মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:২৩ পি.এম
রাঙামাটিতে ১৩তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ এবং সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের আয়োজনে এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (DIRI) সার্বিক সহযোগিতায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)-এর পৃষ্ঠপোষকতায় পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলার ৪০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাঙামাটি কেন্দ্রেও বিভিন্ন বিদ্যালয়, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ৪র্থ থেকে ৮ম শ্রেণির এবং কারিগরি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ৬৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক কেন্দ্রপ্রধানের দায়িত্ব পালন করেন। কেন্দ্র সচিব ছিলেন উত্তর নিশ্চিন্তাপুর নুর-ছাপা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান উদ্দীন এবং সহকারী হল সুপার ছিলেন শহীদ আব্দুল আলী একাডেমির সিনিয়র শিক্ষক মো. আলমগীর।
পরীক্ষা চলাকালে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাঙামাটি জেলা দায়রা শাখাসহ সদর ও বিভিন্ন শাখার সদস্যরা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সহযোগিতা করেন।
কেন্দ্রপ্রধান রনতোষ মল্লিক বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।
কেন্দ্র সচিব মো. ইব্রাহিম বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করেছেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
হল সুপার মো. হাসান উদ্দীন জানান, পরীক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা সন্তোষজনক ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হয়েছে।
পরীক্ষার্থীদের কয়েকজন জানায়, শ্রেণি উপযোগী প্রশ্নে পরীক্ষা দিতে তাদের ভালো লেগেছে। বৃত্তি পাওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়েছে তারা।
অভিভাবকরাও এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী ও উৎসাহিত করার কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
সকাল থেকেই রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় পুলিশ কর্তৃক আটক করা হয়েছে আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় মিছিল চলাকালীন তাঁদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—কুমিল্লার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), একই থানার দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বার উপজেলার ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দেবিদ্বারের সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুর ১টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি যখন চান্দিনার তীরচরের দিকে অগ্রসর হচ্ছিল, তখন পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় তিনজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এছাড়া, স্থানীয় সূত্র জানায়, মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান উচ্চারণ করা হয়। আটককৃতদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের একটি ব্যানার ও কয়েকটি জাতীয় পতাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান মন্তব্য করেন, ‘মহাসড়কে টহলরত অবস্থায় তাঁদের আটক করা হয়েছে। তবে যে স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে, সেটি থানার সীমানা অনুযায়ী মুরাদনগর থানা এলাকায় পড়ে। সে অনুযায়ী তাঁদের মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মোহাম্মদপুরে সাম্প্রতিক হামলার ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের পরিবর্তে অন্যদের গ্রেপ্তার করে মামলার প্রকৃত বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন মামলা রয়েছে এবং কেউ কেউ মাদকাসক্ত হিসেবেও পরিচিত। তবে স্থানীয়দের দাবি, এসব ব্যক্তির অনেকেই সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত ছিলেন না। অভিযোগ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিজেদের সক্ষমতা দেখাতে পুলিশ এলোপাতাড়ি কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
এদিকে হামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি মুখের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগও সামনে এসেছে। স্থানীয়দের প্রশ্ন—যাদের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠছে, তাদের কর্মকাণ্ড ও সম্পদের উৎস নিয়েও কি তদন্ত হওয়া প্রয়োজন নয়?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মিতালী কচিকাঁচার মেলার আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং ২০২৫ ও ২০২৬ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় নলতা জেলা পরিষদ অডিটরিয়ামে অত্যন্ত যাক জমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নলতা মিতালী কচিকাঁচা মেলার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাকি আল -বাকী’র সভাপতিত্বে ও শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জ্যোতি শংকর রায়, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় থেকে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ৫৪ ছাত্রছাত্রীদের মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে নলতা মিতালী কচিকাচা মেলার সাংস্কৃতিক টিমের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে নলতা কজেল সংলগ্ন ইউনিয়ন বিএনপির অফিসের সামনে থেকে এর র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়, বাংলাদেশ জামাত ইসলামি নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান, আলহাজ্জ মোঃ রেজাউল ইসলামস নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন,নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম হোসেন,নলতা ইউনিয়ন বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, ছাত্রদল নেতা ইব্রাহিমসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপ্রান্তে মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের হাফেজ মোঃ হাবিবুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ