১১:০২ পি.এম
বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং শূন্য বর্জ্য উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে। এ উদ্দেশ্যে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের জিরো ওয়েস্ট মিউজিয়ামে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম সাইফ কাদের রুবাব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুসাব সুলেইমান ইলমাজ এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের ব্যানারে দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের জলবায়ুবিষয়ক উদ্যোগ ‘ক্লাইমা’র নাম উল্লেখ করা হয়েছিল।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সমাপ্ত, উদ্বুদ্ধ করলেন নেতারা
অনুষ্ঠানের পরবর্তী পর্বে যোগ দেন দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুবায়াত মান্নান রাফি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি ও কপ-৩১-এর ক্লাইমেট হাই-লেভেল চ্যাম্পিয়ন সামেদ আগিরবাশ।
সমঝোতা স্মারকের আওতায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। বিশেষ করে বর্জ্য উৎপাদন কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ও তুরস্কের দুই প্রতিষ্ঠানের এ অংশীদারত্ব বর্জ্য ব্যবস্থাপনাকে বৃহত্তর জলবায়ু কার্যক্রমের সঙ্গে যুক্ত করার নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর পদ্ধতি বিনিময়ের পথও সুগম হবে।
দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি কপ-৩১ সম্মেলনে ১৮ নভেম্বর পর্যন্ত কোনো বাংলাদেশি ফাউন্ডেশনের স্বাক্ষরিত এটিই একমাত্র সমঝোতা স্মারক।
আরও পড়ুন: আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজার জেলা যুবদলের বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন