১১:২৪ এম
ইরানের দক্ষিণাঞ্চলের দুটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় হামলার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের বাহিনী বৃহস্পতিবার ইরানে কোনো নতুন হামলা চালায়নি। এর ফলে সবশেষ বিস্ফোরণের ঘটনা নিয়ে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বুশেহর প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর এহসান জাহানিয়ানের বরাতে জানিয়েছে, বুশেহর শহরের কাছে একটি সামরিক স্থাপনায় ‘যুক্তরাষ্ট্র-ইসরাইলি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র’ আঘাত হেনেছে।
তবে হামলায় কেন এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
বুশেহর প্রদেশে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোও রয়েছে। এখানে রয়েছে উপকূলীয় শহর বুশেহরের কাছে অবস্থিত ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। তবে এখন পর্যন্ত এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইরানের ওমান উপসাগর তীরবর্তী কৌশলগত বন্দরনগরী কোনারাকের একটি নৌসামরিক অঞ্চলে ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান’ থেকে দুই দফা হামলা চালানো হয়েছে।
কোনারাক জেলার গভর্নর মোহাম্মদ ইউনুস হাকানির বরাতে বলা হয়েছে, হামলার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, হামলার খবর প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে কোনো ধরনের অভিযান পরিচালনা করছিল না।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
ইসরাইলি কর্মকর্তারাও জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের ভেতরে সংঘটিত এসব হামলায় ইসরাইলের সম্পৃক্ততার বিষয়ে তারা অবগত নন।
এখন পর্যন্ত পরস্পরবিরোধী এসব দাবি এমন এক সময়ে সামনে এসেছে, যখন এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালিয়েছিল এবং এরপর ইরানও অঞ্চলে মার্কিন অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই দিন পাল্টাপাল্টি হামলার পর মধ্যস্থতাকারী দেশগুলো আবারও কূটনৈতিক আলোচনা সচল করার চেষ্টা চালাচ্ছে।
সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং দুই পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত আছে।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন