০৯:০৭ পি.এম
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকার নিয়েছে। স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালীকরণে এ উদ্যোগ নেয়া হয়েছে, যার উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেয়া।
এ লক্ষ্যে সম্প্রতি, ৩ জুন, স্বাস্থ্য অধিদফতর দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেছে। অধিদফতরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী আদেশে সই করেছেন।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: দেশের ৩৮.৪% শিশু সিসাদূষণের ঝুঁকিতে, শিল্পাঞ্চলে পরিস্থিতি গুরুতর
অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন, সম্প্রসারণের সম্ভাবনা, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাইর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে একটি পরিদর্শন দল।
নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। একইসঙ্গে পরিদর্শন কার্যক্রম নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার পরিধি বাড়বে। এতে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য বিশেষায়িত সেবার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাবে। রোগীদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করে জেলা বা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে যাওয়ার প্রয়োজনও কমে আসবে।
অফিস আদেশটির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও সংস্থায় প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইমেইলের মাধ্যমেও নির্দেশনাটি জানানো হয়েছে।
আরও পড়ুন: ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: ডা. রফিকুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন