০৯:১২ পি.এম
ভারতের গুজরাটে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের কারণ হলো, ওই ব্যবসায়ীর মেয়ে তার প্রেমিকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) গুজরাটের সুরাটে এই ঘটনার সূত্রপাত ঘটে। খবর এনডিটিভি।
পুলিশের তথ্য অনুযায়ী, সুরাটের এক ব্যবসায়ীকে বন্দুকের ভয় দেখিয়ে অপহরণ করা হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে তার মেয়ের প্রেমিক ঋষভ নাহাতার। ওই তরুণী ও ঋষভের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পরে তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ঋষভ ওই তরুণীর বাবাকে অপহরণ করেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ঋষভ নাহাতা তার দুই বন্ধুকে নিয়ে ব্যবসায়ীর বাড়িতে যান। তখন তরুণী বাড়িতে উপস্থিত ছিলেন না। একপর্যায়ে ঋষভ ব্যবসায়ীর কাছে তার মেয়ের যোগাযোগ বন্ধ করার কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে তিনজন মিলে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে সুরাটের সিটি লাইট এলাকায় ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর সেখান থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয় এবং একই সঙ্গে তিন অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের
তদন্তের সময় পুলিশ জানতে পারে, ঋষভ নাহাতা ও ওই ব্যবসায়ীর মেয়ের মধ্যে পূর্বে সম্পর্ক ছিল। তরুণী পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান এবং ঋষভের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। এই বিষয়টি নিয়ে ঋষভ ক্ষুব্ধ ছিলেন। জিজ্ঞাসাবাদে ঋষভ আরেকটি অভিযোগের কথাও জানান।
তিনি দাবি করেন, ব্যবসায়ীর মেয়ে তার এক নারী বন্ধুকে ফোনে গালাগাল করেছিলেন। এ বিষয়ে ব্যাখ্যা চাইতে তিনি ওই পরিবারের বাড়িতে গিয়েছিলেন বলে পুলিশকে জানান। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তেরই পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন