান চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। পেশায় আর্ট কিউরেটর সাবার চরিত্রটি পর্দায় খুব বেশি সময় না থাকলেও তার উপস্থিতি দর্শকদের নজর আকর্ষণ করে।

বলিউডের বাইরেও ‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য মিস্ট্রেস অব স্পাইসেস’, ‘প্রভোকড’, ‘দ্য লাস্ট লিজিয়ন’ এবং ‘দ্য পিংক প্যান্থার ২’-এর মতো ইংরেজি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। এসব কাজের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রেও পরিচিতি অর্জন করেছেন ঐশ্বরিয়া।

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায়ও তিনি দীর্ঘদিনের পরিচিত মুখ। ২০০২ সালে ‘দেবদাস’-এর প্রদর্শনীতে প্রথমবার কান উৎসবে অংশ নেন। পরবর্তী বছর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি সদস্য হন। এরপর থেকে তার কান উপস্থিতি আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠেছে।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। ‘হাম দিল দে চুকে সানাম’ এবং ‘দেবদাস’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ২০০৯ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ২০১২ সালে ফ্রান্স সরকারও তাকে ‘অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননা প্রদান করে।

ব্যক্তিজীবনে ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের ঘরে জন্ম নেয় মেয়ে আরাধ্যা বচ্চন। অভিনয় ও পারিবারিক জীবন—দুই দিক সামলিয়ে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। মিস ওয়ার্ল্ডের মুকুট থেকে বলিউডের স্মরণীয় চরিত্র, আন্তর্জাতিক সিনেমা কিংবা কান উৎসবের লালগালিচা—প্রতিটি ক্ষেত্রেই তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন। ৫৩তম জন্মদিনে তার দীর্ঘ ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে স্পষ্ট হয়, সৌন্দর্যের পরিচিতির বাইরেও অভিনয়ের নানা রূপে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%