ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

বাঘায় নকল ওষুধের কারখানা সিলগালা, জরিমানা ও মুচলেকা গ্রহণ


বাঘায় নকল ওষুধের কারখানা সিলগালা, জরিমানা ও মুচলেকা গ্রহণ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযানটি সম্পন্ন হয়। বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালীন ভেজাল ওষুধ তৈরির অপরাধে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। একই সময়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কারখানায় মজুদ রাখা বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে নকল ওষুধ তৈরির কারখানাটি সিলগালা করে দেয়।

আরও পড়ুন: নওগাঁ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা মাহফুজুর রহমান

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ওষুধের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


মোদি সরকারের ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ

ভারতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বিদেশি সংস্থাগুলি থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে, এমন অভিযোগ করেছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের বক্তব্য অনুযায়ী, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ যুক্তরাষ্ট্রভিত্তিক দাতাদের কাছ থেকে এবং কৌশলবিদ আশুতোষ রাঙ্কা পাকিস্তানি রাজনীতিবিদদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘তাদের (সিজেপি) যে অননুমোদিত উৎস থেকে অর্থায়ন করা হচ্ছে, অর্থাৎ ভারতবিরোধী এনজিও এবং দেশের ভেতরে ও বাইরে থাকা ভারতবিরোধী বিভিন্ন সংগঠন থেকে, তার যথেষ্ট প্রমাণ রয়েছে।’

বিজেপির মুখপাত্র তুহিন এ সিনহা অভিযোগ করেছেন যে, দিল্লিতে উৎসবের সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সিজেপি এবং কংগ্রেস পরিকল্পিতভাবে আন্দোলন করছে, যা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এদিকে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। পুলিশ নিষেধাজ্ঞা অমান্য, অনুমতি ছাড়া যন্তর মন্তরে প্রবেশ এবং অন্য দলের সম্পত্তিতে অনধিকার প্রবেশের অভিযোগ তদন্ত করছে।

গত ১০ অক্টোবর শান্তিভঙ্গ না করার মুচলেকা দিয়ে ৫০ হাজার রুপির বন্ডে মুক্তি পেয়েছেন সৌরভ ও আশুতোষ।

তবে বিরোধীরা বিদেশি অর্থায়নের অভিযোগ অস্বীকার করেছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে প্রশ্ন তুলেছেন, কেন বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রীরা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছেন না? তিনি গোয়েন্দা সংস্থা আইবি ও র-এর ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন।

কংগ্রেস, বিজেপি এবং আরএসএসের অর্থায়ন নিয়ে প্রকাশ্যে বিতর্কের প্রস্তাবও দিয়েছেন খাড়গে। প্রয়োজনে আরএসএস প্রধান মোহন ভাগবতকে সেই আলোচনায় মধ্যস্থতার জন্য আহ্বান জানান তিনি।

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো জনতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো জনতা

জয়পুরহাটে একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে আশিফ হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দুর্ঘটনার সময় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিতে ভাঙচুর করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ‘জে আর পরিবহন’ নামের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পরপরই বাসের যাত্রী ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং বাসটিতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। এর ফলে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নীলফামারী সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী মোছা. তামান্না ইয়াসমিন।

চেক বিতরণ শেষে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগ স্থানীয় কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "নীলফামারী সরকারি কলেজে আমাদের কোনো বাস নেই। অথচ এখানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। আমি এনসিসি ব্যাংকের বোর্ডের কাছে কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাসের অনুরোধ জানিয়েছিলাম। তারা আমাদের অনুরোধ গ্রহণ করেছেন এবং বাসটি প্রদানের প্রক্রিয়া শুরু করেছেন।"

এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সামসুল আরেফিন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েমসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজারের সাক্ষাৎ

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি এ্যাডভাইজার ড. চার্লস রীড, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সাক্ষাৎ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের ডেপুটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স এ্যাডভাইজার শাহনাজ করিম, সোশ্যাল ডেভেলপমেন্ট এ্যাডভাইজার তাহেরা জাবীন, এফওআরবি প্রজেক্টের ন্যাশনাল কো-অর্ডিনেটির রুহী নাজ এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায় উপস্থিত ছিলেন।

ড. চার্লস রীড এবং ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সদস্যরা সাক্ষাৎকালে বলেন, সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত দুর্গাপূজায় বর্তমান সরকারের যে সহযোগিতা, নিরাপত্তা ও সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে, তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সরকারের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতা প্রশংসার দাবিদার। তারা উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় স্বাধীনতার পরিবেশকে আরও সুদৃঢ় করে।

তারা বলেন, সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের সুযোগ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সরকারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাংলাদেশ সরকারের এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়া, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদারে সংসদীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে একটি ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক পার্লামেন্টারি ককাস’ গঠনের বিষয়ে তারা ডেপুটি স্পিকারের সঙ্গে মতবিনিময় করেন।

ব্যারিষ্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সকল ধর্মের মানুষের উৎসব অত্যন্ত সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করি। আমাদের কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই। এ দেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করেছে। সকল ধর্ম ও বিশ্বাসের মানুষ এ দেশের সমান নাগরিক।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা সমুন্নত রাখতে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতা বিষয়ে পার্লামেন্টারি ককাস গঠন এক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ হতে পারে। এ ধরনের উদ্যোগ সংসদ সদস্যদের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং নীতি প্রণয়নে সহায়ক হবে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব যা সহনশীল সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমান সংসদে সকল সংসদ সদস্যের মতামত ও কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি বর্তমান সংসদের একটি গুরুত্বপূর্ণ চর্চা, যা অতীতে সেভাবে দেখা যায়নি। সংসদে ভিন্নমত ও বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে এই দেশের প্রতিটি মানুষ শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে; প্রত্যেক মানুষ তার ধর্মীয় বিশ্বাস ও মতাদর্শ স্বাধীনভাবে ধারণ ও পালন করতে পারবে এবং সকলের অধিকার ও মর্যাদা সমানভাবে সুরক্ষিত থাকবে।

উভয় পক্ষ ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মানবাধিকার, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সংসদীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং সংসদীয় কার্যক্রম, সুশাসন ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%