ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

সালমান শাহ হত্যা: সামীরা ও ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর


সালমান শাহ হত্যা: সামীরা ও ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ডিসেম্বর

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : চিত্রনায়ক সালমানশাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায়, বিচারক প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমানশাহের মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন: ৬৭ পুলিশ পরিদর্শক এসএসপি পদে পদোন্নতি পেলেন

মামলার আসামিরা হলেন— সালমানশাহের স্ত্রী সামীরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানশাহের মৃত্যুর পর, রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর সালমানশাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বোনের স্বামী কমর উদ্দীন আহমদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরানশাহ নিউ ইস্কাটনের বাসায় সালমানশাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান, সালমানের কিছু হয়েছে।

তখন দ্রুত তারা বাসায় ফিরে দেখেন যে সালমান শয়নকক্ষে নিথর পড়ে আছেন এবং কয়েকজন বহিরাগত নারী তার হাত-পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে সামীরার আত্মীয় রুবি বসে ছিলেন।

সালমানের মা চিৎকার করে তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। পথে তারা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

তারা সালমানশাহকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সালমানশাহ অনেক আগেই মারা গেছেন।

মোহাম্মদ আলমগীর এজাহারে আরও জানান, সালমানের পিতা কমর উদ্দীন আহমদ চৌধুরী তার মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। এতে তিনি রমনা থানার অপমৃত্যু মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ এবং সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান।

সালমানের পিতার মৃত্যুর পর তিনি তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে, প্রমাণ সাপেক্ষে তারা মামলার দায় থেকে অব্যাহতি পাবেন। এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমানশাহকে হত্যা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: গার্মেন্টস শিল্প ধ্বংসের জন্য আন্দোলন করছে সরকার: এমপি দিপু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় নকল ওষুধের কারখানা সিলগালা, জরিমানা ও মুচলেকা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


বাঘায় নকল ওষুধের কারখানা সিলগালা, জরিমানা ও মুচলেকা গ্রহণ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাঘা থানা পুলিশের সহযোগিতায় এই অভিযানটি সম্পন্ন হয়। বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালীন ভেজাল ওষুধ তৈরির অপরাধে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। একই সময়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কারখানায় মজুদ রাখা বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয় এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে নকল ওষুধ তৈরির কারখানাটি সিলগালা করে দেয়।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ওষুধের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি সরকারের ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


মোদি সরকারের ককরোচদের বিরুদ্ধে পাকিস্তানি যোগসূত্রের অভিযোগ

ভারতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বিদেশি সংস্থাগুলি থেকে অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে, এমন অভিযোগ করেছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের বক্তব্য অনুযায়ী, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ যুক্তরাষ্ট্রভিত্তিক দাতাদের কাছ থেকে এবং কৌশলবিদ আশুতোষ রাঙ্কা পাকিস্তানি রাজনীতিবিদদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘তাদের (সিজেপি) যে অননুমোদিত উৎস থেকে অর্থায়ন করা হচ্ছে, অর্থাৎ ভারতবিরোধী এনজিও এবং দেশের ভেতরে ও বাইরে থাকা ভারতবিরোধী বিভিন্ন সংগঠন থেকে, তার যথেষ্ট প্রমাণ রয়েছে।’

বিজেপির মুখপাত্র তুহিন এ সিনহা অভিযোগ করেছেন যে, দিল্লিতে উৎসবের সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সিজেপি এবং কংগ্রেস পরিকল্পিতভাবে আন্দোলন করছে, যা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এদিকে, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। পুলিশ নিষেধাজ্ঞা অমান্য, অনুমতি ছাড়া যন্তর মন্তরে প্রবেশ এবং অন্য দলের সম্পত্তিতে অনধিকার প্রবেশের অভিযোগ তদন্ত করছে।

গত ১০ অক্টোবর শান্তিভঙ্গ না করার মুচলেকা দিয়ে ৫০ হাজার রুপির বন্ডে মুক্তি পেয়েছেন সৌরভ ও আশুতোষ।

তবে বিরোধীরা বিদেশি অর্থায়নের অভিযোগ অস্বীকার করেছে। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে প্রশ্ন তুলেছেন, কেন বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রীরা অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছেন না? তিনি গোয়েন্দা সংস্থা আইবি ও র-এর ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন।

কংগ্রেস, বিজেপি এবং আরএসএসের অর্থায়ন নিয়ে প্রকাশ্যে বিতর্কের প্রস্তাবও দিয়েছেন খাড়গে। প্রয়োজনে আরএসএস প্রধান মোহন ভাগবতকে সেই আলোচনায় মধ্যস্থতার জন্য আহ্বান জানান তিনি।

সূত্র: এনডিটিভি

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো জনতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


জয়পুরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন দিলো জনতা

জয়পুরহাটে একটি বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে আশিফ হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দুর্ঘটনার সময় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিতে ভাঙচুর করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ‘জে আর পরিবহন’ নামের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পরপরই বাসের যাত্রী ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং বাসটিতে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। এর ফলে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নীলফামারী সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী মোছা. তামান্না ইয়াসমিন।

চেক বিতরণ শেষে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিসি ব্যাংকের উদ্যোগে আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগ স্থানীয় কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "নীলফামারী সরকারি কলেজে আমাদের কোনো বাস নেই। অথচ এখানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী রয়েছে। আমি এনসিসি ব্যাংকের বোর্ডের কাছে কলেজের শিক্ষার্থীদের জন্য একটি বাসের অনুরোধ জানিয়েছিলাম। তারা আমাদের অনুরোধ গ্রহণ করেছেন এবং বাসটি প্রদানের প্রক্রিয়া শুরু করেছেন।"

এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সামসুল আরেফিন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েমসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%