ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের কোন একাডেমি ৪ খলিফার নামে হবে কি-না অন্যদেশ সেই প্রশ্ন তোলার কে?


বাংলাদেশের কোন একাডেমি ৪ খলিফার নামে হবে কি-না অন্যদেশ সেই প্রশ্ন তোলার কে?


কোন দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো বা মন্তব্য করা কোন একটি স্বাধীন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপের শামিল। দীর্ঘদিন থেকে অভ্যাসবশত এমন মন্তব্য শুনে আসছে বাংলাদেশ। কিন্তু তা সীমালংঘন করে যেন কোন স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের প্রতি সৌজন্যতা বোধ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখাও জরুরি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামরিক বাহিনীর নতুন একাডেমিগুলোর নাম ইসলামের চার খলিফা—হযরত আবু বকর (রা.), হযরত ওমর (রা.), হযরত ওসমান (রা.) ও হযরত আলী (রা.)—এর নামে রাখা নিয়ে ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে আসে: একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তার নিজস্ব প্রতিষ্ঠান, ঐতিহ্য, সংস্কৃতি বা ইতিহাসের আলোকে কী নাম দেবে, সে বিষয়ে মন্তব্য করার নৈতিক বা কূটনৈতিক অধিকার অন্য কোনো রাষ্ট্রের কোথায়?

বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। সংবিধান, জনগণের ইচ্ছা এবং রাষ্ট্রের নিজস্ব নীতির ভিত্তিতেই এখানে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো সামরিক একাডেমির নাম কী হবে, কোথায় মসজিদ হবে, কোথায় মন্দির হবে কিংবা রাষ্ট্র কোন দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক গড়ে তুলবে—এসব প্রশ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম মৌলিক নীতি হলো অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ না করা। কিন্তু দক্ষিণ এশিয়ার বাস্তবতা বারবার ভিন্ন চিত্রই তুলে ধরেছে।

ভারত বহুদিন ধরেই "Neighbourhood First" নীতির কথা বলে আসছে। কিন্তু শুধু নীতির ঘোষণা দিলেই হয় না; প্রতিবেশীদের সঙ্গে আচরণেই সেই নীতির সত্যতা প্রমাণিত হয়। বাস্তবে বিভিন্ন সময়ে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা অন্যান্য প্রতিবেশী দেশকে ঘিরে যে বিতর্ক, কূটনৈতিক টানাপোড়েন এবং পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে, তা এই প্রশ্নকে আরও জোরালো করে—প্রতিবেশীদের প্রতি সম্মান দেখানো কি সত্যিই ভারতের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু?

একটি বড় রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার সামরিক সক্ষমতা নয়; বরং আত্মবিশ্বাস, সংযম এবং প্রতিবেশীদের আস্থা অর্জনের ক্ষমতা। ছোট রাষ্ট্রকে নির্দেশ দেওয়া, তাদের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা বা প্রতিটি অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা কখনোই আঞ্চলিক নেতৃত্বের পরিচয় হতে পারে না। বরং এসব আচরণ দীর্ঘমেয়াদে পারস্পরিক অবিশ্বাস বাড়ায় এবং সহযোগিতার ভিত্তিকে দুর্বল করে।
বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে দুই দেশের সম্পর্ক যেমন বহু ইতিবাচক অধ্যায় দেখেছে, তেমনি সীমান্তে প্রাণহানি, নদীর পানিবণ্টন, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য বৈষম্য এবং বিভিন্ন রাজনৈতিক মন্তব্যও দুই দেশের সম্পর্কে অস্বস্তির কারণ হয়েছে। এসব বাস্তবতা উপেক্ষা করে যদি আবারও বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে অযাচিত মন্তব্য করা হয়, তাহলে তা বন্ধুত্বের বার্তা নয়; বরং সন্দেহ ও দূরত্বই বাড়াবে যা নতুন বহুমেরু ভিত্তিক বিশ্বব্যবস্থায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ কার সঙ্গে বন্ধুত্ব করবে, নিজস্ব কূটনৈতিক সিদ্ধান্ত কিভাবে নেবে, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে কি পদক্ষেপ নেবে তা একান্তই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের নেওয়ার অধিকার রয়েছে। আধুনিক বিশ্ব জঙ্গলের জংলি শাসনে চলেনা, মানব সভ্যতার ইতিহাস যুগের সাথে তাল মিলিয়ে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রই নিজেকে সে অনুযায়ী নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে। কোন রাষ্ট্রে কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের নামে রাষ্ট্রের প্রতিষ্ঠান গড়ে তুলবে কিংবা নিজের জাতীয় পরিচয় কীভাবে তুলে ধরবে—এসব নির্ধারণ করার একমাত্র অধিকার সেই স্বাধীন সার্বভৌমত্ব দেশের তথা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের। এ সিদ্ধান্ত অন্য কারও অনুমোদনের অপেক্ষায় থাকে না। সে বিষয়ে মন্তব্য করাটাও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী।

আজকের বিশ্বে ভূরাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আঞ্চলিক প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি বৈশ্বিক শক্তিগুলোর প্রভাব বিস্তারের লড়াইও তীব্র হচ্ছে। এমন সময়ে প্রতিবেশীদের আস্থা অর্জন করা প্রতিটি রাষ্ট্রের জন্য কৌশলগত প্রয়োজন। কারণ কোনো রাষ্ট্রই একা স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না; আঞ্চলিক স্থিতিশীলতা গড়ে ওঠে পারস্পরিক সম্মান, সমতা ও সার্বভৌমত্বের স্বীকৃতির ভিত্তিতে।
ভারতেরও উচিত হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে নির্দেশদাতার দৃষ্টিভঙ্গি থেকে নয়, সমমর্যাদার অংশীদারের দৃষ্টিভঙ্গি থেকে দেখা। বন্ধুত্ব চাপিয়ে দেওয়া যায় না; তা অর্জন করতে হয়। আর সেই অর্জনের প্রথম শর্ত হলো—প্রতিবেশীর স্বাধীন সিদ্ধান্তকে সম্মান করা এবং অযাচিত মন্তব্য ও হস্তক্ষেপ থেকে বিরত থাকা।

বাংলাদেশ তার নিজস্ব পরিচয়ে এগিয়ে যাবে। সেই পথের দিকনির্দেশ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণই। প্রতিবেশীরা যদি সত্যিকারের বন্ধুত্ব চায়, তবে তাদের উচিত হবে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করা, সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক শ্রদ্ধাকেই ভবিষ্যৎ আঞ্চলিক সহযোগিতার ভিত্তি হিসেবে গ্রহণ করা। কারণ আধিপত্য কখনো দীর্ঘস্থায়ী বন্ধুত্ব সৃষ্টি করে না; সম্মানই পারে টেকসই সম্পর্কের ভিত্তি নির্মাণ করতে তা না হলে বর্তমান বহু মেরু বিশ্ব ব্যবস্থায় প্রতিবেশী দেশ হিসেবে ভারত যদি পূর্বের মতো আধিপত্যবাদী ধ্যান ধারণা বজায় রেখে চলতে চায় তাহলে তার ভবিষ্যৎ কি তা ভবিষ্যত-ই নির্ধারণ করবে-এমন কথা বলা মনে হয় অমূলক হবে না।
লেখকঃ সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মোল্লাহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ হাতেম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, জামায়াতের সেক্রেটারি হাফেজ মো. হেদায়েত উল্যাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওঃ মোঃ হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন এলাকায় ছোটখাটো অপরাধ, যানজট, বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “মোল্লাহাট উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তবে শুধু প্রশাসনের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। অপরাধ প্রতিরোধ ও একটি নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “বাল্যবিবাহ, মাদক, কিশোর অপরাধসহ সামাজিক সমস্যাগুলো রোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোথাও কোনো অনিয়ম বা অপরাধের তথ্য পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানাই।”

সভায় সর্বসম্মতিক্রমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কালিয়ায় মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কালিয়ায় মতবিনিময় সভা

আসন্ন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার এবং অন্যান্য অংশগ্রহণকারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরের সময় কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা সম্পন্ন হয়। কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় পরীক্ষার নীতিমালা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সারাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার সুমন সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার প্রস্ফূট কুমার মন্ডলসহ অনেকে।

উক্ত সভায় আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা- ২০২৬ এর কালিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কক্ষ প্রত্যবেক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


জনগণের ন্যায়বিচার নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আজ পুলিশ সদরদপ্তরে ভার্চুয়াল মাধ্যমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করা হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। এছাড়া, এতে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

মামলা তদন্তে তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়ে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, পেশাদারিত্বের সাথে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে। তিনি পুলিশ সদস্যদেরকে জানিয়েছেন, অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজেদের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিনটি মেট্রোপলিটন এবং রেঞ্জের কর্মকর্তাগণের সাথে অনুষ্ঠিত হয় এবং আজ দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভার চলতি বছর মে মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


শেষ ষোলোর টিকিটের লড়াইয়ে মুখোমুখি নরওয়ে-আইভরি কোস্ট

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে নরওয়ে ও আইভরি কোস্ট মাঠে নেমেছে। মঙ্গলবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে।

 

প্রথমবারের মতো আইভরি কোস্ট এই বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে নামছে। এদিকে, সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে, নরওয়ের লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে যাওয়া। কাগজ-কলমের দিক থেকে নরওয়েই ফেভারিট। ফিফা র‍্যাঙ্কিংয়ে আইভরি কোস্টের তুলনায় নরওয়ে এগিয়ে রয়েছে। লাইভ র‍্যাঙ্কিংয়ে নরওয়ে ২৩ নম্বরে অবস্থান করছে, অন্যদিকে আইভরি কোস্টের অবস্থান ৩১ নম্বরে।

 

আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে মন্তব্য করেন, ‘আমাদের শক্তির মূল জায়গা হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য দারুণ কার্যকর। বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও ম্যাচে বড় ভূমিকা রাখতে সক্ষম।‘

 

যদিও আত্মবিশ্বাসী, তবে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখেছেন ফায়ে, ‘ওরা খুবই গোছানো দল। ব্যক্তিগতভাবে সবাই দারুণ এবং সুযোগ পেলেই গোল করতে পারে। কিন্তু আমাদেরও শারীরিক শক্তি রয়েছে। আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’

 

ম্যাচের আগে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেছেন, ‘আমাদের ওদের শারীরিক শক্তির সঙ্গে টেক্কা দিতে হবে। কারণ তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে এবং যে দল একটু ভাগ্যের সহায়তা পাবে তারাই জিতবে।’

 

এই ম্যাচের বিজয়ী দল শেষ ১৬-এর লড়াইয়ে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%