১০:৫২ পি.এম
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি এবং ছাত্রলীগের সদস্যসহ চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে এবং চট্টগ্রাম নগরের হালিশহরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর ভূঁইয়া (৬০) এবং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় শালুক তুলতে গিয়ে ৫ বছরের শিশুর প্রাণ গেল
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর থানার আইব্লক এলাকায় অভিযান চালিয়ে হাসান মাহফুজকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মিরসরাইয়ের কাটাছরা এলাকা থেকে শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে আলমগীর ভূঁইয়া এবং ইছাখালী এলাকা থেকে রাকিবুল ইসলামকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন